
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ভারতের বিপক্ষে দেশের মাটিতে কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেললেও কখনই টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। অবশেষে প্রতিবেশী দেশটির বিপক্ষে চলতি বছর প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ভারতের বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।
আগামী ১৩ বাংলাদেশ সফরের শুরু হবে ভারতের, সেদিন ঢাকায় পা রাখবে ভারত দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই ম্যাচ রাখা হয়েছে তিনটি করে।
আগামী ১৭ আগস্ট ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে। এর তিন দিন পর হবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, ২৩ আগস্ট।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও হবে একই ভেন্যুতে, আগামী ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে আবার মিরপুরে। এই ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট।
ভারত দল শেষবার বাংলাদেশ সফরে এসেছিল ২০২২ সালে। সেবার দুই দল অংশ নিয়েছিল টেস্ট ও ওয়ানডে সিরিজে। আর বাংলাদেশ দল ভারত সফরে গিয়েছিল গত বছর, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।
No posts available.
৪ মার্চ ২০২৬, ৮:০৮ পিএম
৪ মার্চ ২০২৬, ৪:০১ পিএম

চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষের ম্যাচে দর্শক বিশৃঙ্খলার কারণে লিভারপুলের সঙ্গে শেষ ষোলোর দ্বিতীয় লেগে গালাতাসারাইয়ের সমর্থকদের অ্যানফিল্ডে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানায় ইউয়েফা।
ইউয়েফা জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি তুরিনে শেষ ষোলোর প্লে-অফের দ্বিতীয় লেগে তুর্কি ক্লাবটির সমর্থকেরা মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং আতশবাজি জ্বালান।
জুভেন্টাসের বিপক্ষে ৩-২ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে ওঠে গালাতাসারাই। আগামী মঙ্গলবার ইস্তাম্বুলে প্রথম লেগে তারা স্বাগত জানাবে লিভারপুলকে। আর ১৮ মার্চ অ্যানফিল্ডে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
ইউয়েফা গালাতাসারাইকে অ্যাওয়ে ম্যাচের জন্য সমর্থকদের কাছে টিকিট বিক্রি করতে নিষেধ করেছে। পাশাপাশি ৪০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাদের।
এক বিবৃতিতে গালাতাসারাই জানিয়েছে, এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে তারা।

এএফসি এশিয়ান কাপে প্রথমবার খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের সঙ্গে দুই গোলের ব্যবধানে হারলেও প্রশংসা কুড়িয়েছে আফঈদা খন্দকারদের ভয়ডরহীন ফুটবল। উত্তর কোরিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে রিকভারি ট্রেনিং সেশনে বেশ ফুরফুরে ছিলেন বাংলাদেশ নন্দিনীরা।
সিডনির জুবিলি স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া সোয়া ঘণ্টার এই সেশনে দুই ভাগে ভাগ হয়ে অনুশীলন করেন আফঈদারা। গত ম্যাচে ৬০ মিনিটের বেশি সময় মাঠে থাকা ফুটবলারদের জন্য ছিল ফিটনেস কোচের অধীনে হালকা মোবিলিটি ও রিজেনারেশন এক্সারসাইজ।
যারা কম সময় মাঠে ছিলেন কিংবা বদলি হিসেবে নেমেছেন তাদের ৪৫ মিনিটের বিশেষ ড্রিল করান কোচ পিটার বাটলার। অনুশীলন শেষে পেশীর ক্লান্তি দূর করতে ফুটবলাররা আইস রিকভারি প্রোটোকল অনুসরণ করেন।
বুধবার বিকেলে ফুটবলারদের জিম সেশন রাখা হয়নি। মানসিক সতেজতার জন্য সিডনির আইকনিক অপেরা হাউস এবং রয়্যাল বোটানিক গার্ডেন ঘুরে দেখার সুযোগ পান তারা। সিডনির মনোরম পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আগামীকালের অনুশীলনের জন্য প্রস্তুতি নেবেন তারা।
কাল আবারও একই মাঠে এক ঘণ্টা ব্যাপী অনুশীলন করবে বাংলাদেশ দল। পরদিন (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল আটটায় উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
বুধবার এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, দলের খেলোয়াড়েরা সুস্থ রয়েছেন। শারীরিক ধকল ছাড়া বড় কোনো চোট নেই। দলের ফিজিওথেরাপিস্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখছেন ফুটবলারদের।

মাইকেল ক্যারিক যোগদানের পর ম্যানচেস্টার ইউনাইটেডের চেহারা বদলে গেছে। সবশেষ টানা সাত ম্যাচে হার নেই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ১৩ বার শিরোপাজয়ীদের। টেবিলের তিনে তাদের অবস্থান। শীর্ষে থাকা আর্সেনাল থেকে ১৩ পয়েন্ট দূরে তারা। আত্মবিশ্বাস তুঙ্গে থাকা ম্যান ইউনাইটেডের ম্যানেজার বলছেন, টাইটেল জেতা অসম্ভব কিছু নয় তাদের!
২০২৫-২৬ মৌসুমে এখনও ১০ ম্যাচ বাকি ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবের। এখান থেকে মিকেল আরতেতার দলকে ছোঁয়া অসম্ভব বটে! তবে শিষ্যদের প্রতি তুমুল বিশ্বাস ৪৪ বর্ষী ক্যারিকের। শিরোপার লড়াইয়ে ‘রেড ডেভিলস’রা চ্যালেঞ্জ ছুঁড়তে পারবে—এই সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি তিনি।
ম্যানেজার হিসেবে (দুই দফা মিলিয়ে) নয়টি লিগ ম্যাচে তিনি পেয়েছেন ২৩ পয়েন্ট—৭ জয় ও ২ ড্র। জানুয়ারিতে রুবেন আমোরিমের জায়গায় দায়িত্ব নেওয়ার পর সাত ম্যাচে ইউনাইটেডের জয় ৬টি, ড্র একটি। লিগ ইতিহাসে প্রথম ৯ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়ার নজির এটিই যৌথ সেরা।
বৃহস্পতিবার নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচ ম্যান ইউনাইটেডের। শীর্ষ দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর ক্ষেত্রে এই ম্যাচ বড় ভূমিকা রাখবে। তার মধ্যে চারে থাকা অ্যাস্টন ভিলা সবশেষ ম্যাচে ওলভসের বিপক্ষে হেরেছে। ওলভস আবার পাঁচে থাকা লিভারপুলকেও হারিয়ে দিয়েছে চমক দিয়েছে।
শীর্ষ দল থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে থেকেও আশাবাদী ক্যারিক। তিনি বলেন,
“ফুটবলে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। তবে আমাদের বাস্তবতাও বুঝতে হবে। এখন আমাদের লক্ষ্য একটাই—জিততে থাকা। আমাদের ওপরে দুটি অসাধারণ দল আছে, আশপাশেও অনেক শক্তিশালী দলও রয়েছে।’’
টেবিলে আগে পিছে যেমন দলই থাকুক না কেন, অস্বীকার করার উপায় নেই দুর্দান্ত পারফরম্যান্স করছে রেড ডেভিলসরা। ক্যারিকের অধীনে একের পর এক জয় তুলে সমর্থকদের আশা দেখাচ্ছে দলটি।
ক্যারিক বলেন,
“আমরা ভালো ছন্দে আছি। কিন্তু বাড়াবাড়ি রকম উচ্ছ্বসিত হচ্ছি না। বাস্তবতা হলো, এটা সম্ভব করতে হলে আরও অনেক ম্যাচ জিততে হবে।”
দলের এই উন্নতির পর আলোচনা চলছে—চ্যাম্পিয়নস লিগে জায়গা করে দিতে পারলেই কেবল স্থায়ীভাবে দায়িত্ব পেতে পারেন ক্যারিক। তবে গণমাধ্যমে ইউনাইটেডের সম্ভাব্য ম্যানেজার হিসেবে ঘুরে ফিরে যাদের নাম উচ্চারিত হচ্ছে সেই তালিকায় রয়েছে তার নাম। পাশাপাশি আলোচনায় রয়েছেন—ওলিভার গ্লাসনার, গ্যারেথ সাউদগেট ও জুলিয়ান নাগেলসম্যান।
ম্যান ইউনাইটেডে নিজের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে ক্যারিক বলেন,
“সত্যি বলতে এ নিয়ে বলার মতো তেমন কিছু নেই। আমি এখানে থাকতে ভালোবাসি, কাজটা উপভোগ করছি। শুরু থেকেই বলেছি স্বল্পমেয়াদি বা তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেব না। জয় পেলে সবকিছু সহজ হয়, আর ছেলেরা দারুণ করছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখা যাক। এর বেশি এই মুহূর্তে বলার মতো কিছু নেই।”

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, পাকিস্তানের বিপক্ষে সামনের ওয়ানডে সিরিজে সফল হতে হলে ব্যাটিংয়ে, বিশেষ করে মিডল ওভারে উন্নতি আনতে হবে দলের।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের পর তিনি বলেন, গত ১০-১২টি ওয়ানডেতে বাংলাদেশ পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি, যা বড় উদ্বেগের বিষয়।
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আগে চলতি বছর ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশের। এর প্রস্তুতির অংশ হিসেবেই এখন থেকেই নিজেদের ঘাটতি চিহ্নিত করে কাজ শুরু করতে চান শান্ত।
আরও পড়ুন
| গাভাস্কারের চোখে ভারতকে কাঁপিয়ে দিতে পারে যে ইংলিশ ‘অস্ত্র’ |
|
তার মতে, ওয়ানডেতে ভালো করতে হলে টি-টোয়েন্টির অতি আগ্রাসী মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অতিরিক্ত স্ট্রাইক রেটের চিন্তা না করে ইনিংস গড়া এবং দীর্ঘ সময় ব্যাটিং করাই হওয়া উচিত মূল লক্ষ্য।
“ব্যাটিং ইউনিট হিসেবে শেষ দশ-বারোটি ওয়ানডেতে আমরা ৫০ ওভার ঠিকভাবে ব্যাটিং করতে পারিনি। বিশেষ করে মিডল ওভারে কীভাবে ভালো ব্যাটিং করব এবং ইনিংস শেষ করব- এটা আমাদের জন্য চিন্তার জায়গা।”
বিসিএল নিয়েও হতাশা প্রকাশ করেন শান্ত। তার মতে, চারটি দলেই অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন, যাদের অনেকেই ৫০-৭০টি ওয়ানডে খেলেছেন। তবুও ব্যাটিংয়ে ধারাবাহিকতা ছিল না, আসেনি প্রত্যাশিত সেঞ্চুরি, ৫০ ওভার আধিপত্যও দেখা যায়নি।
“এমন পরিস্থিতিতে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও ধারাবাহিক হওয়া উচিত ছিল। আরও সেঞ্চুরি আসা উচিত ছিল, ৫০ ওভার দাপট দেখানো উচিত ছিল- যা হয়নি।”
আন্তর্জাতিক ক্রিকেটেও একই সমস্যা দেখা যাচ্ছে বলে মনে করেন শান্ত। সামনে পাকিস্তান সিরিজকে সামনে রেখে এই দুর্বলতা কাটিয়ে ওঠাকে গুরুত্বপূর্ণ বলছেন তিনি। যদিও সিরিজের আগে একটি ভালো টুর্নামেন্ট খেলা হয়েছে, যা কিছুটা আত্মবিশ্বাস জোগাবে বলেও আশা তার।
এর আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ছিল বাংলাদেশ। তবে নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি দল। দীর্ঘ সময় টি-টোয়েন্টি ফরম্যাটে মনোযোগ দেওয়ার প্রভাব ওয়ানডে ব্যাটিংয়ে পড়েছে বলেই মনে করেন শান্ত।
“গত এক-দেড় বছরে আমরা অনেক টি-টোয়েন্টি খেলেছি। তাই হয়তো ব্যাটসম্যানদের মাথায় সব সময় স্ট্রাইক রেট ও বড় শটের চিন্তা থাকে। কিন্তু বিশেষ করে মিডল ওভারে নতুন বল সামলানো, উইকেট না হারানো এবং স্ট্রাইক রোটেট করে ইনিংস গড়া- এসব জায়গায় আমরা প্রায় ম্যাচেই পিছিয়ে থাকছি।”

গোলপোস্টের নিচে রুপনা চাকমাকেই দেখার অপেক্ষায় ছিলেন সবাই। এশিয়ান কাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞ এই গোলকিপারের ওপরেই তো ভরসা রাখার কথা বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারের। তবে ইংলিশ মাস্টারমাইন্ড যে প্রায়ই ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করেন, সেটা আরেকবার প্রমান দিলেন মিলি আক্তারে আস্থা রেখে। আর কোচের আস্থার প্রতিদান ময়মনসিংহ এর মেয়ে যেভাবে দিলেন, তাতে কেবল বাংলাদেশ নয়, ভড়কে যায় নারী এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনও।
অস্ট্রেলিয়া সফরের আগে রুপনার পারফরম্যান্স মন্দ বলার কোনো সুযোগই নেই। লিগে এক ম্যাচেও তিনি গোল হজম করেননি। সবগুলোতেই রেখেছেন ক্লিন শিট। তবু চীনের বিপক্ষে প্রথম পছন্দের গোলকিপার ছিলেন না তিনি। উল্টো তাঁর পরিবর্তে খেলালেন মিলি আক্তার। যে মিলি এশিয়ান কাপের সবেচেয়ে সফল দল চীনের সামনেই দৃঢ়তা দেখালেন চীনের বিখ্যাত প্রাচীরের মতো।
অবশ্য কোচ পিটার বাটলার হঠাৎ করেই মিলিকে গোলপোস্ট সামলানোর গুরুদায়িত্ব নেওয়ার মতো সিদ্ধান্ত নেননি। ১৯ বছর বয়সী এই গোলকিপারকে চীনের বিপক্ষে খেলানোর পরিকল্পনা ছিল নাকী দুই মাস আগের। চীনের শক্তিমত্তার আর দূর্বলতার জায়গা বের করে মিলিকে তৈরি করেছেন বাংলাদেশ নারী দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ।
চীনের বিপক্ষে ম্যাচের পর আজ রিকভারি সেশন করেছে বাংলাদেশের মেয়েরা। চীনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর গ্রুপপর্বে আফঈদা খন্দকারদের সামনে এশিয়ান কাপের আরেক পরাশক্তি উত্তর কোরিয়া। এই ম্যাচের আগে আজ রিকভারি সেশনে সংবামাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের গোলকিপিং কোচ। চীনের বিপক্ষে মিলিকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
প্রধান কোচ বাটলারের সঙ্গে আলোচনা করেই নাকি মিলিকে খেলোনোর কৌশল সাজান গোলকিপিং কোচ মাসুদ, ‘আসলে মিলিকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল আরও দুই মাস আগে থেকেই। চীনের বিপক্ষে তাকে শুরুর একাদশে খেলানোর সিদ্ধান্ত আমরা দুই মাস আগে প্রধান কোচের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করেছি। নারী লিগ চলাকালীন, আমাদের ঘরোয়া নারী লিগ ও অনুশীলন সেশনগুলোতেও আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’
ম্যাচের পর নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলা মিলির কণ্ঠেও ছিল একই সুর, ‘চীনের বিপক্ষে যে খেলবেন তা দেশে থাকতেই জানতেন মিলি, ‘আসলে আমরা এই ম্যাচটার জন্য অনেক পরিশ্রম-কষ্ট করছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, সে জন্য আজকে পেরেছি এতগুলো সেভ দিতে। প্রথমে ধন্যবাদ দেব আমার গোলকিপার কোচ উজ্জ্বল স্যারকে। উনিও আমার পেছনে অনেক শ্রম দিয়েছেন।’
বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হওয়ার ম্যাচে ১১ টি অনটার্গেট শটের মধ্যে ৮ টি শটই ঠেকিয়ে দেন মিলি। র্যাঙ্কিংয়ের ৯৫ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে কখনোই স্নায়ুচাপে ভুগতে দেখা যায়নি। রুপনা থেকে মিলির উচ্চতাও বেশি। বাংলাদেশের মেয়েদের থেকে উচ্চতায় অনেকটাই এগিয়ে থাকা চীনকে রুখতে সেটাই কাজে লাগায় বাংলাদেশ। মাসুদ বলেন, চীনের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করে দেখেছি, কোথায় মিলির উচ্চতাকে কাজে লাগানো যায়। আর মিলি ইতিমধ্যেই প্রমাণ করেছে, সে এই পর্যায়ে খেলতে সক্ষম ‘
ময়মনসিংহ থেকে উঠে আসা মিলিকে প্রশংসায় ভাসান কোচ বাটলারও, ‘বাংলাদেশের নারী ফুটবল গোলকিপিংয়ের দিক থেকে দীর্ঘ সময় ধরে ভুগেছে। আমার মনে হয় মিলি আজ রাতে অসাধারণ খেলেছে। সে কিছু ভুল করেছে এবং সামনেও ভুল করবে, কিন্তু আমার মতে সে অনেক ভালো করেছে। আমার ভাবনার পেছনে কারণ এটাই ছিল যে, আমি দলে একটা নতুনত্ব আনতে চেয়েছিলাম। আর এ ধরনের সিদ্ধান্ত নিতে আমি মোটেও ভয় পাই না।’