
শেষবার কোনো প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ফাইনাল হেরেছিল কবে? উত্তর খুঁজতে কিছুটা বিপাকেই পড়ার কথা। গুগল বলছে শেষবার রিয়াল ফাইনালে হেরেছে ২০২৩ সালে। লস ব্লাঙ্কোদের হারার তেতো স্বাদটা দিয়েছিল এই বার্সেলোনাই। তাও সেই একই প্রতিযোগিতায়। ঠিক দুই বছর বাদে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি করলো বার্সেলোনা। এবার অবশ্য জয়ের ব্যবধানে রয়েছে বড় ফারাক।
জেদ্দার কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রবিবার রাতে রিয়ালকে নিয়ে ছেলে খেলায় মেতেছিল বার্সেলোনা। মরুর বুকে তপ্ত গরমে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। তাতে কোচ হিসেবে বার্সেলোনার ডাগআউটে প্রথম শিরোপার দেখা পেয়েছেন এই জার্মান কোচ। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা ফিরে পেয়েছে তাদের হারানো মুকুট। রেকর্ড ১৫তম বারের মত শিরোপাটা ঘরে তুলেছে তারা।
ম্যাচটা রিয়ালের জন্য ছিল প্রতিশোধের মঞ্চ। শেষ এল ক্লাসিকোতে ঘরের মাঠে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। অবশ্য মাঠে দেখা মিলেছে উল্টো চিত্রের। প্রতিশোধের জায়গায় রিয়ালকে আরও এক দুঃস্বপ্নের রাতই উপহার দিয়েছে বার্সেলোনা।
আরও পড়ুন
| রিয়ালকে উড়িয়ে দেওয়া বার্সাকে নিয়ে গর্বিত ফ্লিক |
|
যার দায়টা রিয়াল সমর্থকরা দিতে পারে জোড়া তালি দিয়ে চলা তাদের রক্ষণকে। লুকাস ভাসকেজ, চুয়েমেনি কিংবা রুডিগারদের একের পর এক ভুল রিয়ালকে বিপাকে ফেলেছে। বার্সেলোনার প্রেসিং আর হাই লাইন ডিফেন্সে আরও একবার খাবি খেয়েছে কার্লো আনচেলত্তির দল।
তারকা নির্ভর রিয়ালকে প্রথমআর্ধেই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তারুণ্য নির্ভর বার্সেলোনা। এমন চিত্র রিয়াল সমর্থকদের জন্য বেশ হৃদয়বিদারকই। বলের দখল কিংবা সুযোগ তৈরি সব দিক থেকেই এগিয়ে ছিল কাতালান ক্লাবটি।
ম্যাচের প্রথম মিনিট থেকেই রিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। তবে চাপ সামলে ম্যাচের প্রথম গোলের দেখা পায় রিয়ালই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। গেল এল ক্লাসিকোতে দুইবার গোল করলেও অফ সাইডে বাতিল হয়েছিল এমবাপের গোল। তবে এদিন আর বার্সেলোনা ডিফেন্ডাররা আটকাতে পারেননি এমবাপেকে।
প্রতিআক্রমণ থেকে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। নিজেদের আর্ধ থেকে প্রায় একাই বার্সেলোনা ডিফেন্ডার খাবি খাইয়ে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। এই একটা মুহূর্তই রিয়াল মাদ্রিদ সমর্থকরা প্রথমআর্ধে উদযাপনের সুযোগ পেয়েছিল। এরপরের গল্প পুরটাই বার্সেলোনার।
আরও পড়ুন
| ফোরেন্তিনো পেরেজকে নকশীকাঁথা, জার্সি উপহার দিয়ে এলেন বাংলাদেশ সমর্থকেরা |
|
যার শুরু ২২ মিনিটে লামিন ইয়ামালের হাত ধরে। এমবাপের করা চোখ ধাঁধানো গোলকে ভুলিয়ে দিতে ২০ মিনিটও সময় নেননি ১৭ বছর বয়সী এই তরুণ। রুডিগার, চুয়েমেনির মতো অভিজ্ঞ ডিফেন্ডার দর্শক বানিয়ে কোর্তোয়াকে ফাঁকি দিয়ে ডি বক্সের ভেতর থেকে আড়াআড়ি এক শটে বার্সাকে সমতায় ফেরান ইয়ামাল।
এই একটা গোল বদলে দেয় পুরো ম্যাচের চিত্র। এরপর রিয়ালকে নিয়ে রীতিমত ছেলেখেলায় মাতে বার্সেলোনা। ৩৬ মিনিটে ডি বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে গাভিকে ফাউল করে বসেন রিয়াল মিডফিল্ডার কামাভিঙ্গা। ভিএআরের সাহয্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তিন মিনিটে বাদে বার্সেলোনা আবারও পায় গোলের দেখা। তিন নম্বর গোলটা আসে রাফিনিয়ার কাছ থেকে।
দুই রিয়াল ডিফেন্ডার লুকাস ভাস্কেজ ও চুয়েমেনির মাঝখানে বিরাট ফাঁকা জায়গা কাজে লাগাতে ভুল করেননি রাফিনিয়া। কুন্দের বাড়ানো বল থেকে জোরালো হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে আরও একবার গোলের দেখা মেলে বার্সেলোনার। এবার প্রতিআক্রমণে রাফিনিয়ার বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ান বালদে। তাতে প্রথমআর্ধেই ম্যাচ হেলে পড়ে বার্সেলোনার দিকে।
দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা শুরু করে একই তালে। বিরতি থেকে ফেরার তিন মিনিটের মাথায় মেলে গোলের দেখা। প্রতিআক্রমণ থেকে আরও একবার গোলের দেখা পান রাফিনিয়া। তবে ম্যাচ জমে উঠে ৫৭ মিনিটে সেজনির লাল কার্ডে। কিলিয়ান এমবাপেকে ডি বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সা গোলকিপার। সেই ফাউল থেকে গোল করে রিয়ালের হয়ে ব্যবধান কমান রদ্রিগো।
আরও পড়ুন
| ভিনিসিয়ুস হয়ে বাঁচা সহজ নয় : আনচেলত্তি |
|
দশ জনের বার্সেলোনা অবশ্য এরপর আক্রমণের ধারা কমায়। তাতে গতি কমে খেলারও। রিয়ালের সামনে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও বার্সেলোনার দারুণ ডিফেন্ডিংয়ে সেটা আর হয়ে উঠেনি। বদলি হিসেবে নামা ইনাকি পেনিয়ার দারুণ কিছু সেইভে রিয়ালও আর পারেনি গোলের ব্যবধান কমাতে। তাতে ৫-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
No posts available.
৫ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম
৫ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

বিশ্বকাপ ফুটবলের স্বপ্নে বিভোর ইরাক এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৬ বিশ্বকাপে দেশটির অংশগ্রহণের পথে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভিসা জটিলতা এবং আকাশপথ বন্ধ থাকায় মেক্সিকোর প্লে-অফ টুর্নামেন্টে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ইরাক।
আগামী ৩১ মার্চ মেক্সিকোর মন্তেরিতে বলিভিয়া অথবা সুরিনামের বিপক্ষে প্লে-অফ খেলার কথা রয়েছে ইরাকের। কিন্তু যুদ্ধাবস্থার কারণে অনেক দেশে মেক্সিকান দূতাবাস বন্ধ থাকায় ইরাকের পেশাদার খেলোয়াড়, কারিগরি ও মেডিকেল স্টাফরা এখনো মেক্সিকোর ভিসা পাননি।
বুধবার ইরাক ফুটবল ফেডারেশন এক ইন্সটাগ্রাম বার্তায় জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে তারা দলের প্রধান কোচ এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এক জায়গায় জড়ো করতে পারছে না।
আকাশপথ বন্ধ থাকায় ইরাকের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছেন। অস্ট্রেলিয়াকে ২০২২ বিশ্বকাপে নিয়ে যাওয়া এই কোচ গত মাসেও জানিয়েছিলেন, বিশ্বকাপের টিকিট পেতে হলে প্রস্তুতির কোনো বিকল্প নেই। কিন্তু এখন নিজেই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।
ফেডারেশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ১৯৮৬ সালের পর এই প্রথম আবারও বিশ্বমঞ্চে ফেরার সুযোগ তৈরি হয়েছে ইরাকের সামনে।
যদি ইরাক প্লে-অফে ব্যর্থ হয়, তবুও তাদের সামনে একটি বিকল্প পথ খুলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান যদি বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তবে এশীয় অঞ্চলের র্যাঙ্কিং অনুযায়ী ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ রয়েছে। তবে ফিফার আইন অনুযায়ী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাতে।
বর্তমানে ইরাকের সামনে সবচেয়ে বড় লক্ষ্য হলো সব বাধা পেরিয়ে ৩১ মার্চের প্লে-অফ ম্যাচে অংশ নেওয়া। যুদ্ধ আর ভূ-রাজনৈতিক মারপ্যাঁচে আটকে পড়া ফুটবলাররা এখন মাঠে ফেরার প্রতীক্ষায় দিন গুনছেন।

এএফসি উইমেন’স এশিয়ান কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। ৯বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে এত কম গোলের পরাজয়ে প্রশংসা পাচ্ছেন আফঈদা, ঋতুপর্ণারা। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ ওপরের দলটির বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াই যখন ফুটবল অঙ্গলে প্রশংসিত, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধানের এক মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।
চীনের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে গতকাল সংবাদমাধ্যমকে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মেয়েরা ভালো খেলেছে এতে কোনো সন্দেহ নেই। তবে কম ব্যবধানে হারের কারণ হলো- শুধুমাত্র চীনের দল যেহেতু অনেক বেশি বয়স্ক, দেখবেন তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে গেছে। তাদের খেলোয়াড়েরা অনেক বয়স্ক, সেটি দেখলেই বোঝা যাচ্ছে এবং তারা ফর্মে নেই।’
এশিয়ান কাপের ৯বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের ০-২ গোলে হারা ম্যাচ নিয়ে কিরণের মন্তব্যকে সম্পূর্ণ এবং চরম ‘ননসেন্স’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিরণের মন্তব্যে কোচ কি ভাবছেন জানতে চাইলে বাটলার বলেন, ‘এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো— এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত, শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের দলের প্রতিও।’
চীনের খেলোয়াড়দের বয়স্ক বলায় খেপেছেন বাটলার। তাদের খেলোয়াড়েরা কোথায় বেড়ে ওঠে এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তফাত কেমন সেটি বোঝাতে বাটলার বলেন, ‘ওটা (চীন) একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের (স্পোর্টস একাডেমি) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের (স্পোর্টিং ক্লাব) মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তাঁর (কিরণ) পক্ষ থেকে এটি অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল। যদিও আমি এটিই তাঁর কাছ থেকে প্রত্যাশা করি।’

লিয়াম রোসেনিয়রের অধীনে নিজেদের সেরা ফর্ম খুঁজে পেল চেলসি। বুধবার রাতে পিছিয়ে পড়েও জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে বিধ্বস্ত করেছে ব্লুজরা।
ভিলা পার্কে প্রিমিয়ার লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে চেলসির জয় ৪-১ ব্যবধানের। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা ভিলার সঙ্গে ব্যবধান মাত্র ৩ পয়েন্টে কমিয়ে আনল পশ্চিম লন্ডনের ক্লাবটি।
ম্যাচের শুরুটা ভিলার জন্য দারুণ ছিল। মাত্র ১৫০ সেকেন্ডের মাথায় লিঁও বেইলির কাটব্যাক থেকে ডগলাস লুইজ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
৩৫ মিনিটে খেলার মোড় ঘুরিয়ে দেন জোয়াও পেদ্রো। এনজো ফার্নান্দেসের পাস থেকে মালো গুস্তো বল বাড়িয়ে দিলে কাছ থেকে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আবারও এনজোর সহায়তায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে চেলসিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন পেদ্রো।
বিরতির পর চেলসির আক্রমণভাগের সামনে ভিলার রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৫৫ মিনিটে অধিনায়ক রিস জেমসের ক্রস ভিলা গোলকিপার মার্তিনেস ক্লিয়ার করতে গিয়ে কোল পালমারের পায়ে তুলে দেন। সুযোগ হাতছাড়া না করে জোরালো শটে স্কোরলাইন ৩-১ করেন ইংলিশ তারকা।
৬৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। আলেজান্দ্রো গার্নাচোর বাড়ানো বল জালে জড়িয়ে মৌসুমে নিজের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক উদযাপন করেন তিনি। শেষ দিকে গার্নাচো ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা এমিলিয়ানো মার্তিনেস রুখে দেন।
গত ম্যাচে আর্সেনালের কাছে হারের পর আবারও জয়ের ধারায় ফিরল চেলসি। শেষ ৬ ম্যাচের মাত্র একটিতে জয় পাওয়া ভিলা এখন প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থান হারানোর শঙ্কায় রয়েছে।
এই জয়ের পর ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চেলসি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।
প্রিমিয়ার লিগে রাতের অপর খেলায় ফুলহামকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলল নিউক্যাসল ইউনাইটেড। জয়ের জন্য একের পর এক আক্রমণ শানালো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতি আক্রমণে উল্টো গোল হজম করে হারের মুখ দেখল রেড ডেভিলরা।
বুধবার রাতে সেন্ট জেমস পার্কে উত্তেজনা আর রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নিউক্যাসলের কাছে ১-২ গোলে হেরেছে ম্যান ইউনাইটেড। এই হারে কোচ হিসেবে মাইকেল ক্যারিকের টানা ৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল।
ম্যাচের প্রথমার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। বিরতির ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের জ্যাকব র্যামসে। তবে ১০ জনের দলে পরিণত হয়েও দমে যায়নি স্বাগতিকরা।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অ্যান্থনি গর্ডন পেনাল্টি থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন। সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি; তিন মিনিট পরই ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিক থেকে হেডে সমতা ফেরান কাসেমিরো।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেললেও নিউক্যাসলের রক্ষণভাগ ছিল অটুট। গোলকিপার অ্যারন র্যামসডেল কিছু দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। লেনি ইয়োরো ও জশুয়া জির্কজির নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন তিনি।
৯০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কিরান ট্রিপিয়ারের পাস থেকে বল পেয়ে উইং দিয়ে ভেতরে ঢোকেন ২২ বছর বয়সী ডেনিশ স্ট্রাইকার উইল ওসুলা। টাইলার মালাসিয়াকে কাটিয়ে চমৎকার কোনাকুনি শটে গোলকিপার ল্যামেন্সকে পরাস্ত করেন তিনি। ৫২,১৮৪ জন দর্শকের সামনে বুনো উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এটি নিউক্যাসলের টানা চতুর্থ জয়। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলের একধাপ ওপরে নটিংহাম ফরেস্ট। ঘরের মাঠ ইতিহাদে তাদের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করল পেপ গার্দিওলার দল।
বুধবার রাতে দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নটিংহাম ফরেস্ট। এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছে ম্যান সিটি। একই সময়ে অন্য ম্যাচে বুকায়ো সাকার একমাত্র গোলে ব্রাইটনকে ১-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো গানাররা।
ইতিহাদে এদিন চোট কাটিয়ে নটিংহামের বিপক্ষে ফিরেছিলেন আর্লিং হলান্ড। তবে গোল পাননি তিনি। ৩১ মিনিটে অঁতোয়ান সেমেনিওর চমৎকার ভলিতে লিড নেয় ম্যান সিটি।
৫৬ মিনিটে ফরেস্ট অধিনায়ক মরগান গিবস-হোয়াইটের বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে সমতায় ফেরে সফরকারীরা। কিছুক্ষণ পরই সিটিকে পুনরায় লিড এনে দেন রদ্রি। কর্নার থেকে জালে বল জড়িয়ে স্কোরলাইন ২-১ করেন এই মিডফিল্ডার।
ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে গোল করে আকাশি-নীল সমর্থকদের স্তব্ধ করে দেন এলিওট অ্যান্ডারসন। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানের ড্র মেনে মাঠ ছাড়ে দুই দল।
২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি, এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের পয়েন্ট ৬৭। ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নটিংহাম। গতরাতের এক পয়েন্টে গোল গড়ে অবনমন অঞ্চলের একধাপ উপরে উঠে আসলো ফরেস্ট।
আগামী শনিবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। একই দিনে এফএ কাপে ম্যানসফিল্ড টাউনকে মোকাবিলা করবে আর্সেনাল।