৮ মে ২০২৬, ৩:২৮ পিএম

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা খভিচা কাভারেৎস্খেলিয়ার ছোট ভাই বর্তমানে মিউনিখে অবস্থান করছেন। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টফ ফ্রুয়েন্ডের এটি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তোরনিকে কাভারেৎস্খেলিয়াকে বায়ার্ন মিউনিখে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
গত কয়েকদিনের গুঞ্জন ছিল, তোরনিকে কাভারেৎস্খেলিয়া ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও নিজেকে পরখ করে দেখার জন্য মিউনিখে এসেছেন। এক সংবাদ সম্মেলনে ফ্রুয়েন্ড বলেন, ‘আমি বিষয়টি নিশ্চিত করছি সে এখানে আছে।’ ১৬ বছর বয়সী এই তরুণ ইতিমধ্যে বায়ার্নের অনুশীলনে যোগ দিয়েছেন এবং গ্লোবাল একাডেমির বিপক্ষে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে একটি প্রীতি ম্যাচেও অংশ নিয়েছেন।
ফ্রুয়েন্ড আরও যোগ করেন, ‘সে (তোরনিকে কাভারেৎস্খেলিয়া) তাঁর বড় ভাইয়ের মতোই দুর্দান্ত- এমনটা বলা হয়তো এখনই একটু বেশি আগ বাড়িয়ে বলা হয়ে যাবে, তবে সে নিঃসন্দেহে একজন প্রতিভাবান তরুণ। আমরা তার উন্নতির দিকে নজর রাখব।’
পুরানো ভুলের পুণরাবৃত্তি করতে চায় না বায়ার্ন
মজার ব্যাপার হলো, খভিচা কাভারেৎস্খেলিয়া নিজেও একসময় বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন। তোরনিকের খেলার ধরন অনেকটা তার ভাই খভিচার মতোই। এই লেফট উইঙ্গার ইতিমধ্যে জর্জিয়ার অনূর্ধ্ব-১৭ জাতীয় দল এবং দিনামো তিবিলিসির রিজার্ভ দলের হয়ে খেলেছেন। তবে একটি আইনি জটিলতা রয়েছে; যেহেতু তোরনিকে এখনো অপ্রাপ্তবয়স্ক এবং জর্জিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তাই ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তিনি বায়ার্নের সঙ্গে কোনো স্থায়ী চুক্তি করতে পারবেন না।
সমাধান হতে পারে ‘রেড অ্যান্ড গোল্ড’ নেটওয়ার্ক
এই সমস্যার সমাধানে বায়ার্ন তাদের পার্টনার ক্লাব নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। এই নেটওয়ার্কের অধীনে লস অ্যাঞ্জেলেস এফসি, গ্রাসহপার্স জুরিখ, রেসিং ক্লাব ডি মন্টেভিডিও (উরুগুয়ে), এস.ডি. আউকাস (ইকুয়েডর), জেজু এসকে এফসি (দক্ষিণ কোরিয়া) এবং গাম্বিনোস স্টার্স আফ্রিকা (গাম্বিয়া) এর মতো ক্লাবগুলো রয়েছে। পরিকল্পনাটি হলো— এদের মধ্যে কোনো একটি ক্লাব তোরনিকের সঙ্গে চুক্তি করবে এবং তাঁর বয়স ১৮ বছর হলে তাঁকে বায়ার্ন মিউনিখে পাঠিয়ে দেওয়া হবে।
একই ধরণের আইনি বাধার কারণে খভিচা কভারেৎস্খেলিয়াকে অতীতে দলে নিতে পারেনি বায়ার্ন। সে সময় তাঁকে অন্য কোনো ক্লাবে ‘লোন’-এ রেখে পরে স্থায়ীভাবে আনার মতো উপযুক্ত কোনো ক্লাব খুঁজে পায়নি বায়ার্নের ম্যানেজমেন্ট। ফলে খভিচা রুবিন কাজান ও ডায়নামো বাতুমি হয়ে নাপোলিতে যোগ দেন এবং বর্তমানে পিএসজিতে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
No posts available.
৮ মে ২০২৬, ৯:০৮ এম
৭ মে ২০২৬, ৮:৩৯ পিএম

নটিংহাম ফরেস্টের স্বপ্ন চুরমার করে ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাস্টন ভিলা। সেমিফাইনালের প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনাল নিশ্চিত করেছে বার্মিংহামের ক্লাবটি। অন্যদিকে, প্রথম লেগে ব্রাগার কাছে ২-১ ব্যবধানে হারলেও দুর্দান্ত কামব্যাক করে ফাইনাল নিশ্চিত করেছে ফ্রাইবুর্গ।
ভিলা পার্কে নটিংহামের বিপক্ষে উনাই এমেরির দলের জয় ৪-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভিলা। ৩৬ মিনিটে ওলি ওয়াটকিন্সের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এমি বুয়েন্দিয়ার গোলে লিড নেয় ভিলা। ৭৭ ও ৮০ মিনিটে জোড়া গোল করে ফরেস্টের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ভিলা অধিনায়ক জন ম্যাকগিন।
আরও পড়ুন
| ফেলিক্সের হ্যাটট্রিক-রোনালদোর সেঞ্চুরি, শিরোপার আরও কাছে আল নাসর |
|
ভিলার কোচ উনাই এমেরির সামনে এখন পঞ্চম ইউরোপা লিগ শিরোপা জয়ের সুযোগ। ১৯৯৬ সালের লিগ কাপের পর এটিই ভিলার বড় কোনো শিরোপা জেতার প্রথম সুযোগ। এছাড়া এই শিরোপা জিতলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত হবে তাদের।
ফ্রাইবুর্গের ইতিহাস
ঘরের মাঠ ইউরোপা পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় লেগে ৩-১ ব্যবধানে জিতেছে ফ্রাইবুর্গ। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে পা রেখেছে জার্মান ক্লাবটি।
দ্বিতীয় লেগের লড়াইয়ে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে পাত্তাই দেয়নি ফ্রাইবুর্গ। লুকাস কুবলারের জোড়া গোল এবং ইয়োহান মানজাম্বির অনবদ্য স্ট্রাইকে প্রথমবার ইউরোপীয় ফাইনালের স্বাদ পেতে যাচ্ছে জার্মান দলটি।
২০ মে ইস্তাম্বুলে ফাইনালে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও ফ্রাইবুর্গ। ১৯৮২ সালে ইউরোপীয় কাপ জয়ের পর থেকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের অপেক্ষায় আছে ভিলা। অন্যদিকে, ডার্ক হর্স হিসেবে টুর্নামেন্ট জুড়ে চমক দেখানো ফ্রাইবুর্গও ছাড় দিতে নারাজ।

সৌদি প্রো লিগে নিজের শততম গোলের রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার গোল আর সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকে আল শাবাবকে সহজেই হারিয়েছে রিয়াদের ক্লাবটি। এই জয়ে শিরোপার আরও কাছে আল নাসর।
বৃহস্পতিবার রাতে আল নাসরের জয় ৪-২ ব্যবধানে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে তারা। যদিও নাসরের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে আল হিলাল।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল আল নাসর। খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে দুই গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন জোয়াও ফেলিক্স। বিরতির আগে ইয়ানিক কারাসকো আল শাবাবের হয়ে একটি গোল শোধ করলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে।
আরও পড়ুন
| সতীর্থদের মারামারি, কোচকে বয়কট ৬ ফুটবলারের: রিয়ালের ড্রেসিংরুমে আরও যা ঘটেছে |
|
তবে ম্যাচের ৭৫ মিনিটে সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে আল নাসরকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। সৌদি প্রো লিগে এটি ছিল রোনালদোর ১০০তম গোল, ক্যারিয়ারের ৯৭১তম এবং চলতি লিগ মৌসুমের ২৬তম গোল।
ম্যাচের ৮০ মিনিটে আলি আল-বুলাইহির গোলে আল শাবাব ব্যবধান ৩-২ এ কমিয়ে আনলে ম্যাচ কিছুটা জমে ওঠে। তবে ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি আল নাসরের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন ফেলিক্স।
এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৭৭।
শিরোপার ভাগ্য ঝুলে আছে আগামী ১২ মে এর বড় ডার্বির ওপর। সেদিন আল নাসর মুখোমুখি হবে আল হিলালের। ওই ম্যাচটি জিতলেই ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর নিজের প্রথম বড় ট্রফি জয় প্রায় নিশ্চিত করে ফেলবেন রোনালদো।

জীবন নাটকের চেয়েও নাটকীয়। কখন কোথায় কী ঘটে, কী হয়, বলা মুশকিল। ফুটবলে শুরুতে লিড নেওয়া দলটিও কখনও কখনও রেফারির শেষ বাঁশির আগে মাথা নিচু করে মাঠ ছাড়ে। জীবনটাও কখনও হয়ে ওঠে ফুটবলের মতোই— অনিশ্চিত।
বরুশিয়া ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক নিকলাস সুলের কথাই বলা যায়। বয়স কতইবা হয়েছে—৩০। এ বয়সে যেখানে অনেকের ক্যারিয়ারে দারুণ সময় পার করে, সেখানে সুলে নিয়েছেন অবসরের মতো এক কঠিন সিদ্ধান্ত। জার্মানির এই সেন্টার-ব্যাক সাফ জানিয়ে দিয়েছেন, এখানেই ইতি ঘটাতে চান তিনি। শিগগিরই বুটজোড়া তুলে ধরে রাখতে চান আলমারিতে।
২০২৫-২৬ মৌসুম শেষে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সুলের। তার আগেই ‘স্পিলমাখার’ পডকাস্টে সুলে ঘোষণা করেছেন, ‘আমি ঘোষণা করতে চাই যে, এই গ্রীষ্মে আমি আমার ক্যারিয়ারের ইতি টানছি।’
সাবেক এই জার্মান ফুটবলার বেশ কিছুদিন ধরেই ক্যারিয়ার শেষ করার কথা ভাবছিলেন। গত মাসে টিএসজি হফেনহেইমের বিপক্ষে হাঁটুতে পাওয়া চোটই তার এই সিদ্ধান্তকে চূড়ান্ত করে দিয়েছে।
সুলে বলেন,
‘হফেনহেইমের ড্রেসিংরুমে আমাদের টিম ডাক্তার যখন ড্রয়ার টেস্ট (ক্রুশিয়েট লিগামেন্ট টিয়ার শনাক্ত করার পরীক্ষা) করছিলেন এবং ফিজিওর দিকে তাকিয়ে মাথা নাড়ছিলেন—তখন আমি শাওয়ার নিতে চলে যাই এবং ১০ মিনিট ধরে কাঁদি। সেই মুহূর্তে আমি ভেবেছিলাম, সত্যিই লিগামেন্ট ছিঁড়ে গেছে।’
তিনি আরও বলেন,
‘পরের দিন যখন এমআরআই করতে যাই এবং ভালো খবরটি (লিগামেন্ট ছিঁড়েনি) পাই, তখন আমার কাছে এক হাজার শতাংশ পরিষ্কার হয়ে যায় যে, এটাই শেষ। আমি নিজের স্বাধীনতা, ছুটিতে যাওয়া বা সন্তানদের সাথে সময় কাটানোর মতো সুন্দর জীবনের স্বপ্ন দেখছিলাম। সেখানে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মানসিক চাপের কথা আমি ভাবতেও পারছি না।’
৩০ বছর বয়সি সুলে ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন এবং ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’দের হয়ে ১০৯টি ম্যাচ খেলেন। জার্মানির হয়ে ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ডিফেন্ডার হফেনহেইম, বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় মোট ২৯৯টি ম্যাচ খেলেছেন।

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের পরিবেশ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। টানা দ্বিতীয়বারের মতো ট্রফিশূন্য মৌসুম পার করা বার্নাব্যুর ক্লাবে সম্প্রতি বেশ কিছু ঘটনা রটেছে। স্প্যানিশ সংবাদপত্র মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ছয়জন ফুটবলার কথা বলেন না কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে। এমনকী দুই সতীর্থে হাতাহাতি থেকে মারামারির ঘটনা ঘটিয়েছে।
‘মার্কা’র প্রতিবেদনে অভ্যন্তরণীর ঝগড়া ঝাটির কথা বলা হয়েও ছয় ফুটবলারের নাম জানানো হয়নি। আর বার্সেলোনা ভিত্তিক জনপ্রিয় ক্রীড়া সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো রিয়ালের ড্রেসিংরুমের এই অস্থিরতাকে একটি ‘বারুদের স্তূপ’ হিসেবে বর্ণনা করেছে। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহামের মতো তারকাদের নিয়ে দলে অস্থিরতা তৈরি হচ্ছে বলে সংবাদপত্রটি জানিয়েছে।
মার্কা ও এএস জানিয়েছে, দানি সেবায়োস এবং আরবেলোয়ার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। ফলে এই মিডফিল্ডার কোচের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছৈন। রাইট-ব্যাক দানি কারভাহালও তার ভূমিকা নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট। এই অভিজ্ঞ ডিফেন্ডার বর্তমানে ইনজুরিতে এবং চলতি গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। যা নবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম।
ভালভার্দে ও চুয়ামেনির ঝগড়া নিয়ে মার্কার তথ্যমতে, সম্প্রতি অনুশীলনের সময় ফেদে ভালভার্দে এবং অহেলিয়াঁ চুয়ামেনি বিবাদে লিপ্ত হন। তারা একে অপরকে লক্ষ্য করে উচ্চস্বরে কথা বলেন এবং ধাক্কাধাক্কি করেন। এই বিবাদ ড্রেসিংরুম পর্যন্ত গড়ায় এবং সেখানে পরিস্থিতি প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।
পরবর্তী এক প্রতিবেদনে মার্কা জানায়, ভালভার্দেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে। ক্লাবের ঘনিষ্ঠ সূত্রগুলো এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছে। পরিস্থিতি শান্ত করতে ক্লাবের চেয়ারম্যান হোসে অ্যাঞ্জেল সানচেজ জরুরি বৈঠক ডেকেছেন। মার্কার দাবি অনুযায়ী, অনুশীলনের আগে ভালভার্দে চুয়ামেনির সাথে হাত মেলাতে অস্বীকার করলে ঘটনার সূত্রপাত হয়।
এমবাপেকে নিয়ে বিতর্ক নিয়ে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এমবাপে কোচিং স্টাফের এক সদস্যের সাথে বিবাদে জড়িয়ে তাকে অপমান করেছেন। ল’ইকুইপ দাবি করেছে যে, ২৭ বছর বয়সী এই তারকার আচরণ এবং বিশেষ সুযোগ-সুবিধার কারণে দলের অনেক খেলোয়াড়ই বিরক্ত।
চলতি মৌসুমে বড় কোনো শিরোপা না পাওয়ার শঙ্কায় থাকা রিয়াল মাদ্রিদ থেকে আরবেলোয়ার বিদায় প্রায় নিশ্চিত। জানুয়ারিতে জাভি আলোনসোর স্থলাভিষিক্ত হওয়া এই কোচের পরিবর্তে ফ্লোরেন্তিনো পেরেজ আবারও হোসে মরিনহোকে ফিরিয়ে আনতে আগ্রহী। অন্যদিকে, টনি ক্রুসকে প্রশাসনিক কোনো ভূমিকায় ক্লাবে ফেরার প্রস্তাব দেওয়া হতে পারে।

দুর্দান্ত একটি মৌসুম কাটানোর সুবাদে ইংল্যান্ডের সবচেয়ে বেশি আয় করা ফুটবল ক্লাবে পরিণত হওয়ার পথে আর্সেনাল। প্রিমিয়ার লিগ এবং ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ—উভয় শিরোপার দৌড়ে টিকে থাকা এমিরেটসের এই ক্লাবটি আর্থিক আয়ের দিক থেকে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে যাবে বলে আভাস দিয়েছে স্কাই স্পোর্টস।
মিকেল আরতেতার অধীনে ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে মাত্র তিন ম্যাচ বাকি থাকতেই গানাররা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা ৫ পয়েন্ট এগিয়ে। পাশাপাশি ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে গানাররা।
ইউরোপীয় মঞ্চে আর্সেনালের এই যাত্রা ক্লাবটির জন্য বিশেষভাবে লাভজনক হয়েছে। লিগের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে উত্তর লন্ডনের ক্লাব। ৩০ মে বুদাপেস্টে ফরাসি জায়ান্ট পিএসজির মুখোমুখি হবে তারা। এই সাফল্য কেবল ইউরোপে ক্লাবের মর্যাদাই বাড়ায়নি, বরং রেকর্ড পরিমাণ প্রাইজমানি এবং বাণিজ্যিক প্রচারও নিশ্চিত করেছে।
স্কাই স্পোর্টসের তথ্যমতে, আর্সেনাল ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল থেকে প্রায় ১২২ মিলিয়ন পাউন্ড প্রাইজমানি নিশ্চিত করেছে। আর পিএসজিকে হারিয়ে শিরোপা জিতলে এই অংক আরও বাড়বে। চলতি বছরের শুরুতে প্রকাশিত 'ডেলোয়েট ফুটবল মানি লিগ' র্যাঙ্কিংয়ে লিভারপুল শীর্ষে থাকলেও আর্সেনালের বর্তমান ফর্ম এবং বাণিজ্যিক আয় আগামী বছরের হিসেবে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে।
গত দুই মৌসুমে আর্সেনালের ভেতরকার পরিবেশ নাটকীয়ভাবে বদলে গেছে। এমিরেটস স্টেডিয়ামের প্রতিটি ম্যাচের টিকিট এখন নিয়মিতভাবে বিক্রি হয়ে যাচ্ছে। বেড়েছে বাণিজ্যিক অংশীদারিত্ব এবং ম্যাচ-ডে রাজস্ব। ইউরোপের অভিজাত প্রতিযোগিতায় ফেরায় টেলিভিশন সম্প্রচার থেকেও আয় কয়েকগুণ বেড়েছে। ক্লাবের সর্বশেষ প্রকাশিত হিসাব অনুযায়ী, তাদের আয় ছিল ৬৯১ মিলিয়ন পাউন্ড, যা এবার আরও বড় রেকর্ড গড়বে বলে ধারণা করা হচ্ছে।
এই আর্থিক উন্নতি আসন্ন গ্রীষ্মকালীন দলবদল বাজারেও আর্সেনালকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। স্কাই স্পোর্টস জানিয়েছে, নতুন বড় তারকা সাইনিং এবং কিছু খেলোয়াড় বিক্রির পরিকল্পনার মাঝেও ক্লাবটির আর্থিক ভিত এখন অত্যন্ত মজবুত। যদি তারা এ মাসে বড় কোনো শিরোপা জিততে পারে, তবে উত্তর লন্ডনের ইসলিংটনে বড় ধরনের 'ট্রফি প্যারেড'-এর প্রস্তুতিও নিয়ে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।