১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এম

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুরুর ৩৬ ঘণ্টারও কম সময় বাকি থাকতে পরিবর্তন আনা হলো স্কোয়াডে। খুলনার মূল দল থেকে স্ট্যান্ডবাইয়ে পাঠানো হলো মেহেদী হাসান মিরাজকে। আর ঢাকা মেট্রোতে স্ট্যান্ডবাই থেকে মূল দলে সুযোগ পেলেন আইচ মোল্লা।
অথচ এনসিএল টি-টোয়েন্টির জন্য বেশ কিছু দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন মিরাজ। ধারণা করা হচ্ছিল, টুর্নামেন্টের শুরু থেকেই খুলনার হয়ে খেলতে দেখা যাবে অভিজ্ঞ অফ স্পিনিং অলরাউন্ডারকে। সেই ধারাবাহিকতায় খুলনার প্রাথমিক স্কোয়াডেও ছিল তার নাম।
কিন্তু হঠাৎ কী হলো যে, মূল দল থেকে স্ট্যান্ডবাইয়ে চলে গেলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক? খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দুই ম্যাচের জন্য ছুটি নিয়েছেন মিরাজ। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে খেলবেন তিনি।
আরও পড়ুন
| সল্ট-বাটলারের তাণ্ডবে রেকর্ডবইও চোখ কচলাচ্ছে |
|
টি স্পোর্টসের সঙ্গে আলাপে এই খবর নিশ্চিত করেছেন খুলনার প্রধান কোচ তুষার ইমরান।
“মিরাজ আসলে কিছু দিনের ছুটি নিয়েছে। প্রথম দুই ম্যাচ খেলবে না। আপনারা হয়তো জানেন, সম্প্রতি সে বাবা হয়েছে। তাই পরিবারের সঙ্গে ছিল ওই সময়টায়। তাই এখন এনসিএলের দুটো ম্যাচ খেলবে না। এরপর সে দলের সঙ্গে যোগ দেবে।”
গত ৪ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের বাবা হন মিরাজ। তখন জাতীয় দল থেকেও ছুটি নিয়েছিলেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। যে কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি। পরে এশিয়া কাপের দলেও জায়গা পাননি।
তাই দেশে থেকে নিজের বোলিং নিয়ে কাজ করেছেন মিরাজ, প্রস্তুতি নিয়েছেন এনসিএল টি-টোয়েন্টির জন্য।
এখন তিনি প্রথম দুই ম্যাচে না থাকায় কপাল খুলেছে রবিউল হকের। রংপুর বিভাগ থেকে খুলনায় আসা এই পেসার শুরুতে ছিলেন স্ট্যান্ডবাই তালিকায়। তাকে এখন মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু মিরাজ ফিরলে কী হবে? রবিউল কি আবার চলে যাবেন স্ট্যান্ডবাই তালিকায়?
এই বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আভাস দেন, মিরাজ ও রবিউল একসঙ্গেই থেকে যাবেন স্কোয়াডে।
“রবিউলকে মূল স্কোয়াডে নেওয়ার ভাবনা আগে থেকেই ছিল আমাদের। এখন মিরাজ ছুটি নেওয়ায় সেটা কিছুটা সহজ হয়েছে। মিরাজকে স্কোয়াডে রেখেই যদি রবিউলকে ফেরাতাম, তাহলে প্রথম দুই ম্যাচে খুলনা দলে একজন ক্রিকেটার সুযোগ কম পেত।”
আরও পড়ুন
| রুট সেঞ্চুরি না করলে ‘নগ্ন হয়ে হাঁটবেন’ হেইডেন |
|
“মিরাজ ফিরলে তখন আমরা সিদ্ধান্ত নেবো, কাকে বাইরে পাঠানো যায়। এরই মধ্যে আমাদের মধ্যে সে আলোচনা হয়েছে। তবে আগেভাগে নামটা বলা ঠিক হবে না। খুলনার প্রথম দুই ম্যাচ হয়ে যাওয়ার পর তখন বোঝা যাবে, কাকে স্কোয়াডের বাইরে রাখা হবে।”
এদিকে নানা সমালোচনার পর ঢাকা মেট্রো দলে সুযোগ পেয়েছেন আইচ মোল্লা। শুরুতে স্ট্যান্ডবাইয়ে ছিলেন ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ব্যাটার। তাকে মূল দলে ফেরাতে স্ট্যান্ডবাইয়ে পাঠানো হয়েছে অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুবকে।
রাজশাহীতে টুর্নামেন্টের উদ্বোধনী দিন রোববার সকালের ম্যাচে স্বাগতিক দলের সঙ্গে খেলবে গতবারের রানার্স-আপ ঢাকা মেট্রো। খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। বগুড়ার মাঠে একই দিন দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ সিলেট।
খুলনার প্রথম ম্যাচ সোমবার, চট্টগ্রামের বিপক্ষে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দেড়টায়।
No posts available.
৪ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম
৪ এপ্রিল ২০২৬, ৯:২৯ পিএম

কয়েক বছর ধরেই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলেছেন জিমি অ্যান্ডারসন। ব্যতিক্রম হলো না কাউন্টি ক্রিকেটের নতুন মৌসুমেও। চমৎকার বোলিংয়ে প্রথম ম্যাচেই ৫ উইকেটের দেখা পেলেন ৪৩ বছর বয়সী ল্যাঙ্কাশায়ার অধিনায়ক।
নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রথম রাউন্ডের প্রথম ইনিংসে ৬৪ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। তার বোলিং জাদুতে বিশাল লিড পাওয়ার পথে ল্যাঙ্কাশায়ার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুম শুরুর আগে অ্যান্ডারসনকে পূর্ণাঙ্গ অধিনায়কত্ব দিয়েছে ল্যাঙ্কাশায়ার। প্রথম ম্যাচেই সেই ভরসার প্রতিদান দিয়েছেন অভিজ্ঞ পেসার।
আরও পড়ুন
| ‘রফিকের পরামর্শ পেলে খুব উপকৃত হবে স্পিনাররা’ |
|
ম্যাচে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৮৪ রানের সংগ্রহ পায় ল্যাঙ্কাশায়ার। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন জোস বোহানন। এছাড়া লুক ওয়েলস ৮৭ ও মাইকেল জোন্সের ব্যাট থেকে আসে ৭১ রানের ইনিংস।
পরে ফিল্ডিংয়ে নেমে বল হাতে তোপ দাগান অ্যান্ডারসন। ষষ্ঠ ওভারে কেলভিন হ্যারিসনকে ফিরিয়ে উইকেট উৎসবের শুরু করেন তিনি। এরপর রিকার্ডো ভাসকনসেলোস, সাইফ জাইভ ও জেমস সেলসকেও তিনি আউট করলে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে নর্দাম্পটনশায়ার।
৪১তম ওভারে লুইস কিম্বারকে বোল্ড করে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৫৬তম ৫ উইকেট পূর্ণ করেন অ্যান্ডারসন। দিন শেষে ৯ উইকেটে ২১৫ রানে খেলছে নর্দাম্পটনশায়ার। তাই রোববার ৬ উইকেট নেওয়ার সুযোগ থাকছে অ্যান্ডারসনের।

শিরোপা ধরে রাখার মিশনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বড় ভরসার নাম ভুবনেশ্বর কুমার। এবার নতুন আসরে প্রথম ম্যাচেও বেঙ্গালুরুর জয়ে দারুণ অবদান রাখেন অভিজ্ঞ পেসার। তার সামনে এবার দুর্দান্ত এক মাইলফলক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে এখন পর্যন্ত ১৯৯ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। আর মাত্র ১ উইকেট পেলে প্রথম ফাস্ট বোলার হিসেবে ২০০ উইকেটের ইতিহাস গড়বেন ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার।
তবে সব মিলিয়ে আইপিএলে দুইশ উইকেট আছে আরও একজনের। ভারতের লেগ স্পিনার ইয়ুজভেন্দ্র চাহাল- ১৭৬ ম্যাচে ২২৪ উইকেট; গড় ২২.৬৮ ও ইকোনমি ৭.৯৫।
আরও পড়ুন
| দ্বিতীয় ম্যাচ জিতে এবার দ্বিগুণ জরিমানা আইয়ারের |
|
এখন পর্যন্ত আইপিএলে ভিন্ন তিন দলের হয়ে ১৬টি মৌসুমে খেলে ১৯১ ম্যাচে ১৯৯ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৬৯ রান। আইপিএলে তার সেরা বোলিং ১৯ রানে ৫ উইকেট। সব মিলিয়ে ২ বার ৫ উইকেট ও ২ বার ৪ উইকেট নিয়েছেন তিনি।
২০১১ সালে পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল যাত্রা শুরু হয় ভুবনেশ্বরের। এরপর ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের ঘরের ছেলেই হয়ে যান তিনি। পরে ২০২৫ সালে তাকে দলে নেয় বেঙ্গালুরু। সেবার ১৭ উইকেট নিয়ে শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি।
দুইশ উইকেটের দুয়ারে দাঁড়িয়ে আরেকটি দারুণ কীর্তিও রয়েছে ভুবনেশ্বরের। আইপিএলে পাওয়ার প্লে ওভারগুলোতে (১-৬) তার চেয়ে বেশি উইকেট নেই আর কোনো বোলারের।
প্রথম ছয় ওভারে মাত্র ৬.৫২ ইকোনমিতে ৮০ উইকেট নিয়েছেন তিনি। ৭২ উইকেট নিয়ে দুই নম্বরে ট্রেন্ট বোল্ট। এছাড়া ডেথ ওভারে ভুবনেশ্বর নিয়েছেন ৯৩ উইকেট। যেখানে তার ওপরে শুধু ডোয়াইন ব্রাভো, ১০২ উইকেট।

চলতি পিএসএলে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন রিশাদ হোসেন। পরপর তিন ম্যাচের একটিতেও সেরা ছন্দ দেখাতে পারলেন না বাংলাদেশি লেগ স্পিনার। তার দল রাওয়ালপিন্ডি পিন্ডিজও তিন ম্যাচ পরও পায়নি জয়ের স্বাদ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে পিন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। আগে ব্যাট করে ১৫৬ রানের বেশি নিতে পারেনি রিশাদের পিন্ডিজ। জবাবে মাত্র ১৪.২ ওভারেই ম্যাচ জিতে নেয় ইসলামাবাদ।
এ নিয়ে তিন ম্যাচের সবকটিই হারল পিন্ডিজ। পয়েন্ট টেবিলে আট দলের মধ্যে সাত নম্বরে নবাগত এই দলটি। তাদের সমান তিন ম্যাচের সবকটি হেরে সবার নিচে আরেক নতুন দল হায়দরাবাদ কিংসমেন।
পিন্ডিজের পরাজয়ের দিনে ব্যাটে-বলে ভালো করতে পারেননি রিশাদ। ব্যাট হাতে ৬ বলে মাত্র ৩ রান করে আউট হন তরুণ এই স্পিনিং অলরাউন্ডার। আর বোলিংয়ে ৩ ওভারে ৩৬ রান খরচ করে নিতে পারেন মাত্র ১ উইকেট।
এ নিয়ে চলতি পিএসএলের তিন ম্যাচে রিশাদের উইকেট হলো মাত্র ২টি। এই তিন ম্যাচে ১১ ওভার হাত ঘুরিয়ে ওভার ৯.৯০ রান দিয়েছেন তিনি।
ম্যাচে পিন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন কামরান গোলাম। এজন্য তিনি খেলেন ৩৯ বল। শেষ দিকে ডিয়ান ফরেস্টার মাত্র ১৯ বলে ৪৪ রানের ইনিংস খেললে দেড়শ পার করে পিন্ডিজ।
ইসলামাবাদের হয়ে ২টি করে উইকেট নেন ফাহিম আশরাফ, সালমান ইরশাদ ও রিচার্ড গ্লিসন।
রান তাড়ায় ঝড় তোলেন সামির মিনহাস। মাত্র ৩৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ১৯ বছর বয়সী ওপেনার। এছাড়া মার্ক চ্যাপম্যান ৭ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।
একই মাঠে সোমবার মুলতান সুলতান্সের বিপক্ষে খেলবে রিশাদের পিন্ডিজ।

আগামী এক বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। তার কাছ থেকে পরামর্শ পেলে দেশের সব পর্যায়ের স্পিনাররাই খুব উপকৃত হবে মনে করেন নাজমুল আবেদীন ফাহিম।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বোর্ডের চতুর্থ সভার পর সংবাদ সম্মেলনে রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। পরে তাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ক্রিকেট অপ্সের চেয়ারম্যান ফাহিম।
প্রায় দেড় দশক আগে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেও, নানান সময়েই প্রদর্শনীমূলক ম্যাচ খেলে থাকেন রফিক। এবারের স্বাধীনতা দিবসেই যেমন, বিসিবি সবুজ দলের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালানোর পাশাপাশি বল হাতেও ৪ উইকেট নিয়েছেন কিংবদন্তি এই স্পিনার।
রফিকের এই লড়াকু মানসিকতা আলাদা করে নজর কেড়েছে বিসিবির। তাই দেশের স্পিনারদের তার কাছ থেকে শেখার সুযোগ করে দেওয়ার কথা বলেছেন ফাহিম।
“আপাতত এক বছরের চুক্তি। রফিকের যে বোলিং দেখি, যেখানেই খেলুক, আমাদের অনেকেরই মনে হয় যে, ও অবসর নেওয়ার মত না এখনও। সাধারণ একটা খেলায় মাঠের মধ্যে ওর যে ইনটেন্ট থাকে, আমাদের মনে হয়, জুনিয়র-ইন্টারমিডিয়েট, এমনকি সিনিয়র লেভেলের যারা আছে, তাদের সঙ্গে যদি রফিক কাজ করে, ওর কাছ থেকে যদি কিছু টিপস পায় তারা, খুব উপকারী হবে।”
এছাড়া দেশে স্থানীয় স্পিন বোলিং কোচ বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও উল্লেখ করেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান।
“সত্যি বলতে যদি একটু হিসাব করি, আমাদের প্রায় ৮-১০ জন পেস বোলিং কোচ আছে। কিন্তু তিনজন স্পিন কোচও খুঁজে পাওয়া যাবে না দেশের ভেতরে। তাই ওই জায়গাটা খুবই শঙ্কার। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় প্রস্তুত আছেন, যে এখনই সার্ভ করতে পারবে।”
“এর পাশাপাশি আরও হয়তো ২-৪ জনকে ভবিষ্যতে আমরা দেখতে পাব, যারা কাজ করবে। এর আগে একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এটা অনুভব করছি যে আমাদের যথেষ্ট বিশেষজ্ঞ লোকবল নেই। এটা খুব প্রয়োজনীয় আমাদের। তাই এটা মাথায় রেখেই রফিককে নেওয়া। এরপরে আরও খোঁজ চালাব।”

অবশেষে জাতীয় দলের সঙ্গে কাজ করার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে মোহাম্মদ রফিকের। জাতীয় ক্রিকেট দলের বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে এক বছরের জন্য সাবেক এই স্পিনারকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার দুপুর থেকে শুরু হয়ে প্রায় ৭ ঘণ্টা ধরে চলা বিসিবির চতুর্থ বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদুল কামাল বাবু। এর বাইরেও এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়।
ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে বহাল রাখা হয়েছে। আর টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন কুমার দাস ও সহ-অধিনায়ক হিসেবে সাইফ হাসান থাকবেন ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত।
এর বাইরে আরও অনেক সিদ্ধান্তের খবর জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। তার বয়ানেই এসব সিদ্ধান্ত নিচে তুলে ধরা হলো
প্রথমত আমাদের বিসিবির এইচআর পলিসি আজকে গ্রহণ করা হয়েছে। এরপর আমাদের জাতীয় দলের নির্বাচক কমিটি নির্ধারণ হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক ও সহ-অধিনায়কের মেয়াদ আগামী বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো
আমরা আমাদের ক্রিকেটার, আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য পেনশন স্কিম চালু করতে যাচ্ছি। এটি নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিসিডিএম এর পক্ষ থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা হবে এবং সেই লক্ষ্যে আগামী ৮ তারিখে সমস্ত ক্লাবগুলোকে আহবান জানানো হয়েছে মিটিংয়ের জন্য। ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে।
আমাদের ঘরোয়া ক্রিকেটারদের অ্যানালিটিকাল বিশ্লেষণের জন্য বিসিবির পক্ষ থেকে নিজস্ব একটি অ্যাপ তৈরি করা হয়েছে এবং আজকে সেটি উদ্বোধন করা হয়েছে।
মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।
নারী বিপিএল ও উইমেন্স কাপ- এই দুইটি খেলা হবে। সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাংবাদিক, ক্রিকেটার ও অন্যান্যদের জন্য একটি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অ্যাওয়ার্ড নাইট আবার নতুন করে শুরু করছি।
সিলেট ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে সম্মানিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী (আমিনুল হক) মহোদয় যে সকল দিকনির্দেশনা দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে ও সেগুলোকে দ্রুত কার্যকর করা হবে।
সাংবাদিকদের জন্য আমরা একটা স্কলারশিপ প্রোগ্রাম চালু করছি। যারা স্পোর্টস জার্নালিজম এর ওপরে বাইরে পড়ালেখা করতে যেতে চান, আমরা তাদের জন্য একটি স্কলারশিপ চালু করব।
আমরা বিসিবির একটি স্পোর্টস জার্নাল বের করতে চাই। অন্তত প্রতি তিন মাস অন্তর অন্তর একটি স্পোর্টস জার্নাল আমরা বের করব।
এছাড়াও এর আগে সংসদে আমরা দেখেছি যে সেখানে দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের দুর্নীতিবিরোধীসহ সমস্ত কাজের ক্ষেত্রেই সহযোগিতার ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা সকল ধরনের সহযোগিতা তাদেরকে অব্যাহত রাখব।