১৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৮ পিএম

পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে খেলল লিভারপুল। ম্যাচের প্রায় পুরোটা সময়ই বল দখলে রেখে একের পর এক শটও নিল অল রেডরা। তবে গোলের খেলায় আসল কাজটাই করতে বারবার ব্যর্থ হচ্ছিল লিভারপুল।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পাঁচ মিনিটেই হঠাৎ পেনাল্টি বাঁশি বাজান রেফারি। এরপর স্পট কিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠান লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মাদ সালাহ। আর তাতেই প্রায় ড্র হতে যাওয়া ম্যাচটি শেষ মূহূর্তের নাটকীয়তায় ১-০ গোলে জিতে মাঠ ছাড়ল আর্নে স্লটের দল।
আরও পড়ুন
| ইয়ামালকে নিয়ে দে লা ফুয়েন্তের ওপর চটলেন ফ্লিক |
|
ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ১-০ গোলের এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আরো পোক্ত হলো লিভারপুল। ৪ ম্যাচে ৪ পুরো ১২ পয়েন্ট নিয়ে নতুন মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখল তারা। অন্যদিকে ঘরের মাঠে ২০২৪ সাল থেকে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকার যাত্রায় ছেদ ঘটল বার্নলির।
বার্নলির মাঠ টার্ফ মুরে প্রথম থেকেই লিভারপুলের আক্রমণ দারুণভাবেই সামলে নেয় স্বাগতিকদের রক্ষণভাগ। পুরো ম্যাচে ৮১ শতাংশ বল দখলে রেখে ২৭টি শট নেয় সফরকারীরা। তবে লক্ষ্যে ছিল মাত্র ৪টি। বার্নলির রক্ষণের দৃঢ়তায় ডি-বক্সের সামনে এসে থেমে যায় লিভারপুলের আক্রমণ।
আরও পড়ুন
| বিশ্বকাপজয়ী কিংবদন্তির ভাস্কর্য উন্মোচন বায়ার্নের |
|
দ্বিতীয়ার্ধে লিভারপুলকে এগিয়ে দেওয়ার সবচেয়ে বড় সুযোগ পান ফেদেরিকো কিয়েসা। তবে ৭৩ মিনিটে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্নলি। ক্লাবটির মিডফিল্ডার লেসলি উগোচুকু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠে ছাড়েন।
লিভারপুলকে রুখে দিয়ে এক পয়েন্ট অর্জনের দিকেই এগোচ্ছিল বার্নলি। তবে স্বাগতিকদের দর্শকদের হতাশ হতে হয় ক্লাবটির মিডফিল্ডার হ্যানিবাল মেজব্রির এক হ্যান্ডবলে। বদলি নামা লিভারপুলের ডাচ ডিফেন্ডার জেরেমি ফ্রিমপংয়ের ক্রস ডি-বক্সে হ্যানিবালের কনুইয়ে লাগে। আর তাতেই পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি সালাহ।
No posts available.
১৭ মে ২০২৬, ১০:২৯ এম

ফুটবল বিশ্বকাপ মানেই নতুন রূপকথা আর পুরোনো আক্ষেপ ঘোচানোর মঞ্চ। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে এমন এক রোমাঞ্চকর লড়াই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। যেখানে নিজেদের প্রথম জয় তুলে নিতে লড়বে ৯ টি দেশ।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ১১ জুন থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো লড়বে ৪৮ টি দেশ। এই দলগুলোর মধ্যে ৫টি দেশ অতীতে অংশ নিলেও জয়ের মুখ দেখেনি।
আর বাকি ৪টি দেশ এবারই প্রথম পা রাখছে ফুটবলের এই মহাযজ্ঞে। দেখে নেওয়া যাক কোন ৯টি দেশ এবার মাঠে নামবে বিশ্বমঞ্চে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে—
পুরোনো ৫ সারথির আক্ষেপ ঘোচানোর মিশন
১. কানাডা
এবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে কানাডা। এর আগে ১৯৮৬ ও ২০২২ এর সালে বিশ্বকাপ খেলেছিল তারা। দুই সংস্করণে ৬টি ম্যাচের সবকটিতেই হারের মুখ দেখতে হয়েছে তাদের।
গত বিশ্বকাপে আলফোনসো ডেভিসের করা গোলটি ছিল বিশ্বকাপে কানাডার প্রথম গোল। এবার জেসি মার্শের অধীনে নিজেদের ঘরের মাঠে বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘বি’ -তে খেলবে তারা। ঘরের মাঠের দর্শক সমর্থন নিয়ে প্রথম জয়ের জন্য লড়বে কানাডিয়ানরা।
২. হাইতি
দীর্ঘ ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফিরছে ক্যারিবিয়ান দেশ হাইতি। ১৯৭৪ সালের বিশ্বকাপে ইতালি, পোল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিল তারা। এবার সেবাস্টিয়ান মিগনের অধীনে কনকাকাফ বাছাইপর্ব পেরিয়ে আসা দলটি গ্রুপ ‘সি’-তে ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে।
৩. ইরাক
চল্লিশ বছর আগে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে প্যারাগুয়ে, বেলজিয়াম ও স্বাগতিকদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল লায়ন্স অব মেসোপটেমিয়া। এবার আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে টিকিট কাটা ইরাক ‘গ্রুপ আই’-তে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে নামবে।
৪. নিউ জিল্যান্ড
এর আগে দুবার বিশ্বকাপ খেলেছে নিউ জিল্যান্ড। ১৯৮২ সালে প্রথমবার অংশ নিয়ে তিনটি ম্যাচই হারে তারা। সবশেষ ২০১০ বিশ্বকাপে ইতালি, প্যারাগুয়ে ও স্লোভাকিয়ার সঙ্গে ড্র করে একমাত্র অপরাজিত দল হিসেবে বিদায় নেয় নিউ জিল্যান্ড।
এবারের বিশ্বকাপে গ্রুপ ‘জি’ তে খেলবে নিউ জিল্যান্ড। তাদের সঙ্গে রয়েছে বেলজিয়াম, মিশর ও ইরান। উত্তর আমেরিকা বিশ্বকাপে জয়ের খরা কাটাতে মরিয়া ড্যারেন বেজলির দলটি।
৫. কাতার
২০২২ সালে স্বাগতিক হিসেবে খেলেছিল কাতার। ঘরের মাঠে ৩টি ম্যাচই হেরেছিল তারা। এবারই প্রথম নিজেদের যোগ্যতায় বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে এসেছে কাতার। বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে সুইজারল্যান্ড, বসনিয়া এবং সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে এশিয়ান চ্যাম্পিয়নরা।
প্রথম জয়ের লক্ষ্যে ৪ নবাগত দেশ
১. কেপ ভার্দে
আফ্রিকা অঞ্চলের গ্রুপ পর্বে ক্যামেরুনকে পেছনে ফেলে বিশ্বকাপ নিশ্চিত করে সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। মূল পর্বে তাদের সামনে গ্রুপ ‘এইচ’-এ সৌদি আরব, স্পেন এবং উরুগুয়ের মতো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
২.কুরাসাও
জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে রূপকথা তৈরি করেছে কুরাসাও। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাদের লড়তে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে। গ্রুপ ‘ই’-তে কুরাসাওয়ের বাকি দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট এবং ইকুয়েডর।
৩.জর্ডান
২০১৪ সালের প্লে-অফে উরুগুয়ের সঙ্গে হেরে বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা হারানোর স্বপ্নভঙ্গ হয়েছিল জর্ডানের। সেই কষ্ট ভুলে এবার ইতিহাস গড়েছে জর্ডান। এশিয়ার তৃতীয় রাউন্ডে রানার্স-আপ হয়ে আসা দলটিকে গ্রুপ জে-তে মোকাবিলা করতে হবে আলজেরিয়া, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অস্ট্রিয়াকে।
৪.উজবেকিস্তান
মধ্য এশিয়ার প্রথম দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ‘হোয়াইট উলভস খ্যাত উজবেকিস্তান। গ্রুপ ‘কে’-তে কলম্বিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পাশাপাশি তাদের লড়তে হবে পর্তুগালের বিপক্ষে।

২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ কেটে গেছে। দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা প্রাপ্তি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও, ফিফার উচ্চপর্যায়ের হস্তক্ষেপের পর বিষয়টির ইতিবাচক সমাধান হতে চলেছে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে এবারের বিশ্বকাপ। নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের তিনটি গ্রুপ ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে বিশ্বকাপে দলটির অংশগ্রহণ নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
বিষয়টির সমাধান করতে শনিবার ইস্তানবুলে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে ইরানি ফুটবল ফেডারেশন। বৈঠক ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষই।
ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে চমৎকার ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা একে অপরের সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করছি এবং ফিফা বিশ্বকাপে তাদের স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।‘
আরও পড়ুন
| বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্ক যাচ্ছে ইরান |
|
গত মাসের শেষদিকে কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে দেশটির ইমিগ্রেশনের মারপ্যাঁচে পড়েন ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। ইরানের এলিট সামরিক শাখা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি) -এর সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগে কানাডা সরকার এই সিদ্ধান্ত নেয়।
আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকা কোনো ব্যক্তিকে ভিসা না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। দুটি দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
ভিসার জটিলতার ব্যাপারে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানালেও গ্রাফস্ট্রোম বলেন, দুই পক্ষই কিছু পরিচালনগত বিষয় নিয়ে আলোচনার সুযোগ পেয়েছে এবং তাদের মধ্যে খুব ইতিবাচক মতবিনিময় হয়েছে।
মেহেদি তাজও জানিয়েছেন, গ্রাফস্ট্রোম ও অন্যান্য ফিফা কর্মকর্তাদের সাথে তাদের খুব ভালো একটি বৈঠক হয়েছে, ‘আমি আনন্দিত যে তারা ইরানের উত্থাপন করা প্রতিটি পয়েন্ট (১০টি পয়েন্ট) মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রতিটির জন্য সমাধান দিয়েছেন। আমি আশা করি, আল্লাহর রহমতে আমাদের জাতীয় দল কোনো সমস্যা ছাড়াই বিশ্বকাপে যেতে পারবে এবং সেখানে খুব ভালো ফলাফল অর্জন করবে।‘
ইস্তানবুলে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। সোমবারই তেহরান ছেড়ে তুরস্কে কন্ডিশনিং ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল দেবে তারা। সেখানে অনুশীলন ক্যাম্প, প্রীতি ম্যাচ ও বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ভিসাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে দলটি।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। 'জি' গ্রুপে তাদের বাকি দুটি প্রতিপক্ষ হলো বেলজিয়াম এবং মিশর।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সারতে সোমবার তুরস্কে যাচ্ছে ইরান ফুটবল দল। সেখানে অনুশীলন ক্যাম্প, প্রীতি ম্যাচ ও বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ভিসাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে দলটি।
তুরস্কের আন্তালিয়ায় ৩০ সদস্যের দল নিয়ে ক্যাম্প করবে ইরান। সেখান থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।
স্কোয়াডে আছেন ইরানের সবচেয়ে পরিচিত মুখদের একজন, ৩৩ বছর বয়সী স্ট্রাইকার মেহদি তারেমি। পর্তুগিজ ক্লাব পোর্তোর সাবেক তারকা বর্তমানে খেলছেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে।
আরও পড়ুন
| টানা হারে ক্ষুব্ধ সালাহ, বিদায়ের আগে লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ |
|
ইরানের কোচ আমির ঘালেনি বলেছেন, চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ জন বাছাই করা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। ইরান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে তিনি জানান, শুধু ‘টেকনিক্যাল’ বিবেচনায় দল নির্বাচন করা হয়েছে।
আন্তালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় ইরান। এর মধ্যে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে আফ্রিকার দল গাম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে আগামী ২৯ মে।
১৯৮০ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্তই রয়েছে। সেই কারণে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইরানি ফুটবলারদের।
এখনও কোনো খেলোয়াড়ের ভিসা ইস্যু হয়নি বলে জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।
তার ভাষ্য, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ দিতে হবে তুরস্কেই। তবে আন্তালিয়া থেকে ৪৫০ কিলোমিটারের বেশি দূরের রাজধানী আঙ্কারায় যেতে চায় না দল।
আরও পড়ুন
| ফাইনালে হেরে গেল রোনালদোর আল নাসর |
|
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে নিশ্চয়তা পেতে ফিফার সঙ্গে যোগাযোগও বাড়িয়েছে ইরান। শনিবার তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এথেম ও ফিফা মহাসচিব মাতিয়াস গ্র্যাফস্ট্রোমের সঙ্গে বৈঠক করেছে ইরানি প্রতিনিধিদল।
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর অ্যারিজোনার টাকসনে বেস ক্যাম্প করবে ইরান। ‘গ্রুপ জি’তে তাদের প্রথম ম্যাচ ১৫ জুন, লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে। এরপর একই শহরে খেলবে বেলজিয়ামের সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিশর।

প্রিমিয়ার লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নরা এবার যেন ছন্নছাড়া। চলতি মৌসুমে লিগ শিরোপার রেস থেকে অনেক আগেই ছিটকে পড়া লিভারপুলের সামনে এবার শঙ্কা জেগেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা না পাওয়ার। দলের এমন বিপর্যস্ত অবস্থায় নিজের তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অলরেডদের মিশরীয় কিংবদন্তি মোহাম্মদ সালাহ।
শুক্রবার রাতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-২ গোলে হেরেছে লিভারপুল। ২০২২-২৩ মৌসুমে সাউদাম্পটনের সঙ্গে ৪-৪ ড্রয়ের পর, এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে ৪টি গোল হজম করল তারা। লিগের সবশেষ ৩ ম্যাচের ২ হার, ড্র ১ ম্যাচে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ হেরেছে লিভারপুল, সব প্রতিযোগিতা মিলিয়ে হেরেছে ১৯ টি।
লিভারপুলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে ফেসবুকে সালাহ বলেন, ‘চলতি মৌসুমে আরও একটি পরাজয়ের মুখোমুখি হওয়া আমাদের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। আমাদের সমর্থকরা এটি মোটেও প্রাপ্য নয়।‘
সালাহ লিভারপুলের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করে লেখেন, ‘আমি এই ক্লাবটিকে সংশয়বাদীদের দল থেকে বিশ্বাসী এবং বিশ্বাসী থেকে চ্যাম্পিয়ন হতে দেখেছি। এর পেছনে ছিল কঠোর পরিশ্রম এবং ক্লাবকে এই উচ্চতায় পৌঁছাতে আমি সবসময় আমার সর্বোচ্চটা দিয়েছি। এর চেয়ে বড় গর্বের আমার কাছে আর কিছু নেই।‘
অলরেডদের ঐতিহ্যবাহী হেভি মেটাল ফুটবল খেলার দর্শন ও হারানো গৌরব ফিরিয়ে আনার তাগিদ দিয়ে সালাহ বলেন, ‘মাঝেসাঝে দু-একটি ম্যাচ জেতা লিভারপুলের লক্ষ্য হতে পারে না। সব দলই ম্যাচ জেতে। আমি লিভারপুলকে আবারও সেই হেভি মেটাল আক্রমণাত্মক দল হিসেবে দেখতে চাই যাকে প্রতিপক্ষরা ভয় পাবে। আমি দেখতে চাই এই ক্লাব আবারও ট্রফি জিতছে।‘
৩৭ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে বোর্নমাউথ। আগামী রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে আরনে স্লটের দল। চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুম নিশ্চিত করতে সেই ম্যাচে জয় চাই অলরেডদের।
রোববারের ম্যাচটি দিয়েই লিভারপুল ক্যারিয়ারের ইতি টানবেন সালাহ। বিদায়ের আগে ক্লাবকে চ্যাম্পিয়নস লিগে রেখে যাওয়ার প্রতিজ্ঞা করে সালাহ বলেন, ‘আমি চলে যাওয়ার পরও এই ক্লাবের দীর্ঘমেয়াদী সাফল্য দেখতে চাই। আমি সবসময় যেমনটা বলেছি, আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করা আমাদের জন্য ন্যূনতম লক্ষ্য এবং এটি নিশ্চিত করতে আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু করব।‘
শিরোপার অপেক্ষা কোনোভাবেই শেষ হচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ-২ এর ফাইনালে পুরো ম্যাচ দাপট দেখিয়ে খেলেও শেষ পর্যন্ত জিততে পারল না আল নাসর। ফাইনাল হেরে অপেক্ষা আরও বাড়ল রোনালদোর।
রিয়াদের আলাওল পার্কে শনিবার রাতে এসিএল-২ এর ফাইনালে আল নাসরকে ১-০ গোলে হারিয়েছে জাপানের ক্লাব গাম্বা ওসাকা। ম্যাচের ২৯ মিনিটে জয়সূচক গোলটি করে ক্লাবকে দ্বিতীয় মহাদেশীয় শিরোপা এনে দেন ডেনিজ হুমেট।
অথচ ম্যাচজুড়ে দাপট ছিল আল নাসরের। ম্যাচে ৬৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আল নাসরের দখলে। গোলের জন্য ১৭টি শট করে ৬টি লক্ষ্য বরাবর রাখেন রোনালদোরা। কিন্তু জালের দেখা পাননি। বিপরীতে ৩ শটের ২টি লক্ষ্যে রেখেই ম্যাচ জিতে নেয় ওসাকা।
ফাইনাল হেরে যাওয়ায় আল নাসরের হয়ে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। ২০২৩ সালে ক্লাবটিতে আসার পর এখনও কোনো শিরোপা জেতা হয়নি পর্তুগিজ সুপারস্টারের। তবে সৌদি প্রো লিগে এবার চ্যাম্পিয়ন হওয়ার আশা রয়েছে আল নাসরের।
লিগে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল হিলাল। শেষ ম্যাচে তাই ড্র করতে পারলেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে আল নাসর। আর জিতলে কোনো শর্ত ছাড়াই ট্রফি উঠবে রোনালদোদের হাতে।
শিরোপার অপেক্ষা অবশ্য ঘুচতে পারত এসিএল-২ ফাইনালেই। তবে ওসাকার তরুণ গোলরক্ষক রুই আরাকি দেয়াল হয়ে দাঁড়ান। ভাগ্যের সহায়তাও তেমন পায়নি আল নাসর। তাদের একাধিক শট ফিরে আসে পোস্টে লেগে।
ম্যাচের সপ্তম মিনিটে আব্দুলরহমান ঘারিবের শট পোস্টে প্রতিহত হয়। ১৬ মিনিটে পাশের জালে লাগে সাদিও মানের শট। ম্যাচের বয়স আধঘণ্টা হওয়ার আগে ১৬ গজ দূর থেকে হুমেটের ঠাণ্ডা মাথার শটে এগিয়ে যায় ওসাকা।
বিরতির আগে আবারও জোরাল সম্ভাবনা জাগান আব্দুলরহমান। কিন্তু কাজ হয়নি। প্রথমার্ধের ইনজুরি টাইমে অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায় রোনালদোর হেডার। পরে ৭৭ মিনিটে হোয়াও ফেলিক্সের দূরপাল্লার শট লাগে পোস্টে।
ম্যাচের ৬ মিনিট বাকি থাকতে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ওসাকার ডিফেন্ডার তাকেরু কিশিমোতো। তাই পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় আল নাসর ও রোনালদোর।