
২০২৩ সালের ২৩ সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। ৩৬ বছর বয়সী এই পোষ্টার বয় এখন চালিয়ে যাচ্ছেন শুধু ঘরোয়া ক্রিকেট। বিপিএল এবং ডিপিএলে এখনও তার কদর অনেক। তার ক্যাপ্টেন্সিতে বিপিএলে ফরচুন বরিশাল পেয়েছে শিরোপা। ওল্ড ডিওএইচএস-এর কাউন্সিলর হয়ে এখন তামিম বিসিবির আসন্ন নির্বাচনী ময়দানে রাত-দিন কাটাচ্ছেন প্রচারণায়। অলিখিত ভাবে একটি প্যানেলকে দিচ্ছেন নেতৃত্ব। রোববার রাজধানীর একটি হোটেলে জেলাও বিভাগীয় ক্রীড়া সংগঠক এবং ঢাকার ক্লাব ক্রিকেট সংগঠকদের যৌথ সংবাদ সম্মেলনে বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচিত হলে ক্রিকেট ছেড়ে দিবেন বলেও আগাম ঘোষণা দিয়েছেন তামিম-
'আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে সবাই জানে, যে আমি যদি বিসিবিতে নির্বাচিত হই, তাহলে আমি আর ক্রিকেট খেলব না। কিন্তু কোথাও লেখা নেই যে আমি খেলতে পারব না। নির্বাচিত হলে ক্রিকেটের সাথে সম্পর্ক থাকবে না। তারপর যেহেতু প্রশ্ন উঠেছে, তাই আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি নির্বাচিত হলে, তাহলে এই দেশে ক্রিকেটের সাথে আমার কোনও সম্পৃক্ততা থাকবে না। তবে, যদি অন্য কোথাও কোনও চ্যারিটি ম্যাচ হয়, তাহলেও আমি তাতে অংশগ্রহণ করতে স্বাধীন।'
আরও পড়ুন
| ছক্কার ফিফটি করে অভিষেকের বিশ্ব রেকর্ড |
|
বিসিবির আসন্ন নির্বাচনে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অযাচিত হস্তক্ষেপ করছেন। তার ইচ্ছায় নির্বাচনী তপশিলে বার বার পরিবর্তন এসেছে বলে সংবাদ সম্মেলনে বলেছেন-
' আমি যদি ভুল করে না থাকি, তাহলে নির্বাচন কমিশন গঠিত হয়েছে ৬ সেপ্টেম্বর। নির্বাচন কমিশন গঠনের পর, সকল বিষয় অবশ্যই এর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। কাউন্সিলর মনোনয়নের সময়সীমা প্রথমে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল এবং হঠাৎ করেই বিসিবির পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা আসে যে কাউন্সিলর প্রেরণের সময়সীমা বাড়ানো হবে, প্রথমে ১৯ সেপ্টেম্বর এবং তারপর ২২ সেপ্টেম্বর। প্রথম যখন কাউন্সিলর নাম প্রেরণের তারিখ পরিবর্তন করা হয়, তখন তিন-চারজন পরিচালকের কিছুটা সম্মতি ছিল, কিন্তু দ্বিতীয়বার যখন পিছিয়ে দেয়া হয়, তখন অন্য কারও সাথে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।'
আরও পড়ুন
| সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে বেথেলের সিরিজ জয় |
|
জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের স্বাক্ষর নিয়ে পরীক্ষিত সংগঠকরা কাউন্সিলর ফরম জমা দেয়ার পরও কেনো তাদের ফরম বাতিল করে এডহক কমিটি থেকে কাউন্সিলর প্রেরণের চিঠি যুবও ক্রীড়া মন্ত্রানালয়কে দিলেন বিসিবি সভাপতি, তার সমালোচনা করেছেন তামিম-
' জেলা প্রশাসনের স্বাক্ষর সহ কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়ার রেওয়াজ আছে। এরকম অনেক রিসিভিং কপি আমাদের হাতে আছে। ঠিক এমন সময় কাউন্সিলর প্রেরনে সময়সীমা বাড়ানো হয়। নির্বাচন কমিশন গঠনের পর বিসিবি সভাপতি এ ধরণের চিঠি দেন কীভাবে ? গঠণতন্ত্র অনুযায়ী, নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর বিসিবি সভাপতি এই ধরনের কোনও চিঠিতে স্বাক্ষর করতে পারবেন না। কিন্তু বাস্তবে, তিনি স্বাক্ষর করে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছেন। যদি তিনি নির্বাচন সম্পর্কে কিছুই জানেন না, তাহলে তিনি কীভাবে এত বিস্তারিত নির্দেশনা দেন?'
আরও পড়ুন
| ভারতের বাজে ফিল্ডিং, ফারহানের ফিফটি, পাকিস্তানের ১৭১ |
|
যুবও ক্রীড়া উপদেষ্টার প্রত্যক্ষ সমর্থন নিয়ে নির্বাচনকেন্দ্রীক একটার পর একটা অগঠণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমনটাই মনে করছে তামিম-
' বুলবুল ভাই কিছুদিন আগে বলেছেন, উপদেষ্টা চাইলে তিনি বিসিবিতে নির্বাচন করবেন। এই কথা বলে কিন্তু তিনি তার অবস্থান পরিস্কার করেছেন।'
আইসিসি সরকারের হস্তক্ষেপের তীব্র বিরোধী, তা বুলবুলকে মনে করিয়ে দিতে চান তামিম-
'বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আইসিসিতে কাজ করেছেন। এ ব্যাপারে উনি অনেক ভাল জানেন। উনি যে বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করছেন, এ ব্যাপারে একজনও দ্বিমত পোষন করবেন না।'
No posts available.
১৩ মার্চ ২০২৬, ১১:১৯ পিএম
১৩ মার্চ ২০২৬, ৮:৩৭ পিএম
মিরপুরে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছে সালমান আলী আগার বিতর্কিত রান আউট প্রসঙ্গ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
শুক্রবার টস হেরে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচের ৩৯তম ওভার করতে আসেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের করা চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। অপরপ্রান্তে ৬৪ রানে থাকা সালমান আলি আগা রান নিতে গিয়ে সামনে গিয়ে বলটি এগিয়ে দিতে চেয়েছিলেন মিরাজের হাতে।
তবে মিরাজ বলটি হাতে নিয়ে দ্রুত স্ট্যাম্পে ভাঙেন এবং রান আউটের আবেদন করেন। আম্পায়ার আউট দিলে সালমান আলি আগা ক্ষোভে ফেটে পড়েন। পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটার বিষয়টিকে ফেয়ার প্লে নয় বলে মন্তব্য করেছেন।
তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশতাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মিরাজ কোনো ভুল করেননি এবং তিনি স্রেফ খেলার নিয়মই অনুসরণ করেছেন।
“ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে ড্রেসিংরুম থেকেও বিষয়টি বুঝে উঠতে সময় লেগেছে। বলটি তখনও খেলায় ছিল। সালমান আলী আগা ক্রিজ থেকে বেশ অনেকটা দূরে ছিলেন।”
“সম্ভবত তিনি ভেবেছিলেন বলটি ‘ডেড’ হয়ে গেছে এবং তিনি মিরাজকে বলটি তুলে দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন। অন্য দিকে মিরাজ সম্পূর্ণ খেলার মধ্যে ছিলেন এবং তিনি সুযোগ দেখা মাত্রই রান আউট করেছেন। মিরাজ কোনো ভুল করেনি।”
মিরপুরের এই পেস সহায়ক এবং চ্যালেঞ্জিং পিচ নিয়ে মুশতাক বলেন, এটি মূলত আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ।
“আমরা এমন পিচ তৈরি করছি কারণ দক্ষিণ আফ্রিকায় আগামী বিশ্বকাপে এমনই কন্ডিশন পাওয়া যাবে। আন্তর্জাতিক পর্যায়ে ভালো দল হতে চাইলে যেকোনো কন্ডিশনে মানিয়ে নিতে হবে।”
প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দুর্দান্ত শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজ নির্ধারণী ম্যাচটি জিতে ট্রফি নিজেদের ঘরে রাখতে আশাবাদী মুশতাক।
“আমাদের গত ম্যাচের ভুলগুলো দ্রুত ভুলে যেতে হবে। আমরা জানি আমাদের সামর্থ্য আছে এবং ছেলেরা যদি নিজেদের পরিকল্পনা ঠিকঠাক কার্যকর করতে পারে, তবে ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতব।”

কাকতালীয়ই বটে। দুই দিন আগে ঠিক ইফতারের সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে সিরিজের প্রথম ম্যাচের ফল নিষ্পত্তি হয়েছে। ৪৮ ঘন্টা পরে শের-ই-বাংলা স্টেডিয়ামের দর্শক যখন ইফতারির পরে পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার প্রহর গুনেছেন, তখন রিশাদের বলে মোহাম্মদ ওয়াসিমের আউট হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান অল আউট, ঠিক সন্ধ্যা ৬টা ৮ মিনিটে ইফতারির আজানের ধ্বনি শুনেছে মিরপুরে দর্শক! সিরিজের প্রথম ম্যাচে ১১৪রানে অল আউট পাকিস্তান, বৃষ্টি বিঘ্নিত সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই স্কোরেই বাংলাদেশকে অলআউট করেছে পাকিস্তান।
সিরিজের প্রথম ম্যাচে যে দলটিকে ১১৪ রানে ইনিংস গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ, সেই পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে করেছে ২৭৪/১০! শুকিয়ে কাঠ হয়ে যাওয়া পিচে এই স্কোর প্রত্যাশিতই। ৪৮ ঘন্টা আগে বাংলাদেশ বোলারদের বোলিং তাণ্ডবে ছিন্নভিন্ন হওয়া পাকিস্তান কীভাবে দ্বিতীয় ম্যাচে এতোটা ঘুরে দাঁড়ালো ? এই প্রশ্নের উত্তরে কৃতিত্ব দিতে হবে তাদের ওপেনিং ব্যাটার মাজ সাদাকাত (৪৬ বলে ৭৫), শাহিবজাদা ফারহান (৪৬ বলে ৩১), মিডল অর্ডার মোহাম্মদ রিজওয়ান (৫৯ বলে ৪৪), সালমান আগা (৬২ বলে ৬৪)-কে। প্রথম উইকেট জুটির ৭৮ বলে ১০৩, ৪র্থ উইকেট জুটির ১১৫ বলে ১১৯ রান বড় পুঁজির সহায়ক হয়েছে।
ব্যাটিং পাওয়ার প্লে-এর প্রথম ১০ ওভারে পাকিস্তানের স্কোর ৮৩/০, ওভারপ্রতি রান ৮.৩০। তাসকিন এবং নাহিদ রানার অমিতব্যয়ী প্রথম স্পেলের কারনেই শুরুতে ছিল বাংলাদেশের ছন্দহীন। ২ ওভারের প্রথম স্পেলে উইকেটহী তাসকিনের খরচা ২০, নাহিদ রানা সেখানে উইকেটহীন ৩ ওভারে খরচা করেছে ৩২।
সিরিজের প্রথম ম্যাচে শর্ট বলের ছড়াছড়িতে পাকিস্তান ব্যাটারদের আঁতকে দিয়েছেন দীর্ঘদেহী তরুণ পেসার নাহিদ রানা। সেই ম্যাচে নামতা গুনে প্রথম ৫ ওভারের প্রতিটিতেই একটি করে শিকার করেছেন বাংলাদেশের সবচেয়ে গতির বোলার। দ্বিতীয় ম্যাচে সেই রূপে দেখা যায়নি নাহিদ রানাকে। ৩ ওভারের প্রথম স্পেলটি তার খরুচে (৩-০-৩২-০)। যার মধ্যে তৃতীয় ওভারে খরচ করেছেন ২০ রান।
যেভাবে পাকিস্তান ইনিংস শুরু করেছে, তাতে তিনশ প্লাস স্কোরের পূর্বাভাস কিন্তু ছিল। ৪০ ওভার পর্যন্ত রানের গতিটা সেই কক্ষপথেই ছিল। তবে রিশাদের শেষ স্পেলের (১.৩-০-৫-২) সঙ্গে মোস্তাফিজের শেষ স্পেলে (২-০-৮-১) পাকিস্তানকে ২৭৪-এ থামিয়েছে বাংলাদেশ। শেষ পাওয়ার প্লেতে ৩৯ রানে শেষ ৫ উইকেট হারাতে হয়েছে পাকিস্তানকে।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের পেস ত্রয়ী ছড়িয়েছে আতঙ্ক। দ্বিতীয় ম্যাচে তাসকিন (৮-০-৫৯-১),নাহিদ রানা (১০-০-৫৯-১), মোস্তাফিজ (৯-০-৫৩-১) করেছেন গড়পড়তা বোলিং। ব্যতিক্রম ছিলেন অফ স্পিনার মিরাজ (১০-২-৩৪-২) এবং লেগ স্পিনার রিশাদ (৯.৩-০-৫৬-৩)।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ছিল মাজ সাদাকাতের ওডিআই অভিষেক। ২৮ বলে ১৮ রানের সেই অভিষেক ইনিংসের অতৃপ্তি ঘোঁচাতে দ্বিতীয় ম্যাচের শুরু থেকে টি-২০ আমেজে ব্যাটিং করেছেন। মোস্তাফিজের প্রথম দুই বলে কভার ড্রাইভে বাউন্ডারিতে আত্মবিশ্বাসী হয়ে ওঠা মাজ সাদাকাত তাসকিনের এক ওভারে মেরেছেন ২টি ছক্কা। যার মধ্যে একটি নো বলে পুল শটে ছক্কা! নাহিদ রানার প্রথম ওভারে লং অনের উপর দিয়ে তার ছক্কাটির দূরত্ব ছিল ৯৭ মিটার।
৩১ বলে অভিষেক ফিফটি উদযাপন করেছেন মাজ সাদাকাত। ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর যখন ৮৫/০, তখন মাজ সাদাকাতের ৬৩। মিরাজের দ্বিতীয় ওভারে স্কুপ করতে যেয়ে টপ এজ হয়ে উইকেটের পেছনে দিয়েছেন ক্যাচ, ততোক্ষণ ৪৬ বলে ৬ চার, ৫ ছক্কায় ৭৫ রান করেছেন তিনি ১৬৩.০৪ স্ট্রাইক রেটে।
৫০ বলে ফিফটি পূর্ণ করে ৪র্থ উইকেট জুটিতে রিজওয়ানের সাথে সেঞ্চুরি পার্টনারশিপে নেতৃত্ব দেয়া সালমান আগা-কে কৌশলে ফিরিয়ে দিয়েছেন মিরাজ। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউজকে টাইমড আউটে ফিরিয়ে দিয়ে সাকিবের যে দৃষ্টান্তটি এখনো শ্রীলঙ্কা সমর্থকদের চোখে গেম অব স্পিরিটের পরিপন্থি, সেই ছবিটিই মনে করিয়ে দিয়েছেন চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরাজ। ৩৯তম ওভারের ৪র্থ বলে মিরাজকে পাঞ্চ করেছিলেন রিজওয়ান। সেই বলটি ফলো থ্রুতে ধরতে যখন চেষ্টা করেছেন বোলার মিরাজ, তখন পপিন ক্রিজের বাইরে এসে বলটি নন স্ট্রাইক এন্ডের ব্যাটার সালমান আগা মিরাজের ফিল্ডিংয়ে বাধা তৈরি করতে অপচেষ্টা করেছেন। প্রথম ব্যাট দিয়ে বলটি থামাতে চেয়েছেন, পরে মিরাজের সঙ্গে বলটি ধরতে দিয়েছেন পাল্লা। কিন্তু তার সব অপচেষ্টা হয়েছে বিফল। বলটি ডেড হওয়ার আগে মিরাজ অন্ডার আর্ম থ্রো-তে রান আউটে হতভম্ব করেছেন সালমান আগাকে (৬২ বলে ৭ চার, ২ ছক্কায় ৬৪)। টিভি আম্পায়ার ধর্মসেনাও এটিকে বৈধ রান আউটের সিদ্ধান্ত দিয়েছেন। বল ‘ডেড’ হওয়ার আগে ক্রিজের বাইরে থাকায় নিয়মানুযায়ীই রানআউট হয়ে ফিরতে হয়েছে তাঁকে।তবে এই আউট নিয়ে তাৎক্ষণিকভাবে উষ্মা প্রকাশ করেছেন সালমান আগা। মিরাজের উপর ক্ষুব্ধ হতে দেখা গেছে তাকে, লিটনকে উদ্দেশ্য করেও কিছু একটা বলতে দেখা গেছে সালমান আগাকে। মিরাজও পাল্টা জবাব দিয়েছেন। নিজের ভুলে আউট হয়েও ক্রোধ প্রকাশ করতে ড্রেসিং রুমে ফেরার পথে বাউন্ডারি রোপের সামনে ব্যাট-হেলমেট ছুঁড়ে ফেলেছেন!
২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ টপ অর্ডাররা দিয়েছে বিপদসংকেত। ৬.৩ ওভার শেষে সন্ধ্যা ৭টা ২১ মিনিটে যখন শিলাবৃষ্টিতে ম্যাচটি বন্ধ করতে বাধ্য হয়েছেন ম্যাচ অফিসিয়ালরা, তখন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি (৩.৩-০-৯-২) এবং মোহাম্মদ ওয়াসিমের (৩-০-১৮-১) বোলিংয়ে বাংলাদেশের স্কোর ২৭/৩। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় লজ্জার বদলা নেয়ার সংকল্প ফুটে উঠেছে পাকিস্তান ক্রিকেটারদের অভিব্যক্তিতে।
শিলা বৃষ্টির পর আকাশে বজ্রপাতে ফ্লাড লাইটের অনেকগুলো বাল্বও নিভিয়ে দিয়েছে বিসিবি। রাত ৮টা ৫৭ মিনিটে মাঠ পরিদর্শন শেষে পিচ কভার উঠিয়ে নেয়া হয়েছে, জ্বলেছে সব কটি ফ্লাড লাইটের বাল্ব। রাত ৯টা ৩৫ মিনিটে খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। ৩২ ওভারে বাংলাদেশ দলের টার্গেট দাঁড়িয়েছে ২৪৩ রান। অর্থাৎ অবশিষ্ট ২৫.৩ ওভারে বাংলাদেশকে করতে হবে ২১৬ রান। ওভারপ্রতি ৮.৫৩ রানের টার্গেট পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। টি-২০ মেজাজে ব্যাটিংয়ের মানসিকতা নিয়েই নামতে হত বাংলাদেশ দলকে। পুনরায় খেলা শুরুতে লিটনের ব্যাটিংয়ে সেই মেজাজই দেখেছে দর্শক। তবে বাঁ হাতি স্পিনার মাজ সাদাকাতের ৫ ওভারের একটি স্পেলে (৫-০-২৩-৩) প্রথম বলে দর্শনীয় পুল শটে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে পরের বলে সুইপ করতে যেয়ে এলবিডাব্লুতে কাটা পড়েছেন লিটন দাস (৩৩ বলে ৪ চার, ২ ছক্কায় ৪৪)। ৪র্থ উইকেট জুটিতে লিটন-হৃদয়ের ৪৮ বলে ৫৪ রানের পার্টনারশিপকে অনুসরণ করতে পারেনি পরবর্তীতে কেউ।
বৃষ্টির পর উইকেটে ধরেছে স্পিন। তাতেই মাজ সাদাকাত চিনিয়েছেন নিজেকে। লিটনকে শিকারে প্রথম আন্তর্জাতিক উইকেট শিকার উদযাপন করা মাজ সাদাকাত নিজের তৃতীয় ওভারে আফিফকে ( ১৫ বলে ২ ছক্কায় ১৪)পুল শটে প্রলুব্ধ করে মিড উইকেটে ক্যাচ দিতে বাধ্য করেছেন। তাঁর ৪র্থ ওভারের শেষ বলে রিশাদ ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে যেয়ে বোল্ড (৫ বলে ২)।
৭৩ রানে ৩ উইকেটের পর মাজ সাদাকাতের ছোবলে স্কোরটা যখন ১০১/৭, তখনই ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে গেছে। বাকি আনুষ্ঠানিকতা সেরেছেন পেসার হারিস রউফ তার ভয়ংকর শেষ স্পেলে (২.৩-০-৬-৩)। শেষ ৩ উইকেট পড়েছে মাত্র ১১রানে। তাতেই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১১৪ রানে অলআউটের বদলা নিয়েছে পাকিস্তান, সেই ১১৪ রানে বাংলাদেশকে অলআউট করে।

ক্রিকেটে আউট হওয়া স্বাভাবিক ঘটনা। তবে কিছু আউট থাকে, যেগুলো নিয়মের চেয়ে বিতর্কের কারণেই বেশি আলোচিত হয়। যার সবশেষ সংযোজন মিরপুরে আজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলি আগাকে করা মেহেদি হাসান মিরাজের আউটটি।
গত এক দশকে বাংলাদেশের ম্যাচ ঘিরে এমন কয়েকটি ঘটনা ঘটেছে, যা শুধু মাঠেই উত্তেজনা তৈরি করেনি বরং ক্রিকেট বিশ্বেও আলোচনার জন্ম দিয়েছে।
দেখে নেওয়া যাক বাংলাদেশের সঙ্গে যত বিতর্কিত আউট
অ্যাঞ্জেলো ম্যাথিউসের 'টাইমড আউট'
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট দিলে চরম বিতর্ক হয়। হেলমেটের সমস্যার কারণে মাঠে নামতে দেরি হওয়ায় সাকিবের আপিলে ম্যাথিউসকে টাইমড আউট ঘোষণা করেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ঘটনা।
মুশফিকুর রহিমের 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড'
২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে নির্বিষ এক ডেলিভারি মুশফিকুর রহিম ডিফেন্স করার পর বল যখন স্ট্যাম্পের দিকে যাচ্ছিল, তখন তিনি হাত দিয়ে সেটি সরিয়ে দেন। কিউইদের আবেদনে আম্পায়ার তাকে 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' হিসেবে আউট ঘোষণা করেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এ ধরনের আউটের ঘটনা।
টেস্টে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই আউট হন মুশফিক। এর আগে ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' আউট হয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার লেন হাটন।
রোহিত শর্মার নো-বল বিতর্ক
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুবেল হোসেনের একটি ফুল টস বলে রোহিত শর্মা ক্যাচ দিলেও আম্পায়ার আলিম দার সেটিকে নো-বল ডাকেন। রিপ্লেতে দেখা যায় বলটি কোমরের নিচে ছিল। সেই ম্যাচে রোহিত জীবন পেয়ে সেঞ্চুরি করেন এবং বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সেই সময় সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেটবিশ্বে।
সালমান আলী আগার বিতর্কিত রান আউট
বিতর্কিত আউটের সবশেষ সংযোজন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজকের (১৩ মার্চ) ম্যাচে। টস হেরে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচের ৩৯ তম ওভার করতে আসেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের করা চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। অপরপ্রান্তে ৬৪ রানে থাকা সালমান আলি আগা রান নিতে গিয়ে সামনে গিয়ে বলটি এগিয়ে দিতে চেয়েছিলেন মিরাজের হাতে।
তবে মিরাজ বলটি হাতে নিয়ে দ্রুত স্ট্যাম্পে ভাঙ্গেন এবং রান আউটের আবেদন করেন। আম্পায়ার আউট দিলে সালমান আলি আগা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার পর আবারও ক্রিকেট বিশ্বে 'স্পিরিট অফ ক্রিকেট' নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ টপ অর্ডাররা দিয়েছে বিপদসংকেত। ৬.৩ ওভার শেষে সন্ধ্যা ৭টা ২১ মিনিটে যখন শিলাবৃষ্টিতে ম্যাচটি বন্ধ করতে বাধ্য হয়েছেন ম্যাচ অফিসিয়ালরা, তখন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি (৩.৩-০-৯-২) এবং মোহাম্মদ ওয়াসিমের (৩-০-১৮-১) বোলিংয়ে বাংলাদেশের স্কোর ২৭/৩। তাহলে কী প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় লজ্জার বদলা নেয়ার সংকল্প পাকিস্তানের ?
তবে শিলা বৃষ্টির পর আকাশে বজ্রপাতে ফ্লাড লাইটের অনেকগুলো বাল্বও নিভিয়ে দিয়েছে বিসিবি। রাত ৮টা ৫৭ মিনিটে মাঠ পরিদর্শন শেষে পিচ কভার উঠিয়ে নেয়া হয়েছে, জ্বলেছে সব কটি ফ্লাড লাইটের বাল্ব। রাত ৯টা ৩৫ মিনিটে খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। ৩২ ওভারে বাংলাদেশ দলের টার্গেট দাঁড়িয়েছে ২৪৩ রান। অর্থাৎ অবশিষ্ট ২৫.৩ ওভারে বাংলাদেশকে করতে হবে ২১৬ রান। ওভারপ্রতি ৮.৫৩ রানের টার্গেট পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। টি-২০ মেজাজে ব্যাটিংয়ের মানসিকতা নিয়েই নামতে হবে বাংলাদেশ দলকে।

বাংলাদেশের ইনিংসের ৫.৪তম ওভারে ঘটেছে বড় ধরণের ইনজুরির ঘটনা। পাকিস্তান পেসার মোহাম্মদ ওয়াসিমকে লিটন দাস কভার ড্রাইভে বাউন্ডারি মেরেছেন। ওই বাউন্ডারি বাঁচাতে যেয়ে বড় ধরনের ইনজুরিতে পড়েছেন ফিল্ডার হুসেইন তালাত। বাউন্ডারি রোপ পেরিয়ে ভিআইপি গ্যালারির দেয়ালের সঙ্গে ধাক্কা খান তিনি। বিসিবির মিডিয়া রিলিজ বলছে, আঘাতটা লেগেছে তার সোলডারে, তাই সিটি স্ক্যানের প্রয়োজন পড়েছে। তাই অ্যাম্বুলেস যোগে সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
কেনো এমন হলো ? এটাই প্রশ্ন।
এরশাদ সরকারের আমলে শের-ই-বাংলা স্টেডিয়ামটি নির্মিত হয়েছে ফুটবল এবং অ্যাথলেটিক্স খেলার কথা মাথায় রেখে। ১৯৮৮ সালে ফুটবল দিয়ে অভিষেক হওয়া এই স্টেডিয়ামটিতে ১৯৯৩ সালে সাফ গেমসকে সামনে রেখে বসেছে অ্যাথলেটিক্স ট্র্যাক। সে কারণে ২০০৫ সালে আয়তকার এই স্টেডিয়ামটিকে ক্রিকেট ভেন্যুতে রূপান্তরে বিসিবিকে পড়তে হয়েছে সমস্যায়। পূর্ব গ্যালারি এবং পশ্চিম প্রান্তের ভিআইপি গ্যালারির ফেন্সিং ভেঙ্গে স্কোয়ার লেগ, এবং কভার পজিশনে মাঠের আয়তন আইসিসির গাইডলাইন অনুযায়ী বানাতে হয়েছে। মূল স্টেডিয়ামের কাঠামোতে কিছু পরিবর্তন এনে এই দুই পজিশনে গ্যালারির দুটি ধাপও ভেঙ্গে ফেলতে হয়েছে। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ব্যবহৃত ৩, ৪ এবং ৫ নম্বর পিচ থেকে বাউন্ডারি রোপের দূরত্ব দেশের অন্যসব ক্রিকেট ভেন্যুর তুলনায় ছোট।
শের-ই-বাংলা স্টেডিয়ামের কিউটের বদিউল আলম খোকন অবশ্য বলেছেন আইসিসির গাইডলাইন অনুযায়ী বাউন্ডারি রোপ থেকে দেয়ালের দূরত্ব রাখা হয়েছে-
‘ আইসিসির শর্ত অনুযায়ী বাউন্ডারি রোপ থেকে গ্যালারির দেয়ালের দূরত্ব ১০ ফুট থাকতে হবে। সেই হিসাব করে এই ম্যাচে সেন্টার উইকেট থেকে কভার পজিশনে মাঠের দূরত্ব ৬৮ মিটার রেখে বাউন্ডারি রোপ থেকে ফেন্সিংয়ের দূরত্ব ২.৭৪ মিটার রাখা হয়েছে।’
আইসিসির শর্ত অনুযায়ী সেন্টার উইকেট থেকে কভার-স্কোয়ার লেগে বাউন্ডারির দূরত্ব ৬০ মিটার রাখলেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব। সিরিজের দ্বিতীয় ম্যাচে সেখানে শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠের আয়তন সেখানে লং অন-লং অফে ৭০ মিটার, পূর্ব দিকে স্কয়ার লেগ-কভার পজিশনে ৬৪ মিটার, পশ্চিম প্রান্তে কভার-স্কোয়ার লেগে সেখানে ৬৮ মিটার। অর্থাৎ যে পজিশনে তালাত ইনজুরিতে পড়েছেন, সেই পজিশনে মাঠ ৮ মিটার ছোট করলেও আইসিসির আপত্তি থাকতো না। আর যদি মাঠের এই পজিশনের আকার ছোট না করা যায়, তাহলে দুই টিমের দুই ড্রেসিং রুমের পাশে থাকা ফেন্সিং ওয়াল ভেঙ্গে ফেলাটাই উত্তম। তা না হলে ভবিষ্যতে হুসেইন তালাতের মতো ইনজুরিতে পড়তে পারেন আরও কেউ কেউ।