
অ্যাবসুলেট সিনেমা….বার্সেলোনা ইন্তারের ম্যাচের পারফেক্ট হেডলাইন। যেন দম ফেলার নেই ফুসরত। যার শুরু প্রথম মিনিটে, চলেছে ৯০ মিনিট পর্যন্ত। নান্দনিক ফুটবল, ৬ গোলের মোহারণ, আর ১৭ বছর বয়সী এক তরুণের সব আলো কেড়ে নেওয়া। ক্লাসিক চ্যাম্পিয়নস লিগ নাইট যেমন হয় আর কী। যেই রাত ফুটবল সমর্থকদের মনে দাগ কেটে যাবে লম্বা সময়।
দিয়ারিও স্পোর্টসের ফ্রন্ট পেইজ বলছে, সব কিছুই সম্ভব ইয়ামালকে নিয়ে… নিজের শততম ম্যাচটাকে এতটাই রাঙিয়েছেন এই তরুণ। দারুণ একটা গোল, আর তার বা পায়ের জাদুতে ক্ষণে ক্ষণে সমর্থকদের ভাসিয়েছেন উচ্ছ্বাসে, আর নিয়েছেন ইন্তার ডিফেন্ডারদের কঠিন পরীক্ষা। এমনকি ইংল্যান্ডে বসা আর্লিং হলান্ডকে পর্যন্ত বাধ্য করেছেন তাকে নিয়ে পোস্ট দিতে।
এই ম্যাচে নায়ক আছে আরও একজন…ডেঞ্জেল ডামপ্রিস। দুই গোলের সঙ্গে, এক অ্যাসিস্ট সেই সাথে রক্ষণ সামলানোর ধকল তো ছিলই। এত সব তারকার ভিড়ে ডাচ ডিফেন্ডার নিজেকে চিনিয়েছেন নতুন করেই।
আরও পড়ুন
| নিষেধাজ্ঞা কাজে লাগিয়ে রুডিগারের অস্ত্রোপচার, শাস্তি এড়ালেন বেলিংহাম |
|
বল দখলের লড়াই, শট অন টার্গেট কিংবা পাস সব খানেই ইন্তার থেকে বেশ এগিয়ে ছিল বার্সা। বার্সার অল অ্যাটাকের জবাবে ইন্তারের অস্ত্র ছিল কাউন্টার অ্যাটাক। যেখানে দলটা ছিল বেশ সফল।
এদিন খেলার বয়স ৩০ সেকেন্ড না হতেই বার্সাকে চমকে দেয় ইন্তার। ডামপ্রিসের পাস থেকে দারুণ এক ব্যাকহিলে বল জালে জড়ান থুরাম। যা আবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল, বার্সার বিপদ বাড়ে ২১ মিনিটে, এবার গোলের খাতায় নাম তোলেন ডামপ্রিস নিজেই। চোখ ধাঁধানো এক ওভারহেড কিকে স্তব্ধ করে দেন অলিম্পিক স্টেডিয়ামকে।
স্তব্ধ অলিম্পিক স্টিডিয়ামকে জাগিয়ে তুলতে ইয়ামাল সময় নিয়েছে মোটে তিন মিনিট। ২৪ মিনিটের মাথায় পাঁচ ইন্তার ডিফেন্ডারকে বোকা বানিয়ে বা পায়ের আড়াআড়ি এক শটে বল জড়ান জালে। বার্সেলোনা সমর্থকেরা এমন একটা গোল নিশ্চিতই বারেবারে খুঁজে ফিরে দেখবেন।
৩৮ মিনিটে বার্সাকে সমতায় ফেরায় ফেরান তোরেস। যার পেছনের কারিগর পেদ্রি ও রাফিনিয়া। স্প্যানিশ মিডফিল্ডারের মাপা ক্রস খুঁজে নেয় রাফিনিয়াকে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেডে সেটা বাডিয়ে দেন ফাঁকা জায়গায় দাঁড়ানো তোরসের দিকে। সহজ কাজটুকু করতে ভুল করেননি তোরস। তাতে ২-২ এর সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন
| কোপা দেল রের ফাইনালে ‘অনিশ্চিত’ লেভানদভস্কি |
|
বিরতি থেকে ফিরেও খেলা চলে একই তালে। ৬৪ মিনিটে আবারও সেই ডামপ্রিস হৃদয় ভাঙে বার্সার। কর্নার থেকে ভেসে আসা বল এবার হেডে জালে জড়ান ডাচ ডিফেন্ডার। তবে সেই লিড টেকে মোটে ১২০ সেকেন্ট। ইন্তারের সেট পিসের জবাব বার্সাও দিয়েছে সেট পিস থেকেই। কর্নার থেকে আসা বল ইয়ামাল ‘ডামি’ করে ছেড়ে দিলে ফাঁকায় পেয়ে যান রাফিনিয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বুলেট গতির শটে বল পাঠান জালের দিকে। তবে নিজেকে কিছুটা হতভাগা ভাবতেই পারেন রাফিনিয়া। ইয়ান সোমারের পিঠে লেগে বল জালে প্রবেশ করায় গোলটা কাউন্ট হয়েছে আত্মঘাতী গোল হিসেবেl হিসেবে।
৭২ মিনিটে অবশ্য আরও একবার গোলের দেখা পায় ইন্তার। তবে মেখেতেরিয়ানের গোল কাটা পড়ে অফ সাইডে। শেষ দিকে ইয়ামালও দারুণ একটা গোল করেই ফেলছিলেন, তবে পোস্টের বাঁধায় তা শেষ হয়নি। তাতে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। আর অ্যাবসুলেট সিনেমার পরের পর্বের অ্যাকশন তোলা থাকে সান সিরোর জন্য।
No posts available.
৫ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

এএফসি উইমেন’স এশিয়ান কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। ৯বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে এত কম গোলের পরাজয়ে প্রশংসা পাচ্ছেন আফঈদা, ঋতুপর্ণারা। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ ওপরের দলটির বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াই যখন ফুটবল অঙ্গলে প্রশংসিত, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধানের এক মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।
চীনের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে গতকাল সংবাদমাধ্যমকে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মেয়েরা ভালো খেলেছে এতে কোনো সন্দেহ নেই। তবে কম ব্যবধানে হারের কারণ হলো- শুধুমাত্র চীনের দল যেহেতু অনেক বেশি বয়স্ক, দেখবেন তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে গেছে। তাদের খেলোয়াড়েরা অনেক বয়স্ক, সেটি দেখলেই বোঝা যাচ্ছে এবং তারা ফর্মে নেই।’
এশিয়ান কাপের ৯বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের ০-২ গোলে হারা ম্যাচ নিয়ে কিরণের মন্তব্যকে সম্পূর্ণ এবং চরম ‘ননসেন্স’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিরণের মন্তব্যে কোচ কি ভাবছেন জানতে চাইলে বাটলার বলেন, ‘এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো— এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত, শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের দলের প্রতিও।’
চীনের খেলোয়াড়দের বয়স্ক বলায় খেপেছেন বাটলার। তাদের খেলোয়াড়েরা কোথায় বেড়ে ওঠে এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তফাত কেমন সেটি বোঝাতে বাটলার বলেন, ‘ওটা (চীন) একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের (স্পোর্টস একাডেমি) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের (স্পোর্টিং ক্লাব) মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তাঁর (কিরণ) পক্ষ থেকে এটি অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল। যদিও আমি এটিই তাঁর কাছ থেকে প্রত্যাশা করি।’

লিয়াম রোসেনিয়রের অধীনে নিজেদের সেরা ফর্ম খুঁজে পেল চেলসি। বুধবার রাতে পিছিয়ে পড়েও জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে বিধ্বস্ত করেছে ব্লুজরা।
ভিলা পার্কে প্রিমিয়ার লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে চেলসির জয় ৪-১ ব্যবধানের। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা ভিলার সঙ্গে ব্যবধান মাত্র ৩ পয়েন্টে কমিয়ে আনল পশ্চিম লন্ডনের ক্লাবটি।
ম্যাচের শুরুটা ভিলার জন্য দারুণ ছিল। মাত্র ১৫০ সেকেন্ডের মাথায় লিঁও বেইলির কাটব্যাক থেকে ডগলাস লুইজ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
৩৫ মিনিটে খেলার মোড় ঘুরিয়ে দেন জোয়াও পেদ্রো। এনজো ফার্নান্দেসের পাস থেকে মালো গুস্তো বল বাড়িয়ে দিলে কাছ থেকে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আবারও এনজোর সহায়তায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে চেলসিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন পেদ্রো।
বিরতির পর চেলসির আক্রমণভাগের সামনে ভিলার রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৫৫ মিনিটে অধিনায়ক রিস জেমসের ক্রস ভিলা গোলকিপার মার্তিনেস ক্লিয়ার করতে গিয়ে কোল পালমারের পায়ে তুলে দেন। সুযোগ হাতছাড়া না করে জোরালো শটে স্কোরলাইন ৩-১ করেন ইংলিশ তারকা।
৬৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। আলেজান্দ্রো গার্নাচোর বাড়ানো বল জালে জড়িয়ে মৌসুমে নিজের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক উদযাপন করেন তিনি। শেষ দিকে গার্নাচো ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা এমিলিয়ানো মার্তিনেস রুখে দেন।
গত ম্যাচে আর্সেনালের কাছে হারের পর আবারও জয়ের ধারায় ফিরল চেলসি। শেষ ৬ ম্যাচের মাত্র একটিতে জয় পাওয়া ভিলা এখন প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থান হারানোর শঙ্কায় রয়েছে।
এই জয়ের পর ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চেলসি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।
প্রিমিয়ার লিগে রাতের অপর খেলায় ফুলহামকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলল নিউক্যাসল ইউনাইটেড। জয়ের জন্য একের পর এক আক্রমণ শানালো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতি আক্রমণে উল্টো গোল হজম করে হারের মুখ দেখল রেড ডেভিলরা।
বুধবার রাতে সেন্ট জেমস পার্কে উত্তেজনা আর রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নিউক্যাসলের কাছে ১-২ গোলে হেরেছে ম্যান ইউনাইটেড। এই হারে কোচ হিসেবে মাইকেল ক্যারিকের টানা ৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল।
ম্যাচের প্রথমার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। বিরতির ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের জ্যাকব র্যামসে। তবে ১০ জনের দলে পরিণত হয়েও দমে যায়নি স্বাগতিকরা।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অ্যান্থনি গর্ডন পেনাল্টি থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন। সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি; তিন মিনিট পরই ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিক থেকে হেডে সমতা ফেরান কাসেমিরো।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেললেও নিউক্যাসলের রক্ষণভাগ ছিল অটুট। গোলকিপার অ্যারন র্যামসডেল কিছু দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। লেনি ইয়োরো ও জশুয়া জির্কজির নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন তিনি।
৯০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কিরান ট্রিপিয়ারের পাস থেকে বল পেয়ে উইং দিয়ে ভেতরে ঢোকেন ২২ বছর বয়সী ডেনিশ স্ট্রাইকার উইল ওসুলা। টাইলার মালাসিয়াকে কাটিয়ে চমৎকার কোনাকুনি শটে গোলকিপার ল্যামেন্সকে পরাস্ত করেন তিনি। ৫২,১৮৪ জন দর্শকের সামনে বুনো উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এটি নিউক্যাসলের টানা চতুর্থ জয়। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলের একধাপ ওপরে নটিংহাম ফরেস্ট। ঘরের মাঠ ইতিহাদে তাদের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করল পেপ গার্দিওলার দল।
বুধবার রাতে দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নটিংহাম ফরেস্ট। এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছে ম্যান সিটি। একই সময়ে অন্য ম্যাচে বুকায়ো সাকার একমাত্র গোলে ব্রাইটনকে ১-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো গানাররা।
ইতিহাদে এদিন চোট কাটিয়ে নটিংহামের বিপক্ষে ফিরেছিলেন আর্লিং হলান্ড। তবে গোল পাননি তিনি। ৩১ মিনিটে অঁতোয়ান সেমেনিওর চমৎকার ভলিতে লিড নেয় ম্যান সিটি।
৫৬ মিনিটে ফরেস্ট অধিনায়ক মরগান গিবস-হোয়াইটের বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে সমতায় ফেরে সফরকারীরা। কিছুক্ষণ পরই সিটিকে পুনরায় লিড এনে দেন রদ্রি। কর্নার থেকে জালে বল জড়িয়ে স্কোরলাইন ২-১ করেন এই মিডফিল্ডার।
ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে গোল করে আকাশি-নীল সমর্থকদের স্তব্ধ করে দেন এলিওট অ্যান্ডারসন। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানের ড্র মেনে মাঠ ছাড়ে দুই দল।
২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি, এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের পয়েন্ট ৬৭। ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নটিংহাম। গতরাতের এক পয়েন্টে গোল গড়ে অবনমন অঞ্চলের একধাপ উপরে উঠে আসলো ফরেস্ট।
আগামী শনিবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। একই দিনে এফএ কাপে ম্যানসফিল্ড টাউনকে মোকাবিলা করবে আর্সেনাল।

২০২০ সালে গ্রিসের মাইকোনোসে মারামারির ঘটনার জেরে ১৫ মাসের স্থগিত সাজা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।
গ্রিক আদালত তাকে গুরুত্বহীন হামলা, গ্রেপ্তারে বাধা দেওয়া এবং ঘুষ দেওয়ার চেষ্টা—এই তিন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তবে মামলার গ্রিক প্রসিকিউশন আইনজীবী বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতির অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।
স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, বুধবারের শুনানিতে তিনজন পুলিশ সাক্ষীর মধ্যে মাত্র একজন আদালতে উপস্থিত ছিলেন। যদিও গ্রিসের আইনজীবীরা জানিয়েছেন, বাকি দুই কর্মকর্তা আগেই লিখিত জবানবন্দি জমা দিয়েছিলেন। তাই তাদের উপস্থিত থাকার প্রয়োজন ছিল না।
ম্যাগুইয়ার বরাবরই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। ইংলিশ ডিফেন্ডারের আইনজীবীরা এখন গ্রিসের সুপ্রিম কোর্টে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।
২০২০ সালের আগস্টে একটি বারের বাইরে মারামারির ঘটনায় ম্যাগুইয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। একই বছর তাকে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা ও ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে আপিলের পর গ্রিসের আইন অনুযায়ী সেই রায় বাতিল হয়ে পুনর্বিচারের সুযোগ পান তিনি।
সর্বশেষ রায়ে তার সাজা আগের ২১ মাস থেকে কমিয়ে ১৫ মাস করা হয়েছে। আগের রায়ে যে জরিমানার বিধান ছিল, সেটিও এবার বাতিল করা হয়েছে। পুনর্বিচারটি চারবার স্থগিত হয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে শুনানি পেছানো হয়। কারণ আদালতের নথি ইংরেজিতে অনুবাদ করা হয়নি।
ম্যাগুইয়ার আদালতের বাইরে আর্থিক সমঝোতার একাধিক প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের নির্দোষ প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। সর্বশেষ আইনি প্রক্রিয়ায় ম্যাগুইয়ার নিজে উপস্থিত ছিলেন না।