৪ মার্চ ২০২৬, ১০:৩৬ এম

গত মাসের প্রথম লেগে ৪-০ ব্যবধানের বিশাল হার। দ্বিতীয় লেগ শুরুর আগে বার্সেলোনার সামনে সমীকরণটা ছিল হিমালয় জয়ের সমান। ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে মার্ক বার্নাল ও রাফিনিয়াদের নৈপুণ্যে সেই অসাধ্য সাধনের পথেই ছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদের রক্ষণ ভাঙতে না পেরে ৪-৩ অ্যাগ্রিগেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতলেও প্রথম লেগের বড় ঘাটতি পূরণ করতে পারেনি হান্সি ফ্লিকের দল। ফলে দীর্ঘ এক যুগ পর ফাইনালে পা রাখল আতলেতিকো।
ম্যাচের ২৯ মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে গোল করে ক্যাম্প ন্যুতে প্রাণের সঞ্চার করেন ১৮ বছর বয়সী মার্ক বার্নাল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেদ্রি বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। সফল স্পট-কিকে ব্যবধান ২-০ করেন রাফিনিয়া।
আরও পড়ুন
| বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রদ্রিগো |
|
দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন বার্নাল। টানা চার ম্যাচে এটি তাঁর চতুর্থ গোল। ম্যাচ তখন ৩-০ (দুই লেগ মিলিয়ে ৩-৪), আর একটি গোল করলেই খেলা গড়াত অতিরিক্ত সময়ে।
শেষ দিকে বার্সেলোনা প্রবল চাপ তৈরি করলেও আতলেতিকো মাদ্রিদ তাদের রক্ষণ ধরে রাখতে সক্ষম হয়। ৮৯ মিনিটে জেরার্ড মার্টিনের পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া শট অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। ইনজুরি টাইমের শেষ দিকে ইয়ামালের বাঁকানো শট গোলপোস্টের কোণ ঘেঁষে বাইরে চলে যায়।
রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে ওঠা আতলেতিকো মাদ্রিদ এখন শিরোপার অপেক্ষায়। আজ রাতে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক ক্লাবের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে লড়বে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
No posts available.
৪ মার্চ ২০২৬, ৪:০১ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, পাকিস্তানের বিপক্ষে সামনের ওয়ানডে সিরিজে সফল হতে হলে ব্যাটিংয়ে, বিশেষ করে মিডল ওভারে উন্নতি আনতে হবে দলের।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের পর তিনি বলেন, গত ১০-১২টি ওয়ানডেতে বাংলাদেশ পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি, যা বড় উদ্বেগের বিষয়।
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আগে চলতি বছর ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশের। এর প্রস্তুতির অংশ হিসেবেই এখন থেকেই নিজেদের ঘাটতি চিহ্নিত করে কাজ শুরু করতে চান শান্ত।
আরও পড়ুন
| গাভাস্কারের চোখে ভারতকে কাঁপিয়ে দিতে পারে যে ইংলিশ ‘অস্ত্র’ |
|
তার মতে, ওয়ানডেতে ভালো করতে হলে টি-টোয়েন্টির অতি আগ্রাসী মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অতিরিক্ত স্ট্রাইক রেটের চিন্তা না করে ইনিংস গড়া এবং দীর্ঘ সময় ব্যাটিং করাই হওয়া উচিত মূল লক্ষ্য।
“ব্যাটিং ইউনিট হিসেবে শেষ দশ-বারোটি ওয়ানডেতে আমরা ৫০ ওভার ঠিকভাবে ব্যাটিং করতে পারিনি। বিশেষ করে মিডল ওভারে কীভাবে ভালো ব্যাটিং করব এবং ইনিংস শেষ করব- এটা আমাদের জন্য চিন্তার জায়গা।”
বিসিএল নিয়েও হতাশা প্রকাশ করেন শান্ত। তার মতে, চারটি দলেই অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন, যাদের অনেকেই ৫০-৭০টি ওয়ানডে খেলেছেন। তবুও ব্যাটিংয়ে ধারাবাহিকতা ছিল না, আসেনি প্রত্যাশিত সেঞ্চুরি, ৫০ ওভার আধিপত্যও দেখা যায়নি।
“এমন পরিস্থিতিতে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও ধারাবাহিক হওয়া উচিত ছিল। আরও সেঞ্চুরি আসা উচিত ছিল, ৫০ ওভার দাপট দেখানো উচিত ছিল- যা হয়নি।”
আন্তর্জাতিক ক্রিকেটেও একই সমস্যা দেখা যাচ্ছে বলে মনে করেন শান্ত। সামনে পাকিস্তান সিরিজকে সামনে রেখে এই দুর্বলতা কাটিয়ে ওঠাকে গুরুত্বপূর্ণ বলছেন তিনি। যদিও সিরিজের আগে একটি ভালো টুর্নামেন্ট খেলা হয়েছে, যা কিছুটা আত্মবিশ্বাস জোগাবে বলেও আশা তার।
এর আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ছিল বাংলাদেশ। তবে নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি দল। দীর্ঘ সময় টি-টোয়েন্টি ফরম্যাটে মনোযোগ দেওয়ার প্রভাব ওয়ানডে ব্যাটিংয়ে পড়েছে বলেই মনে করেন শান্ত।
“গত এক-দেড় বছরে আমরা অনেক টি-টোয়েন্টি খেলেছি। তাই হয়তো ব্যাটসম্যানদের মাথায় সব সময় স্ট্রাইক রেট ও বড় শটের চিন্তা থাকে। কিন্তু বিশেষ করে মিডল ওভারে নতুন বল সামলানো, উইকেট না হারানো এবং স্ট্রাইক রোটেট করে ইনিংস গড়া- এসব জায়গায় আমরা প্রায় ম্যাচেই পিছিয়ে থাকছি।”

গোলপোস্টের নিচে রুপনা চাকমাকেই দেখার অপেক্ষায় ছিলেন সবাই। এশিয়ান কাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞ এই গোলকিপারের ওপরেই তো ভরসা রাখার কথা বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারের। তবে ইংলিশ মাস্টারমাইন্ড যে প্রায়ই ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করেন, সেটা আরেকবার প্রমান দিলেন মিলি আক্তারে আস্থা রেখে। আর কোচের আস্থার প্রতিদান ময়মনসিংহ এর মেয়ে যেভাবে দিলেন, তাতে কেবল বাংলাদেশ নয়, ভড়কে যায় নারী এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনও।
অস্ট্রেলিয়া সফরের আগে রুপনার পারফরম্যান্স মন্দ বলার কোনো সুযোগই নেই। লিগে এক ম্যাচেও তিনি গোল হজম করেননি। সবগুলোতেই রেখেছেন ক্লিন শিট। তবু চীনের বিপক্ষে প্রথম পছন্দের গোলকিপার ছিলেন না তিনি। উল্টো তাঁর পরিবর্তে খেলালেন মিলি আক্তার। যে মিলি এশিয়ান কাপের সবেচেয়ে সফল দল চীনের সামনেই দৃঢ়তা দেখালেন চীনের বিখ্যাত প্রাচীরের মতো।
অবশ্য কোচ পিটার বাটলার হঠাৎ করেই মিলিকে গোলপোস্ট সামলানোর গুরুদায়িত্ব নেওয়ার মতো সিদ্ধান্ত নেননি। ১৯ বছর বয়সী এই গোলকিপারকে চীনের বিপক্ষে খেলানোর পরিকল্পনা ছিল নাকী দুই মাস আগের। চীনের শক্তিমত্তার আর দূর্বলতার জায়গা বের করে মিলিকে তৈরি করেছেন বাংলাদেশ নারী দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ।
চীনের বিপক্ষে ম্যাচের পর আজ রিকভারি সেশন করেছে বাংলাদেশের মেয়েরা। চীনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর গ্রুপপর্বে আফঈদা খন্দকারদের সামনে এশিয়ান কাপের আরেক পরাশক্তি উত্তর কোরিয়া। এই ম্যাচের আগে আজ রিকভারি সেশনে সংবামাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের গোলকিপিং কোচ। চীনের বিপক্ষে মিলিকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
প্রধান কোচ বাটলারের সঙ্গে আলোচনা করেই নাকি মিলিকে খেলোনোর কৌশল সাজান গোলকিপিং কোচ মাসুদ, ‘আসলে মিলিকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল আরও দুই মাস আগে থেকেই। চীনের বিপক্ষে তাকে শুরুর একাদশে খেলানোর সিদ্ধান্ত আমরা দুই মাস আগে প্রধান কোচের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করেছি। নারী লিগ চলাকালীন, আমাদের ঘরোয়া নারী লিগ ও অনুশীলন সেশনগুলোতেও আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’
ম্যাচের পর নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলা মিলির কণ্ঠেও ছিল একই সুর, ‘চীনের বিপক্ষে যে খেলবেন তা দেশে থাকতেই জানতেন মিলি, ‘আসলে আমরা এই ম্যাচটার জন্য অনেক পরিশ্রম-কষ্ট করছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, সে জন্য আজকে পেরেছি এতগুলো সেভ দিতে। প্রথমে ধন্যবাদ দেব আমার গোলকিপার কোচ উজ্জ্বল স্যারকে। উনিও আমার পেছনে অনেক শ্রম দিয়েছেন।’
বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হওয়ার ম্যাচে ১১ টি অনটার্গেট শটের মধ্যে ৮ টি শটই ঠেকিয়ে দেন মিলি। র্যাঙ্কিংয়ের ৯৫ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে কখনোই স্নায়ুচাপে ভুগতে দেখা যায়নি। রুপনা থেকে মিলির উচ্চতাও বেশি। বাংলাদেশের মেয়েদের থেকে উচ্চতায় অনেকটাই এগিয়ে থাকা চীনকে রুখতে সেটাই কাজে লাগায় বাংলাদেশ। মাসুদ বলেন, চীনের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করে দেখেছি, কোথায় মিলির উচ্চতাকে কাজে লাগানো যায়। আর মিলি ইতিমধ্যেই প্রমাণ করেছে, সে এই পর্যায়ে খেলতে সক্ষম ‘
ময়মনসিংহ থেকে উঠে আসা মিলিকে প্রশংসায় ভাসান কোচ বাটলারও, ‘বাংলাদেশের নারী ফুটবল গোলকিপিংয়ের দিক থেকে দীর্ঘ সময় ধরে ভুগেছে। আমার মনে হয় মিলি আজ রাতে অসাধারণ খেলেছে। সে কিছু ভুল করেছে এবং সামনেও ভুল করবে, কিন্তু আমার মতে সে অনেক ভালো করেছে। আমার ভাবনার পেছনে কারণ এটাই ছিল যে, আমি দলে একটা নতুনত্ব আনতে চেয়েছিলাম। আর এ ধরনের সিদ্ধান্ত নিতে আমি মোটেও ভয় পাই না।’

কোপা দেল রে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। প্রথম লেগে ৪-০ ব্যবধানে হারের পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতলেও সমষ্টিগত ফলে (৪-৩) পিছিয়ে থাকায় শিরোপার দৌড় থেকে ছিটকে যায় কাতালানরা।
তবে হারই শেষ কথা নয়, ম্যাচ শেষে আরও বড় দুশ্চিন্তা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে। গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডার জুলেস কুন্দে ও আলেহান্দ্রো বালদে চোট পেয়ে মাঠ ছাড়েন। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তর খবর, দুজনই অন্তত পাঁচটি ম্যাচ মিস করতে পারেন।
ফরাসি ডিফেন্ডার কুন্দে ম্যাচের মাত্র ১০ মিনিটেই ডান পায়ে অস্বস্তি অনুভব করে মাঠে লুটিয়ে পড়েন। পরে তাঁকে বদলি করতে বাধ্য হন কোচ হানসি ফ্লিক। চলতি মৌসুমে এটি কুন্দের প্রথম চোট। লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে এক ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই খেলেছেন তিনি। সব মিলিয়ে ৪০ ম্যাচে ৩ হাজার ৮ মিনিট খেলেছেন এই ডিফেন্ডার।
কুন্দের বদলি হিসেবে নেমে ডান প্রান্তে হোয়াও কানসেলোকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ৬৮ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় বাঁ পায়ে হ্যামস্ট্রিং সমস্যার ইঙ্গিত দেন আলেহান্দ্রো বালদে। পরে তাঁকেও মাঠ ছাড়তে হয়। চলতি মৌসুমে এটি তাঁর দ্বিতীয় চোট। সেপ্টেম্বরে একই ধরনের সমস্যায় প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ২ হাজার ৪৪৭ মিনিট খেলেছেন বালদে।
বালদের বদলি হিসেবে মাঠে নামেন রোনাল্ড আরাউহো, যা ছিল ক্লাবের হয়ে তাঁর ২০০তম ম্যাচ। জেরার্দ মার্টিন সেন্টার-ব্যাক থেকে সরে নিজের স্বাভাবিক পজিশন লেফট-ব্যাকে চলে যান।
দুজনই বুধবার মেডিকেল পরীক্ষা করাবেন। তবে প্রাথমিক ধারণা, মাসের শেষে আন্তর্জাতিক বিরতির আগে তাঁদের ফেরার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন তাঁরা।
এই তালিকায় রয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে নিউক্যাসল ইউনাইটেডর বিপক্ষে লড়াই এবং লা লিগায় আথলেটিক ক্লাব, সেভিয়া ও রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ।
স্প্যানিশ দৈনিক এএসের সাংবাদিক হাভি মিগেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বালদের চোট কুন্দের তুলনায় গুরুতর হতে পারে। সে ক্ষেত্রে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে কুন্দে দ্রুত সেরে উঠলে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে ফেরার সম্ভাবনা থাকছে।

অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপে খেলতে এসে মাঠের বাইরে এক ভিন্ন লড়াইয়ের মুখোমুখি ইরান দল। দেশের চলমান সংঘাতের মধ্যে পরিবার-পরিজনের খোঁজ না পেয়ে উদ্বেগ আর অজানা শঙ্কা নিয়েই খেলতে নামছেন তারা।
বৃহস্পতিবার গ্রুপ ‘এ’তে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে ইরান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি দলের ২১ বছর বয়সী ফরোয়ার্ড সারা দিদার।
“ইরানে যা ঘটছে, তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন ও কষ্টে আছি। আমাদের পরিবারগুলো সেখানে। দেশের জন্য ভালো খবরের অপেক্ষায় আছি। চাই, আমার দেশ শক্তভাবে টিকে থাকুক।”
গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে সংঘাত ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়।
আরও পড়ুন
| 'লড়াই করেছি, দৌড়েছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি' |
|
পরে আরব অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই পরিস্থিতিতে যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। ইরান দলের প্রধান কোচ মারজিয়া জাফরি জানান, ব্ল্যাকআউটের কারণে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগও সীমিত হয়ে পড়েছে।
“আমাদের পরিবার, প্রিয়জন ও দেশের মানুষের স্বাস্থ্য-নিরাপত্তা নিয়ে আমরা খুবই চিন্তিত। তবে আমরা এখানে পেশাদার ফুটবলার হিসেবে এসেছি। সামনে যে ম্যাচ, তাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।”
ইরান দল এই সংঘাত শুরুর আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল। রোববার টুর্নামেন্টের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাফারি ও খেলোয়াড়েরা যুদ্ধ বা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন।
বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পক্ষ থেকেও সংবাদমাধ্যমকে ম্যাচসংক্রান্ত প্রশ্নেই সীমিত থাকার অনুরোধ করা হয়। তবু এক প্রশ্নে দিদার ও জাফারি দুজনই দেশের মানুষের কথা তুলে ধরেন।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে ইরান। গোল্ড কোস্টে ওই ম্যাচের আগে জাতীয় সংগীত বাজানোর সময় নীরব দাঁড়িয়ে ছিল পুরো দল। গ্যালারির একাংশে ইরানি সমর্থকেরা লাল-সবুজ-সাদা পতাকা উড়িয়ে দলকে সমর্থন জানান।
জাফরি বলেন, প্রবাসী ইরানি-অস্ট্রেলীয়দের সমর্থন দলকে শক্তি জুগিয়েছে।

রিয়াল মাদ্রিদের ওপর যেন শনির দশা ভর করেছে। একাদশ সাজাতেই হিমশিম খাওয়ার উপক্রম হয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির। এরমধ্যে আক্রমণভাগের দুই তারকাকে নিয়েই মাথাব্যথা বেশি তাদের। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল নামের ভয়াবহ চোটে পুরো মৌসুম থেকেই ছিটকে পড়েছেন রদ্রিগো। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে আক্রমণভাগের প্রাণভোমরা কিলিয়ান এমবাপের চোটও কপালে দুশ্চিন্তার ভাঁজকে আরও বড় করছে রিয়ালের। ফরাসি এই তারকা ফরোয়ার্ডও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন।
এমবাপের চোট কী গুরুতর?
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন, লিগ ম্যাচ চলাকালীন এমবাপে বাঁ হাঁটুতে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও বাইরের মেনিস্কাস ছিঁড়ে ফেলেন। হাঁটুর এই অংশগুলো শরীরের স্থিতিশীলতা, গতি, হঠাৎ দিক পরিবর্তন এবং মুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ— একজন শীর্ষ পর্যায়ের আক্রমণভাগের খেলোয়াড়ের জন্য যা অপরিহার্য।
আরও পড়ুন
| বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের |
|
এসিএল ছিঁড়ে যাওয়া ফুটবলের সবচেয়ে গুরুতর চোটগুলোর একটি। প্রায় সব ক্ষেত্রেই এর জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয় এবং এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সাধারণত সুস্থ হয়ে ফিরতে ছয় থেকে নয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। কেউ কেউ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফেরেন, তবে অনেকেরই আগের সেরা পারফরম্যান্সে ফিরতে এক বছর বা তারও বেশি সময় লেগে যায়।
এই চোটে খেলোয়াড়রা তখনই মাঠে ফেরেন, যখন শক্তি, স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে। তাড়াহুড়া করে ফিরলে বাড়তে পারে বিপদ। পুনরায় চোটের ঝুঁকি বেড়ে যাওয়ার সঙ্গে দীর্ঘমেয়াদে পারফরম্যান্সেও প্রভাব পড়তে পারে।
আধুনিক সার্জারি ও উন্নত পুনর্বাসন পদ্ধতির কারণে আগের তুলনায় অনেক দ্রুতই এসিএল চোট থেকে সেরে উঠছে খেলোয়াড়রা। তবুও নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো নেই। প্রতিটি খেলোয়াড়ের শরীর আলাদাভাবে সাড়া দেয়, তাই পুনরায় চোট বা জটিলতা এড়াতে অত্যন্ত সতর্কভাবে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
শেষ পর্যন্ত কী বিশ্বকাপ মিস করবেন এমবাপে?
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এরমধ্যেই এমবাপের বাজে চোট ফ্রান্সের জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে। প্রত্যাশিত পুনর্বাসন সময় বিবেচনায়, বড় ধরনের চিকিৎসা অগ্রগতি না হলে বিশ্বকাপে ফ্রান্সের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে।
আরও পড়ুন
| অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আশা জাগিয়েও বিদায় নিল বার্সেলোনা |
|
ইতিহাস বলছে, এসিএল চোটের কারণে অনেক শীর্ষ খেলোয়াড় বড় টুর্নামেন্ট মিস করেছেন। এই স্তরে খেলতে যে উচ্চমাত্রার ফিটনেস ও সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স দরকার, তা চোট থেকে সেরে ওঠার পরপরই পাওয়া কঠিন। সময়মতো পুর্নবাসন শেষ করলেও বিশ্বকাপের মতো মঞ্চে চূড়ান্ত ছন্দে পৌঁছাতে অতিরিক্ত কয়েক মাস লেগে যেতে পারে।
রিয়াল মাদ্রিদের শিরোপা দৌড়ে হোঁচট
চলতি মৌসুমে কোনো সন্দেহ ছাড়াই রিয়াল মাদ্রিদের সেরা অস্ত্র এমবাপে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড দলটির আক্রমণভাগের কেন্দ্রবিন্দু। ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা এমবাপে। দলের জয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ অবদান রাখা এমন খেলোয়াড়কে হারানো রিয়ালের জন্য বড় অশনিসংকতেও। তাঁকে ছাড়া এখন গোল করার দায়িত্ব ভাগ করে নিতে হবে অন্যদের—বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামকে।
স্কোয়াড গভীরতা কিছুটা স্বস্তি দিলেও, এমবাপের গতি, অফ-দ্য-বল মুভমেন্ট এবং ফাইনাল থার্ডে কার্যকারিতা বিকল্প পাওয়া অসম্ভবই। বিশেষ করে নকআউটের বাঁচামরার ম্যাচে এক মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারদর্শী তিনি। মৌসুমের বাকি সময়ে এমবাপের মতো খেলোয়াড়ের অনপস্থিতি রিয়ালের কোচ আরভালো আরবেলোয়ার কাজ বেশ কঠিনই করে দেবে।