৫ মে ২০২৬, ১:০০ পিএম

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার ছিল প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা। যেখানে জয়লাভ করে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার, স্টার নিউজ, চ্যানেল আই, দীপ্ত টিভি, ক্রিকফ্রেঞ্জি, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর ও দৈনিক কালবেলা।
তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ দিনে আট ম্যাচের তিনটিতে ফল আসে টাইব্রেকারে।
বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাডি লড়াইয়ের পর গোলশূন্য ড্র থাকে স্টার নিউজ ও এখন টিভির ম্যাচ। পরে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় স্টার নিউজ। দলের গোলরক্ষক আশফাক উল মুশফিক ম্যাচ সেরা নির্বাচিত। অন্য ম্যাচে ঢাকা পোস্টকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় দ্য ডেইলি স্টার। ম্যাচসেরার পুরস্কার জেতেন গোলরক্ষক শামসুল আরেফিন আবির।
গোলের দেখা মেলেনি আর টিভি ও দীপ্ত টিভির মধ্যকার ম্যাচেও। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে যায় দীপ্ত টিভি। ম্যাচ সেরা হন মির্জা সাকিব। পরে বাংলাভিশনকে ২-০ গোলে হারায় চ্যানেল আই। ম্যাচ সেরা নির্বাচিত হন আব্দুল্লাহ আল নওফেল।
জাগোনিউজ২৪কে ২-১ গোলে হারিয়েছে দৈনিক কালের কণ্ঠ। ম্যাচ সেরা নির্বাচিত হন তৌকির আহমেদ। চ্যানেল টোয়েন্টিফোরের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ক্রিকফ্রেঞ্জি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কাওসার শান্ত।
তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে এনটিভিকে ২-১ হারিয়েছে দৈনিক কালবেলা। ম্যাচ সেরা হন শাহরিয়ার। দিনের শেষ ম্যাচে দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে দৈনিক যুগান্তর। জোড়া গোল করে ম্যাচ সেরা সাদ্দাম হোসেন ইমরান।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাঈদ হাসান কানন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্যাচার্য, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, বিএসজেএ সাবেক সভাপতি এটিএম সাইদুজ্জামান, সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন।
বুধবার হবে কোয়ার্টার-ফাইনালের লড়াই।
No posts available.
৪ মে ২০২৬, ৯:০২ পিএম

সান্তোস ক্লাবের অন্দরমহলে চরম অস্থিরতা। ১৮ বছর বয়সী সতীর্থ রবিনহো জুনিয়রকে শারীরিক লাঞ্ছনা ও গালিগালাজ করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ব্রাজিলের ক্লাবটি।
ইএসপিএন এবং গ্লোবো স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, রোববারের অনুশীলনে নেইমারকে ড্রিবল করে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন রবিনহো জুনিয়র। বিষয়টিকে নিজের প্রতি অসম্মান হিসেবে ধরে নেন ৩৪ বছর বয়সী নেইমার।
মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একপর্যায়ে কথা চলার মাঝখানে নেইমার প্রথমে রবিনহোকে ল্যাং মেরে ফেলে দেন এবং পরবর্তীতে তাকে চড় মারেন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন।
রবিনহো জুনিয়র এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। ক্লাবের কাছে তিনটি অভিযোগ জমা দিয়েছেন এবং ক্লাবে ন্যূনতম নিরাপত্তার অভাব উল্লেখ করে নিজের চুক্তি বাতিলের আবেদন জানিয়েছেন।
সান্তোস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাব এই অভিযোগ সম্পর্কে অবগত এবং তাৎক্ষণিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের আইন বিভাগ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।‘
ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে নেইমার ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়রকে ফোন করেছিলেন এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। রবিনহো জুনিয়রের বাবা রবিনহোর সঙ্গে একসময় ব্রাজিল জাতীয় দলে একসাথে খেলেছেন নেইমার।
এই বিতর্কের মাঝেই বুধবার ভোরে কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বে প্যারাগুয়ের দেপোর্তিভো রেকোলেটার মুখোমুখি হবে সান্তোস। তবে অধিনায়কের বিরুদ্ধে এমন তদন্ত চলায় ম্যাচে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ম্যানচেস্টার সিটি। কিন্ত হঠাৎই ম্যাচের চিত্র পাল্টে দিল এভারটন। ৬৮ থেকে ৮১—এই ১৩ মিনিটের ঝড়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল স্বাগতিকরা। তবে নাটকীয়তার শেষ তখনো বাকি। ইনজুরি টাইমে জেরেমি ডোকুর দুর্দান্ত এক গোলে শেষ মুহূর্তে হার এড়িয়েছে সিটিজেনরা।
প্রিমিয়ার লিগে সোমবার রাতে এভারটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। লিগ শীর্ষে থাকা গানারদের চেয়ে এখন ৫ পয়েন্ট পিছিয়ে পড়ল পেপ গার্দিওলার শিষ্যরা।
এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য এখন পুরোপুরি আর্সেনালের হাতে। নিজেদের বাকি তিন ম্যাচের সবকটিতে জিতলে দীর্ঘ দুই দশক পর লিগ শিরোপা ঘরে তুলবে গানাররা।
এভারটনের মাঠে ম্যাচের ৪৩ মিনিটে জেরেমি ডোকুর দর্শনীয় এক কার্লিং শটে লিড নেয় সিটি। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়। স্বাগতিক দর্শকদের সামনে সিটির রক্ষণভাগ ভেঙে পড়তে শুরু করে।
৬৮ মিনিটে মার্ক গুয়েহির ভুল ব্যাকপাস থেকে গোল শোধ করেন থিয়ের্নো ব্যারি। ৫ মিনিট পরই জেমস গার্নারের কর্নার থেকে ও’ব্রায়েনের জোরালো হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় এভারটন। ৮১ মিনিটে ব্যারি নিজের দ্বিতীয় গোল করলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে সিটিজেনরা।
৮৩ মিনিটে গোলকিপারকে একা পেয়ে এক গোল শোধ করেন আর্লিং হালান্ড। এরপর শুরু হয় সিটির মরণপণ লড়াই। ইনজুরি টাইমে (৯০+৭) শেষ বাঁশি বাজার আগমুহূর্তে সিটিকে রক্ষা করেন ডোকু। কর্নার থেকে বল পাওয়ার পর ডি-বক্সের বাইরে থেকে তাঁর ডান পায়ের জোরালো শটে সমতায় ফেরে সিটি।
এই ড্রয়ের পর ৩৪ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আর্সেনাল। গানারদের পরবর্তী তিন ম্যাচ ওয়েস্ট হ্যাম, বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। সবগুলো ম্যাচ জিতলে কোন যদি কিন্তু ছাড়াই শিরোপা ঘরে তুলবে আর্সেনাল।

ইউয়েফা ইউরোপা লিগের সেমি-ফাইনাল ম্যাচ মাথায় রেখে মূল দলের বেশিরভাগ ফুটবলারকে বিশ্রাম দিলো নটিংহ্যাম ফরেস্ট। তবু পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারল না চেলসি। আরও একটি ম্যাচ হেরে ব্যর্থতার অধ্যায় আরও দীর্ঘায়িত করল পশ্চিম লন্ডনের ক্লাবটি।
নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার রাতে নটিংহ্যামের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। এই পরাজয়ে তাদের ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার আশা শেষ হয়ে গেছে। এছাড়া ইউরোপা লিগের টিকিটও শঙ্কায় পড়ে গেছে।
প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ৬ ম্যাচ হারল চেলসি। এই ৬ ম্যাচে তাদের গোল মাত্র একটি। নটিংহ্যামের বিপক্ষেই সেটি করল তারা। গত মার্চের শুরুতে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছিল ব্লুজরা। গত দুই মাসে আর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পায়নি ব্লুজরা।
টানা ৬ পরাজয়ের পর ৩৫ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে আছে চেলসি। সমান ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নটিংহ্যাম।
আগামী বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমি-ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে লড়বে নটিংহ্যাম। তাই প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে খেলতে এসে নিজেদের মূল একাদশের ৮ জনকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান ক্লাবটির কোচ ভিতর পেরেইরা।
প্রায় নতুন চেহারার দল নিয়ে গোল পেতে একদমই সময় লাগেনি নটিংহ্যামের। দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন তাইও আয়োনিয়ি। পরে ১৫ মিনিটে ইগোর হেসুস আরেকটি গোল করলে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় সফরকারীরা।
এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু কাজের কাজ হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধে ফিরে ৫২তম মিনিটে আবার জালের ঠিকানা খুঁজে নেন আয়োনিয়ি। ফলে স্কোরলাইন হয়ে যায় ৩-০ আর অনেকটাই নিশ্চিত হয়ে যায় নটিংহ্যামের জয়।
ম্যাচের একদম শেষ দিকে দারুণ ওভারহেড কিকে একটি গোল শোধ করেন হোয়াও পেদ্রো। যার ফলে টানা পাঁচ ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে একটি গোলের দেখা পায় চেলসি। তবে ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলেনি এই গোল।

হাভিয়ের কাবরেরার সঙ্গে ৪ বছরের সম্পর্কের ইতি টানার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ বাছাইয়ে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিন দিনের মধ্যে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের নতুন কোচ চূড়ান্ত করার আশা বাফুফের।
ফর্টিস ডাউনটাউন রিসোর্টে রোববার হয়েছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা। প্রায় দেড় ঘণ্টার সভা শেষে নতুন কোচ নিয়োগের ব্যাপারে সবশেষ তথ্য জানান ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্য শুরুতে অনেক আবেদন পড়লেও সেটিকে কমিয়ে ১২৩-এ আনে বাফুফে। পরে সেখান থেকে ধাপে ধাপে আরও কমিয়ে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন বাবু।
আরও পড়ুন
| বিএসজেএ মিডিয়া কাপের শেষ ১৬ চূড়ান্ত |
|
“আপনারা জানেন যে আমাদের সব দেশ থেকে কোচের সিভি পড়েছে। এর পরিপ্রেক্ষিতে সবশেষ ১২৩ ছিল। সেখান থেকে শর্ট করে করে একটি পর্যায়ে ৭৫, তারপরে আবার ৫৫। আজকে আমরা কমিটির যারা উপস্থিত ছিলাম- আমরা সকলেই একত্রিত হয়ে আমরা প্রতিটা সিভি আমরা দেখেছি। এটার মধ্যে থেকে সবচেয়ে শর্ট করে আমরা ১০ জনকে বাছাই করেছি।”
এই সংক্ষিপ্ত তালিকা থেকে তিন দিনের মধ্যে নতুন কোচ চূড়ান্ত করা হবে বলে জানান বাবু।
“আগামী তিন দিনের মধ্যে আমরা কাকে কোচ বাছাই করব সেটা চূড়ান্ত করে ফেলব। তিন দিন আমরা এই ১০ জনের সঙ্গে আমরা কথা বলব। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করব।”
সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের নাম জিজ্ঞেস করা হলে ৩ দিন অপেক্ষা করতে বলেন মিডিয়া কমিটি চেয়ারম্যান।
“এখানে আমি অনেক শর্ট করে দিয়েছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সবকিছু জানতে পারে। আপনারা এতদিন অপেক্ষা করছেন, আর তিনটা দিন অপেক্ষা করেন, কোচের নাম আমরা দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ।”
এসময় তিনি জানান, হেড কোচ চূড়ান্ত হওয়ার পর তার সঙ্গে পরামর্শ করেই গোলকিপিং কোচ নিয়োগ দেওয়া হবে।

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার দিয়ে মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮তম পরাজয়ের তিক্ত স্বাদ পেল লিভারপুল। শিরোপা ধরে রাখার অভিযানে এমন বিধ্বস্ত দশা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শেষে ডাচ ডিফেন্ডার সোজাসাপ্টা ভাষায় নিজের ক্ষোভ ও হতাশা উগরে দিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্সকে তিনি অভিহিত করেছেন ‘অগ্রহণযোগ্য’ হিসেবে।
ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে যায় লিভারপুল। ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা মেনে নেন ফন ডাইক।
আরও পড়ুন
| অনুশীলনে নেইমার ও রবিনহোর ছেলের হাতাহাতি |
|
“আমি এখানে অজুহাত দেখাতে আসিনি। এটা অত্যন্ত হতাশাজনক একটি মৌসুম, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের নিজেদের জন্য নিজেরা করুণা দেখানোর কোনো সুযোগ নেই।”
গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জেতা আর্নে স্লট শিষ্যরা এবার যেন খেই হারিয়ে ফেলেছে। লিগে এটি তাদের ১১তম হার। প্রিমিয়ার লিগের ইতিহাসে চ্যাম্পিয়ন হিসেবে এর চেয়ে বেশি হারের রেকর্ড আছে কেবল লেস্টার সিটির (২০১৬-১৭ মৌসুমে ১৮ হার)।
দলের এই ছন্দপতন নিয়ে ফন ডাইক বলেন, “আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। আগামী মৌসুমে যেন এমনটা আর না ঘটে, সেটা নিশ্চিত করা জরুরি। এটা সেই লিভারপুল নয়, যাকে সবাই চেনে।”
৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডার মনে করেন, মাঠের ফুটবলের পাশাপাশি পর্দার আড়ালেও অনেক কাজ করার বাকি আছে। সামনের বিশ্বকাপ শেষে ফিরে এসে ক্লাবের ভোল বদলে দেওয়ার প্রত্যয় জানান তিনি।
আরও পড়ুন
| তিন ম্যাচ আগেই ইতালির চ্যাম্পিয়ন ইন্টার |
|
“আমি এই ক্লাবটিকে ভালোবাসি। ভালো-মন্দ সব দিনেই আমি দলের পাশে আছি। তবে সামনের মৌসুমের আগে পর্দার আড়ালে অনেক কাজ করতে হবে।”
লিভারপুলের সামনে এখন বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। হাতে থাকা শেষ ৩ ম্যাচ থেকে অন্তত ৪ পয়েন্ট প্রয়োজন তাদের। শীর্ষ চারের লড়াই নিয়েও সতর্ক ফন ডাইক।
“চ্যাম্পিয়নস লিগ খেলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক কারণে তো বটেই, পাশাপাশি আমরা ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে লড়তে চাই। কাজটা সহজ নয়, তবে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”