
বুয়েনস আইরেসের মোনুমেন্টাল স্টেডিয়াম যেন ভাসছিল আবেগে আর উদ্যাপনে। লিওনেল মেসি - আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অমলিন প্রতীক, বিশ্ব ফুটবলের রূপকথার চরিত্র, নিজ দেশের মাঠে শেষবারের মতো নেমেছিলেন সাদা-আকাশি জার্সি গায়ে। প্রতিপক্ষ ভেনেজুয়েলা, কিন্তু প্রতিপক্ষের রঙ-গন্ধ মিলিয়ে গিয়েছিল দর্শকদের আবেগে। চারদিক জুড়ে একটাই প্রকম্পিত শব্দ-মেসি, মেসি!
নিজ দেশের মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবার যখন মাঠে নামলেন, ভক্ত-সমর্থকদের মনে করিয়ে দিলেন তোমাদের একজন মেসি ছিলেন। সবুজ গালিচায় যাঁর শেষ তুলিতেও বাঁ পায়ের জাদুতে বুঁদ থাকতে হবে সবাইকে। বিদায়ী ম্যাচেও দিয়ে গেলের আবেগঘন জয় উপহার। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের চেয়েও মেসির বিদায়ী হিসেবে বিশেষ হয়ে ওঠা ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারাল আলবিসেলেস্তেরা।
জোড় গোল করেছেন মেসি, আরেকটি গোল লাউতারো মার্তিনেজের সৌজন্যে। বিপরীতে উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারেনি ভেনেজুয়েলা।
আরও পড়ুন
| দুইবারের ব্যর্থতা ভুলে ২০২৬ বিশ্বকাপ জয়ের লক্ষ্য জার্মানির |
|
তিন ছেলেকে নিয়ে অধিনায়ক মেসি নামলেন আর্জেন্টিনার পতাকা নিয়ে। ৪-২-২ ফরমেশন শুরু করেন স্কালোনি। শুরু থেকেই প্রেসিং ফুটবলে ভেনেজুয়েলার ওপর আধিপত্য দেখায় আর্জেন্টিনা।
ম্যাচের চতুর্থ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুনোর পাস থেকে জোরাল শট নেন আলভারেজ। ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কর্নারের বিনিমিয়ে। সেই কর্নার থেকেই হেডে অফসাইড গোল করেন নিকোলাস ওতামেন্দি। ২৬ মিনিটে মেসির শট বাঁ দিকে ডাইভ দিয়ে আবারও ভেনেজুয়েলাকে রক্ষা করেন রোমো। তার আগে তাগলিয়াফিকোর কোনাকুনি শটও ঠেকান তিনি।
তার একটু পরই মেসি লিড এনে দেন আর্জেন্টিনাকে। ৩৮ মিনিটে লম্বা করে বাড়ানো বল দারুণভাবে রিসিভ করে বক্সে মেসিকে পাস দেন হুলিয়ান আলভারেজ। সামনে ৩ জন ডিফেন্ডার ও গোলরক্ষককে অসাধারণ দক্ষতায় বোকা বানিয়ে কিছুটা পানেনকা শটে বল জালে জড়ান মহাতারকা। মুহূর্তেই যেন বিস্ফোরিত হয় মোনুমেন্টাল। গ্যালারিতে উপস্থিত তাঁর পরিবার, স্ত্রী-সন্তান, বাবা-মা সবার মুখে হাসি। মেসিময় স্লোগান আর মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত দর্শকেরা।
যোগ করা সময়ে আলমাদার শট ঠেকান রোমো। ৭২ মিনিটে আলভারেজের বদলি নেমে তিন মিনিট পরই জালের দেখা পান লাউতারো। মেসির ফ্রি কিক থেকে লেফট ইউং থেকে ক্রস করেন নিকো গঞ্জালেস। দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ইন্টার মিলান ফরোয়ার্ড।
৭৯ মিনিটে আলমাদার ক্রসে দারুণ ফিনিশিংয়ে ৩-০ ব্যবধান করেন মেসি। গোলটা যেন সবার কাছে উপহার— নিজ দেশের মাঠে বিদায়ের শেষ সই। ৮৮ মিনিটে প্রায় হ্যাটট্রিকই পেয়ে গিয়েছিলেন। অফসাইডের বাঁশিতে বাতিল হয় গোল।
আরও পড়ুন
| মেসির বিদায়ী ম্যাচে বিপদে পড়তে পারেন যারা |
|
শেষ বাঁশি বাজতেই সতীর্থরা ঘিরে ধরেন মেসিকে। স্টেডিয়াম জুড়ে একটাই স্লোগান— 'ওলে, ওলে ওলে, মেসি, মেসি'। আকাশে উড়ছে কনফেত্তি, গ্যালারিতে ঝরছে আবেগ। মেসিও নিজের আবেগ ভাগ করেন সতীর্থদের আলিঙ্গনে। তারপর ধীরে ধীরে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শেষবারের মতো বিদায় জানালেন দেশের মাঠে।
এ যেন এক অধ্যায়ের শেষ, অমরত্বের শুরু। এই ম্যাচ শুধু ফুটবল নয়, ইতিহাস হয়ে থাকবে। হয়তো বিশ্বকাপ বাছাইয়েরও শেষ ম্যাচ খেললেন মেসি। এই জয় আবেগের, স্মৃতির, এক নায়কের বিদায়ের।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। বিশ্বকাপের মূলপর্ব আগেই নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।
No posts available.
সাফল্যমন্ডিত ক্যারিয়ারে আরেকটি বড় অর্জনের হাতছানি লিওনেল মেসির সামনে। পেশাদার ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার খুব কাছে আর্জেন্টাইন মহাতারকা। আর মাত্র একটি গোল করতে পারলেই স্পর্শ করবেন দারুণ এই কীর্তি।
সেই সুযোগটা রোববার ভোরেই পেয়ে যাচ্ছেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শার্লটের মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচে এক গোল করতে পারলেই ৯০০ গোল পূর্ণ হবে মেসির।
এখন পর্যন্ত ক্লাব-আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ১ হাজার ১৪১ ম্যাচ খেলে ৮৯৯টি গোল করেছেন মেসি। এর মধ্যে জাতীয় দলের হয়ে তার গোল ১৯৬ ম্যাচে ১১৫টি। আর প্রায় ২০ বছরের ক্যারিয়ারে তিন ক্লাবের হয়ে ৯৪৫ ম্যাচে করেছেন ৭৮৪ গোল।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে কেটেছে মেসির ক্যারিয়ারের সিংহভাগ সময়। কাতালান ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ ম্যাচ। এছাড়া পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ ও ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৯২ ম্যাচে তার গোল ৮০টি।
এই ৮৯৯ গোল করার পথে ৬০টি হ্যাটট্রিক করেছেন মেসি। ফ্রি কিক থেকে করেছেন ৭০ গোল। আর পেনাল্টি থেকে পেয়েছেন ১১২টি গোল। ডান পায়ে তার ১১০টি, বাম পায়ে করেছেন ৭৫৫ গোল, হেড থেকে ৩০টি আর শরীরের অন্যান্য অংশ দিয়ে করেছেন ৪টি গোল।
দীর্ঘ এই যাত্রায় নতুন পাতা যুক্ত হবে শার্লটের বিপক্ষে একটি গোল করতে পারলেই। আর তা হলে বিশ্ব ফুটবলে ৯০০ গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার হয়ে যাবেন মেসি। এখন পর্যন্ত ৯৬৫ গোল করে সবার ওপরে ক্রিস্তিয়ানো রোনালদো।

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) এখন পর্যন্ত শীর্ষস্থানে যৌথভাবে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। প্রথম পর্ব শেষেও ছিল একই চিত্র। দ্বিতীয় পর্বে এসে নিজেদের প্রথম খেলায় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়েছে দুই দল। ১০ খেলায় সমান জয়, পরাজয় এবং ড্র নিয়ে ২১ পয়েন্ট শিরোপা রেসে থাকা দুই দলের। আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ একে অপরের। ১১তম রাউন্ডে বেলা পৌনে ৩ টায় লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে ফর্টিস। ম্যাচটি গড়াবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
চলতি মৌসুমের লিগের প্রথম দেখায় ফর্টিসকে ২-১ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। তবে ফেডারেশন কাপের খেলায় গত সেপ্টেম্বরে ১-১ ব্যবধানে ড্র করেছে দুই দল। কিংসের সঙ্গে পাওয়া এক পয়েন্টের সুবাদে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপ থেকে ভালো অবস্থানে ফর্টিস। আছে তালিকার শীর্ষে। ফেডারেশন কাপের দুইবারের চ্যাম্পিয়ন বুসন্ধরা কিংস টেবিলের চারে।
ফুটবল লিগ কয়েক বছর ধরে আধিপত্য বসুন্ধরা কিংসের। গত মৌসুমে কেবল মোহামেডান স্পোর্টিং ক্লাব শিরোপা জিতেছে। আগের পাঁচবারই টানা এই ট্রফি নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস। এবার ট্রফি পুনরুদ্ধারে তাদের সামনে বাধা ফর্টিস। ঘরের মাঠে সেই বাধা টপকে কিংস এগিয়ে যাবে কি না সেটি দেখার অপেক্ষায় সমর্থকেরা।
এদিকে বাংলাদেশের ফুটবলে যাত্রা শুরুর পর এত ভালো অবস্থানে আগে কখনও ছিল না ফর্টিস। প্রথমবারের মতো তারা শিরোপা জেতার স্বপ্ন দেখছে। সেজন্য বেশ উঠেপড়ে লেগেছে দলটি। মধ্যবর্তী দলবদলে তারা এনেছে বিদেশি খেলোয়াড়। শেষ পর্যন্ত সাবেক চ্যাম্পিয়নদের টপকে ফর্টিস এগিয়ে যেতে পারবে কি না সেটি সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক বিরতির আগে বাংলাদেশ ফুটবল লিগে আজ আছে আরও দুটি ম্যাচ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে মোকাবিলা করবে ঢাকা আবাহনী লিমিটেড। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আরামবাগ ক্রীড়া সংঘ। সবগুলো ম্যাচ দেখা যাবে বাফুফের ইউটিউব লাইভে।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না পেদ্রো নেতোর। বল বয়কে ধাক্কা দেওয়ার ঘটনায় ইউয়েফার তদন্তের মুখে থাকা এই তারকা এবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শাস্তি পেলেন।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে তাকে এক ম্যাচ বাড়তি নিষেধাজ্ঞা ও ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৩ লাখ টাকার বেশি) জরিমানা করা হয়েছে।
নতুন শাস্তির ফলে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেতোকে ছাড়াই মাঠে নামতে হবে ব্লুজদের।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে ৭০ মিনিটে মাঠ ছাড়ার সময় নেতো দ্রুত মাঠ ত্যাগ করতে ব্যর্থ হন ও ম্যাচ অফিশিয়ালদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এই ঘটনার জেরে একটি স্বতন্ত্র কমিশন শুনানির মাধ্যমে নেতোর অতিরিক্ত ১ ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ৪ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে লাল কার্ডের নিয়মিত এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন নেতো। নিষেধাজ্ঞা কাটিয়ে এফএ কাপে রেক্সহ্যাম এবং চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন।
পিএসজির বিপক্ষে এনজো ফার্নান্দেসের সমতাসূচক গোলে দারুণ এক অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছিলেন নেতো। তবে সেই ম্যাচেই এক বল বয়কে ধাক্কা দিয়ে নতুন বিতর্কের জন্ম দেন ২৬ বছর বয়সী এই তারকা।
যদিও ম্যাচ শেষে নেতো সেই বল বয়ের কাছে ক্ষমা চেয়েছেন এবং নিজের জার্সি উপহার দিয়ে বিষয়টি মীমাংসা করেছেন, তবুও ইউয়েফা এই ঘটনাটি গুরুত্বের সাথে নিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এখন তার বিরুদ্ধে আলাদাভাবে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে।
নিউক্যাসলের বিপক্ষে শনিবারের ম্যাচটি চেলসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগে সবশেষ ম্যাচে ৫-২ গোলে হারের পর মানসিকভাবে বিপর্যস্ত দলের জন্য নেতোর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে হারানো বড় এক ধাক্কা। কোচ লিয়াম রোসেনিয়রকে এখন আক্রমণভাগে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
বাড়তি নিষেধাজ্ঞা যোগ হওয়ায় নেতোকে এখন কেবল গ্যালারিতে বসেই দলের খেলা দেখতে হবে। এখন দেখার বিষয়, ইউয়েফার তদন্ত শেষে পর্তুগিজ এই তারকার জন্য আরও বড় কোনো শাস্তি অপেক্ষা করছে কি না।

ভারতের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দেশটির তরুণ ডিফেন্ডার রাভিন্দর সিং।
ভারতের ক্লাব নামধারি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার চলতি সপ্তাহে পাঞ্জাবে একটি স্থানীয় লিগ ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পাঞ্জাবের লুধিয়ানা জেলার মাজরি গ্রামের বাসিন্দা রভিন্দর ম্যাচ চলাকালীন বুকব্যথা নিয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে বুধবার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, নিজ গ্রামেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য, বন্ধু এবং সতীর্থ খেলোয়াড়রা শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
রভিন্দরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নামধারি এফসি এবং ইন্ডিয়ান ফুটবল লিগ। সামাজিক মাধ্যমে নামধারি এফসি লিখেছে,
‘আমাদের এক ফুটবলার রাভিন্দর সিংয়ের অকাল মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। এত অল্প বয়সে তার চলে যাওয়া ফুটবল পরিবারের জন্য বড় ক্ষতি। ঈশ্বর যেন তার আত্মাকে চিরশান্তি দেন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের শক্তি ও সাহস জোগান।’
অন্যদিকে ইন্ডিয়ান ফুটবল লিগও শোকবার্তায় জানিয়েছে,
‘নামধারি এফসির রভিন্দর সিংয়ের মৃত্যুর খবর শুনে আইএফএল পরিবার গভীরভাবে শোকাহত। তার আত্মা শান্তিতে থাকুক। তার স্মরণে এবং তার পরিবার, বন্ধু ও ক্লাবের প্রতি সংহতি জানিয়ে ম্যাচউইক–৩–এর প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।’

পরপর দুবার নেপালের কাঠমান্ডুর পর এ বছর মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত হবে টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কেট্টেল গত বৃহস্পতিবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া এক চিঠিতে লিখেছেন,
‘সাফভুক্ত ৭ সদস্য দেশের জাতীয় নারী দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে এই অঞ্চলের অন্যতম প্রধান নারী ফুটবল ইভেন্টে পরিণত করবে। দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের উন্নয়ন ও প্রসারে এই আঞ্চলিক প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’
মেয়েদের সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখেন সাবিনারা। আগের আসর তথা ২০২২ সালেও নেপালকে ফাইনালে হারায় বাংলাদেশ। গোয়ায় তাই এবারও শিরোপা ধরে রাখার অভিযানে নামবে লাল সবুজের মেয়েরা।
গোয়া এর আগে ১৯৯৯ সালে ছেলেদের সাফ আয়োজন করেছিল। তবে ফাতোর্দার নেহরু স্টেডিয়ামে এই প্রথম নারী চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (জিএফএ) সভাপতি কৈতানো ফার্নান্দেজ বলেন,
‘দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং কারও যদি প্রমাণের প্রয়োজন হয়, তবে এশিয়ান কাপেই তা স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা ১০টি দলের মধ্যে রয়েছে এবং নেপালও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত যে খুব উঁচুমানের ম্যাচ হবে।’
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে। স্বাগতিক ভারত ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।