
ভারতের বিপক্ষে ওভাল টেস্টে স্লিংয়ে এক হাত ঝুলিয়ে মাঠে নেমেছিলেন ক্রিস ওকস। সেটাই হয়ে থাকল ইংলিশ অলাউন্ডারের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিস ওকস। ইংল্যান্ড জাতীয় দল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। সামাজিক মাধ্যমে একটি পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে ওকস লিখেন,
‘মুহূর্তটি এসেছে, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।'
আরও পড়ুন
| ভিসা জটিলতায় সৌম্যকে নিয়ে অনিশ্চয়তা |
|
ক’দিন আগেই ইংল্যান্ডের ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি পরিষ্কার করেই জানিয়ে দেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় একদমই নেই ওকস। কাঁধের চোটের কারণে আসন্ন অ্যাশেজ থেকেও ছিটকে যান ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। এবার জাতীয় দলের অধ্যায়ই শেষ হলো তাঁর।
ইংল্যান্ডের জার্সিতে ৬২ টেস্টে ৯৯ ইনিংসে ১৯২ উইকেট নিয়েছেন ওকস। পাঁচবার নিয়েছেন ৫ উইকেট , একবার ১০ উইকেট। ব্যাট হাতে এক সেঞ্চুরি ও সাত ফিফটিতে করেছেন ২০৩৪ রান।
ওয়ানডেতে ১২২ ম্যাচে ১৭৩ উইকেটের সঙ্গে কেরেছেন ১৫২৪ রান। আর ৩৩ টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ৩১, রান ১৪৭।
আরও পড়ুন
| বিসিবি নির্বাচনে টিকল ৪৮ মনোনয়ন, সুখবর বুলবুল-ফাহিমের |
|
ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করে ওকস বলেন,
‘ইংল্যান্ডের হয়ে খেলা সেই স্বপ্ন ছিল যা আমি ছোটবেলা থেকে আমার পেছনের বাগানে দেখতাম। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে সেই স্বপ্নগুলো আমি জীবনে বাস্তবায়ন রূপ দিতে পেরেছি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা, থ্রি লায়ন্স জার্সি পরা এবং গত ১৫ বছরে সেই সতীর্থদের সঙ্গে মাঠ ভাগাভাগি করা—যাদের অনেকেই আজ আমার জীবনের বন্ধুত্বে পরিণত হয়েছে—এসব আমি সবচেয়ে বেশি গর্বের সঙ্গে স্মরণ করব।'
প্রিয়জনদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান ওকস ,
‘আমার মা-বাবা, স্ত্রী অ্যামি এবং আমাদের কন্যা লেইলা ও এভিকে, আপনাদের অবিচল ভালোবাসা, সমর্থন ও ত্যাগের জন্য ধন্যবাদ। তোমাদের ছাড়া এ সব কিছু সম্ভব হতো না।’
আরও পড়ুন
| বিনা ভোটে পরিচালক হওয়ার পথে বুলবুল-ফাহিম |
|
আর সমর্থকদের উদ্দেশ্যে ইংলিশ অলরাউন্ডার বলেন,
‘ভক্তদের, বিশেষ করে বার্মি আর্মিকে ধন্যবাদ, যাদের উৎসাহ, চিৎকার এবং বিশ্বাস সবসময় আমার সাথে ছিল। আমার কোচ, সতীর্থ এবং ইংল্যান্ড ও ওয়ারউইকশায়ারের সবাইকে ধন্যবাদ, যারা আমাকে দেশের হয়ে খেলতে সাহায্য করেছেন—আপনাদের দিকনির্দেশনা ও বন্ধুত্ব আমার জন্য অনেক মূল্যবান।'
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেন ওকস,
‘আমি আশা করি কাউন্টি ক্রিকেট চালিয়ে যাব এবং শীঘ্রই আরও ফ্র্যাঞ্চাইজি সুযোগ অন্বেষণ করব।’
No posts available.
১৩ মে ২০২৬, ৬:১০ পিএম
১৩ মে ২০২৬, ৪:২১ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের চতুর্থ রাউন্ডে দাপট দেখালেন বোলাররা। আগুনঝরা বোলিংয়ে ৬ উইকেট নিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মৃত্যুঞ্জয় চৌধুরী। বাঁহাতি স্পিনের মায়াজালে আবাহনী লিমিটেডের মাহফুজুর রহমান রাব্বির শিকার ৫ উইকেট।
পিকেএসপিতে মৃত্যুঞ্জয়ের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। পরে ১০ উইকেটেই ম্যাচ জিতে নিয়েছে মোহামেডান। সব মিলিয়ে ম্যাচে খেলা হয়েছে মোটে ৩২ ওভার।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ২২ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা মৃত্যুঞ্জয়। এর আগের ম্যাচেও ৪১ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার।
বসুন্ধরার পক্ষে সর্বোচ্চ ২৯ রান করতে পারেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ছোট লক্ষ্যে ৮.১ ওভারে জিতে যায় মোহামেডান। ৬ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫০ রান করেন এনামুল হক বিজয়। মোহাম্মদ নাঈম শেখ করেন ২১ বলে ৩১ রান।
লিগের চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে ১৪৭ রানে গুটিয়ে যায় রুপগঞ্জ টাইগার্স। জবাবে ২৫.৪ ওভারে জিতে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
রুপগঞ্জ টাইগার্সের ব্যাটারদের নাচিয়ে ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৫ রান খরচ করে ৫ উইকেট নেন মাহফুজুর রাব্বি। লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার দ্বিতীয় ৫ উইকেট।
শাকির হোসেন শুভ্র দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া কালাম সিদ্দিকি এলিনের ব্যাট থেকে আসে ৩৪ রান।
রান তাড়ায় ভালো শুরু করেও ৩০ বলে ২৯ রান করে আউট হয়ে যান জিসান আলম। ৭ চার ও ২ ছক্কায় ৭৬ বলে ৬৫ রান করেন সৌম্য সরকার। জাকের আলি অনিক ১ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
চার ম্যাচে আবাহনীর এটি দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা।

পরপর দুই বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করে সম্ভাবনা জাগালেন আলিস আল ইসলাম। ওভার শেষ হয়ে যাওয়ায় বাড়ল অপেক্ষা। তবে নতুন ওভার শুরু করে কোনো ভুল করলেন না আলিস। আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করলেন এই রহস্য স্পিনার।
ইউ ল্যাব ক্রিকেট মাঠে বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শুধু হ্যাটট্রিকই নয়, সব মিলিয়ে ৬ উইকেট নেন আলিস। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে তার রহস্য স্পিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৯৮ রানে জিতেছে প্রাইম ব্যাংক।
ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। জবাবে আলিসের রহস্যে কাবু হয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি গাজী গ্রুপ। ৯.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক আলিস।
আরও পড়ুন
| বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন |
|
লিস্ট 'এ' ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের ১৫তম বোলার আলিস। আর ঢাকা প্রিমিয়ার লিগে তাকে নিয়ে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া বোলার হলেন মোট ১১ জন। এদের মধ্যে শুধু মোহাম্মদ শরীফের রয়েছে একাধিক হ্যাটট্রিকের রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৬ রান যোগ করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত হোসেন দীপু ও আজিজুল হাকিম তামিম। ২ চার ও ৩ ছক্কায় ৮৮ বলে ৭১ রান করেন দীপু। তামিমের ব্যাট থেকে আসে ৩টি করে চার-ছক্কায় ১০৭ বলে ৭৮ রান।
এরপর চার নম্বরে নেমে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সামলান শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন তিনি।
শেষ দিকে আবু হায়দার রনি ২ চার ও ৫ ছক্কায় মাত্র ১৭ বলে ৪২ রান করলে তিনশ পার করে প্রাইম ব্যাংক।
৫১ রানে ৪ উইকেট নেন মাহফুজুল ইসলাম।
পরে আলিসের স্পিনে কাবু হয়ে জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি গাজী গ্রুপ। ক্যারিয়ার সেরা বোলিং করে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে দলকে জেতান ২৯ বছর বয়সী রহস্য স্পিনার।
এ নিয়ে চার ম্যাচের সবকটিই জিতল প্রাইম ব্যাংক। নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে তারা। সমান ম্যাচে ২ জয়ে পাঁচ নম্বরে গাজী গ্রুপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।
কমিশনের অন্য দুই সদস্য হলেন— গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
নবগঠিত এই কমিশন প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী নির্বাচনের যাবতীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। বোর্ড নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই হবে এই কমিশনের প্রধান কাজ।
আরও পড়ুন
| পাকিস্তানকে গুঁড়িয়ে সুখবর পেলেন শান্ত-নাহিদরা |
|
গত বছরের অক্টোবর বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কয়েক মাসের মধ্যে সেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে নির্বাচন হতে পারে আগামী জুনে।
পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে।
ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়।
ক্যাটাগরি-৩, ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।

দুর্দান্ত পারফরম্যান্সের পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয়ের পর আইসিসির কাছ থেকেও সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।
যথারীতি বুধবার দুপুরে পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৮৭ রান করেন শান্ত। এমন ব্যাটিয়ের পর ক্যারিয়ার সেরা ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে উঠেছেন তিনি। এটিই বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
এছাড়া ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন মুশফিক। দুই ইনিংসেই ফিফটি করে ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন মুমিনুল হক। তবে পিছিয়েছেন লিটন কুমার দাস (৬ ধাপ পিছিয়ে ৩৮), সাদমান ইসলাম (৪ ধাপ পিছিয়ে ৫৮)।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর দ্বিতীয় ইনিংসে আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেট নেওয়া নাহিদ রানা ৫ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন।

ইংল্যান্ড ও ওয়েলসে ১১ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ। মেগা এই টুর্নামেন্টে চমক রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
দলের অন্যতম প্রধান পেসার ডার্সি ব্রাউনকে বাদ দিয়ে অনভিজ্ঞ বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টনকে দলে টেনেছে অজি নির্বাচকরা। ২০২৩ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন ব্রাউন। অজিদের জার্সিতে খেলেছেন ৪১ টি-টোয়েন্টি।
ব্রাউনের জায়গায় সুযোগ পাওয়া হ্যামিল্টন গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০ বছর বয়সী এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন মাত্র ১ ম্যাচ।
ডার্সি ব্রাউনকে বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক শন ফ্লেগলার জানান, কন্ডিশন এবং দলের ভারসাম্যের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ডার্সি বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। তবে আমাদের দলে ছয়জন ডানহাতি পেস বোলিং অপশন রয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনে স্রেফ গতির চেয়ে বৈচিত্র্য বেশি কার্যকর হতে পারে ভেবেই আমরা বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টনকে বেছে নিয়েছি।‘
চোট কাটিয়ে অধিনায়ক হিসেবে ফিরেছেন বাঁহাতি স্পিনার সোফি মলিনিউ। দলে রয়েছেন এলিস পেরি, বেথ মুনি, অ্যাশ গার্ডনার এবং তাহলিয়া ম্যাকগ্রার মতো অভিজ্ঞ তারকারা। ২০০৯ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলা পেরি এই সংস্করণে প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন।
এবারের বিশ্বকাপে গ্রুপ ১-এ খেলবে অস্ট্রেলিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৩ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল:
সোফি মলিনিউ (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, গ্রেস হ্যারিস, আলানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম।
রিজার্ভ: তাহলিয়া উইলসন।