
চলতি বছরের ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ঢাকায় এক মাস ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল। বিদেশে অনুশীলন করতে আগামী ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবে লাল সবুজের যুবারা।
বিশ্বকাপ প্রস্তুতি এবং দলের সার্বিক বিষয়ে জানাতে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাকক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক লেঃ কর্ণেল রিয়াজুল হাসান (অবঃ) ছাড়াও ছিলেন দলের হেড কোচ সিগফ্রিড আইকম্যান।
আরও পড়ুন
| হকি এশিয়া কাপের নিয়ম মেনেই ঢাকায় হবে পাকিস্তান সিরিজ |
|
হকির সাধারণ সম্পাদক জানান,
‘‘মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে কমপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সংখ্যাটা ৫-৬ ম্যাচ করার চেষ্টা করব। এছাড়া ইউরোপে তথা সুইজারল্যান্ডে গিয়ে প্রস্তুতি ক্যাম্প এবং ম্যাচ খেলার বিষয়টি অনেকটাই চূড়ান্ত। কথা হচ্ছে অস্ট্রিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও। কোচ যোগাযোগ অব্যাহত রেখেছে।’’
কোচ আইকম্যান দেশে আসেন চলতি মাসের শুরুর দিকে। পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২৬ জনের স্কোয়াড নিয়ে করছেন নিবিড় অনুশীলন। বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ ইতিবাচক ডাচ কোচ আইকম্যান।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপ নিয়ে তার মূল্যায়ন প্রত্যাশার চেয়ে ভাল খেলেছে বাংলাদেশ । কারণ হিসেবে বলেছেন অন্য দল যেখানে এক বছরের বেশি সময় অনুশীলন করেছে সেখানে ১০ দিনের অনুশীলনের পুঁজি নিয়ে মন্দ করেনি বাংলাদেশ।
আরও পড়ুন
| ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান হকি সিরিজ |
|
আইকম্যানের আপাতত দায়িত্ব বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল নিয়ে। যারা অংশ নেবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে। হকির যেকোনো দল হিসেবে এবারই প্রথমবার বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। যে কারণে দলের কাছে প্রত্যাশাও অনেক। তবে বাস্তবতার নিরিখে সেখানে ভালো করা কঠিনই বটে। প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশ পড়েছে 'এফ' গ্রুপে। যেখানে রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।
কঠিন গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত করা কঠিন হবে সেটি জানা আইকম্যানের। তবে বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতিতে মিলতে পারে সমাধান। কোচ বলেন,
‘‘আমরা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে খেলব। তাদের সঙ্গে খেলে অভিজ্ঞতা অর্জন করতে পারব, যা আমাদের জন্য কাজে আসবে, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কারণ অস্ট্রেলিয়া আমাদের চূর্ণ করতে চাইবে, পাওয়ার প্লে খেলবে। আগে এই ধরনের ম্যাচ না খেললে হঠাৎ করে সেটা শক হতে পারে আমাদের জন্য।’’
আরও পড়ুন
| কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ |
|
বিষয়গুলো মাথায় রেখে দলের ডিফেন্সলাইন নিয়ে কাজ করবেন আইকম্যান। সেজন্য নির্দিষ্ট ছকে আগাতে চান বলে জানান ৬৬ বছর বয়সী কোচ,
‘‘আমরা এখন কঠোর পরিশ্রম করছি রক্ষণভাগ নিয়ে। কীভাবে বল রক্ষা করতে হয়, পাঁচটি মূল রক্ষণ কৌশল নিয়ে কাজ করছি— টাইমিং, ফুটওয়ার্ক, প্রেসিং, ভিন্ন গতিতে খেলা এবং আলাদা আলাদা দিক দিয়ে ওপরে ওঠা।’’
অনুশীলনে যা শিখবে দল সেটিই মূল প্রতিযোগিতায় বাস্তবায়ন চান এই ডাচ কোচ। চার মাসের পরিকল্পনা নিয়ে হকি স্টেডিয়ামে ক্যাম্প করে বাংলাদেশ। প্রথম ভাগে আগস্ট মাসে স্থানীয় কোচ মশিউর রহমান বিপ্লব ও আশিকুজ্জামানকে নিয়ে হয় ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং। দ্বিতীয়ভাগে তিন মাস দল তত্ত্বাবধানে থাকবে হেড কোচের অধীনে। দলের ফিটনেস ক্যাম্প থেকে ৭০-৮০ শতাংশ প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক।
পরিকল্পনা মতো সব কিছু চলছে বলেও অবগত করেন রিয়াজুল হাসান,
‘‘৪০ জন থেকে নামিয়ে ২৬ খেলোয়াড় নিয়ে এখন চলছে ক্যাম্প। মালয়েশিয়া থেকে ফিরে অক্টোবরের শেষ দিকে দল যাবে সুইজারল্যান্ডে। আর বিশ্বকাপে মানিয়ে নিতে এক সপ্তাহ আগে ভারতে যাবে দল।’’
No posts available.
৩ এপ্রিল ২০২৬, ২:২৫ পিএম
২ এপ্রিল ২০২৬, ৩:০৭ পিএম

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছিল বাংলাদেশ। এবার টুর্নামেন্টের বাছাইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম অবস্থানে থেকে শেষ করল বাংলাদেশ।
ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের জিতেছে ৩-২ ব্যবধানে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। অন্য গোলটি মেহরাবের।
চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়েই আসর করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে হারের পর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।
এই পর্বের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ৪-৪ সমতায় শেষের পর হংকংয়ের চীনের বিপক্ষে শুট আউটে ৩-২ গোলে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। আগের আসরের রানার্সআপরা এবার আর শিরোপার লড়াইয়ে থাকতে না পারলেও, চাইনিজ তাইপেকে হারিয়ে টুর্নামেন্টের শেষটা অন্তত জয়ে রাঙিয়েছে।
এশিয়ান গেমসের টিকিট কাটার স্বস্তি নিয়ে মাঠে নামা বাংলাদেশ ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায়। ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। তবে মিনিট চারেক পরই চাইনিজ তাইপেকে ১-১ সমতায় ফেরান ওয়েই চেং-জে। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটেই আবারও দৃশ্যপটে হাজির হন আশরাফুল। আরও একটি পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ফিনিশিংয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন তিনি।
বিরতির ঠিক এক মিনিট আগে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপে। এবার লো হাই-কাইয়ের ফিল্ড গোল থেকে স্কোরলাইন ২-২ করে ফেলে তারা। লিড পুনরুদ্ধারের লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ করে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৩৮ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় বাংলাদেশ। দুর্দান্ত এক ফিল্ড গোল থেকে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন নতুন মুখ মেহরাব হাসান সামিন। এই গোলেই শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

অবশেষে নিশ্চিত হলো ২০২৬ সালের এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের অংশগ্রহণ। বাছাইপর্বে স্থান নির্ধারণী পর্বের প্রথম ম্যাচে হংকং, চায়নাকে হারিয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
কুয়ালালামপুরে বৃহস্পতিবার বাংলাদেশের জয়টি অবশ্য সহজ ছিল না। নির্ধারিত সময়ে মূল ম্যাচ ৪-৪ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গিয়ে ৩-২ গোলে জিতেছে বাংলাদেশ।
এই জয়ের সুবাদে বাছাইপর্বে অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এতেই মিলেছে মূল পর্বে খেলার টিকেট।
আরও পড়ুন
| বাংলাদেশের সঙ্গে ড্র করে এশিয়ান গেমসে উজবেকিস্তান |
|
বাছাইয়ে অংশ নিয়েছে মোট ৯টি দেশ। এর মধ্যে সেরা ৬ দেশ সুযোগ পাবে ২০২৬ সালের এশিয়ান গেমসের মূল পর্বে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়ার পর স্থান নির্ধারণী পর্বের (পঞ্চম থেকে অষ্টম) প্রথম ম্যাচ জিতে নিজেদের কাজ সেরেছে বাংলাদেশ।
শুক্রবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদেরকে ৪-৩ গোলে হারিয়েছিলেন আমিরুল ইসলামরা।
হংকং, চায়নার বিপক্ষে জয়ের ম্যাচে আশরাফুল ইসলাম করেন ২ গোল। এছাড়া আমিরুল ইসলাম ও রকিবুল করেন একটি করে গোল। পরে খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে ব্যবধান গড়ে জিতে যায় বাংলাদেশ।

থাইল্যান্ডে বড় ‘অঘটনের’ মুখোমুখি হলো বাংলাদেশ। যে উজবেকিস্তানকে আন্তর্জাতিক হকিতে স্রেফ গোলবন্যার সামনে দাঁড় করিয়ে রাখা ছিল বাংলাদেশের অভ্যাস, আজ সেই দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করলেন আমিরুল-আশরাফুলরা।
এই ড্রয়ে সেরা চারে থেকে এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে উজবেকিস্তান।
বাংলাদেশের সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি। স্থাননির্ধারণী ম্যাচগুলোতে ছয়ে থেকে শেষ করতে পারলেই টিকিট পাবে এশিয়ান গেমসের।
আরও পড়ুন
| মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া দিবসে প্রতিমন্ত্রী |
|
বাছাই টুর্নামেন্টে বরাবরই দাপট দেখানো বাংলাদেশ এবার গিয়েছিল শিরোপার লক্ষ্য নিয়ে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত ম্যাচে ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারের ক্ষতে আজ নতুন করে প্রলেপ দিল উজবেকিস্তান।
থাইল্যান্ডের এয়ারফোর্স হকি মাঠে আজ পুরো ম্যাচেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। সমতা ফেরাতে হন্যে হয়ে লড়লেও উজবেকিস্তানের রক্ষণভাগ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে।
চতুর্থ কোয়ার্টারের ২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনলেও জয়ের জন্য প্রয়োজনীয় লিড আর নিতে পারেনি বাংলাদেশ। উল্টো একাধিক পেনাল্টি কর্নার পেয়ে ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল উজবেকরাই।

এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ। শুক্রবার লড়াই করে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে আশিকুজ্জামানের দল।
থাইল্যান্ডের ব্যাংককে শুরুতেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সেরান বোথালে গোল করে দলকে এগিয়ে নেন। ৭ মিনিট পর আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে বাংলাদেশ। তাতে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। তবে বাংলাদেশের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর কুশাল উইরাপুলি গোল করে ফের শ্রীলঙ্কাকে এগিয়ে দেন।
মাঝে প্রায় আধঘন্টা কোনও দলই গোলের দেখা পায়নি। ৪৯ মিনিটে গোল করে শ্রীলঙ্কা লিড বাড়িয়ে নেয় ৩-১ ব্যবধানে। সুরেশ রত্নায়েকে আক্রমণ থেকে গোল করেন। একই মিনিটে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে টার্ফ ছাড়ে শ্রীলঙ্কা।
গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ রোববার, প্রতিপক্ষ উজবেকিস্তান।

এ বছরের সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের এবারের আসর। সেই গেমসের আগে হকির বাছাই প্রতিযোগিতা থাইল্যান্ডে শুরু হয়েছে আজ থেকে। উদ্বোধনী দিনে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
দারুণ জয়ে ম্যাচ সেরা হয়েছেন আমিরুল ইসলাম। খেলা শেষে এক ভিডিও বার্তায় বলেছেন, 'আলহামদুলিল্লাহ আজকে আমরা তিন পয়েন্ট পেয়েছি। লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ আগাবো। আজ প্রথম ম্যাচ ছিল এবং জিততে পেরেছি। পরের ম্যাচেও জয়ের লক্ষ্য থাকবে। পাশাপাশি খেলায় উন্নতি করব ইনশা আল্লাহ। ম্যান অব দ্য ম্যাচ হতে পেরে আমি অবশ্যই আনন্দিত। কবে এর পুরো ক্রেডিট আমার টিমমেটদেরকে। কারণ তারা আমাকে সাপোর্ট করছে। আর আমি চেষ্টা করছি।'
বৃহস্পতিবার খেলার চতুর্থ মিনিটে চি হুসানের গোলে লিড নেয় তাইপে। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান আশরাফুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টার শুরুর পাঁচ মিনিট পর আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। সর্বশেষ যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের হকির হামজাখ্যাত এই তারকা। এই কোয়ার্টারে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি। তৃতীয় কোয়ার্টার ৩-১ স্কোরলাইনে শেষ হয়।
চতুর্থ ও শেষ কোয়ার্টার ছিল চরম নাটকীয়তা। চাইনিজ তাইপে এই কোয়ার্টারের শুরুতে তিন পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে রাখে। সেই চাপ সামলে ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন পেনাল্টি কর্নার থেকে গোল করলে বাংলাদেশের লিড ৪-১ হয়। ঐ মিনিটেই তাইপের চি হুসান ব্যবধান কমিয়ে আনেন ৪-২-এ৷ ১৪ সেকেন্ড পর পেনাল্টি কর্নার থেকে তাইপে আরেক গোল করলে খেলায় উত্তেজনা ফিরে আসে। বাকি সময় সতর্ক থেকে শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে আগামীকাল। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্ট এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এই বাছাই টুর্নামেন্টে একাধিকবারের চ্যাম্পিয়ন।