২৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। কারণ ঢাকা বিভাগ থেকে বাতিল করা হয়েছে এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন।
বিসিবি নির্বাচনে সোমবার ছিল মনোনয়ন বাছাই ও তালিকা প্রকাশের দিন। রিটার্নিং অফিসার ড. শেখ জুবায়েদ হাসান জানিয়েছেন, রোববার জমা হওয়া ৫১টি মনোনয়নের মধ্যে ৪৮টি চূড়ান্ত তালিকায় টিকেছে আর বাতিল হয়েছে বাকি ৩টি।
আরও পড়ুন
| দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন গিল-অভিষেক |
|
বাতিল হওয়া মনোনয়ন ৩টি হলো- জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ফুয়াদ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হাসান ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম।
ঢাকা বিভাগের অধীনে মনোনয়ন তুলেছিলেন বুলবুল, ফাহিম ও ফুয়াদ। এখান থেকে বিসিবি পরিচালক হবেন ২ জন। এখন ফুয়াদের মনোনয়ন বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে বোর্ড সভাপতি বুলবুল ও সহ-সভাপতি ফাহিম।
ফুয়াদের মনোনয়ন বাতিল করার পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, সমর্থনকারীর কাউন্সিলর ফর্মে প্রদত্ত সাক্ষরের সঙ্গে মনোনয়ন ফরমে প্রদত্ত সাক্ষরের মিল পাওয়া যায়নি। তবে এর প্রতিবাদ জানিয়েছেন ফুয়াদ।
আরও পড়ুন
| ‘সীমান্তে হেরেছ, এবার মাঠেও হারলে’ |
|
সোমবার দুপুরে বিসিবি কার্যালয়ের সামনে সংবাদ মাধ্যমের সামনেই সমর্থনকারীকে ফোন করে সাক্ষরের ব্যাপারে নিশ্চয়তা নেন। সেই নিশ্চয়তা পাওয়ার পর জানান, মঙ্গলবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
সেদিনই আপিল ও শুনানির পর বুধবার মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আপিলে ফুয়াদ উৎরে গেলে তিনজনকে নিয়ে ভোট হবে ৬ অক্টোবর।
আর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকলে, বিনা ভোটেই জিতবেন ফাহিম ও বুলবুল।
এরই মধ্যে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আব্দুর রাজ্জাক, খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলি খান, সিলেট বিভাগ থেকে রাহাত শামস ও বরিশাল থেকে শাখাওয়াত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন।
No posts available.
২৯ মার্চ ২০২৬, ৪:১৩ পিএম
২৯ মার্চ ২০২৬, ১:৫৭ পিএম

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৪ জন। একটি ছক্কা মারলেও প্রথম পাঁচ বলে ৮ রানের বেশি নিতে পারল না দক্ষিণ আফ্রিকা। শেষ বলে বাকি থাকল ৬ রান। দুর্দান্ত শটে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে দিলেন কায়লা রেইনেক।
দলকে জেতানোর পাশাপাশি রেকর্ডও গড়লেন অভিষিক্ত অলরাউন্ডার। পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে একাধিক ফরম্যাটে নিজের অভিষেক ম্যাচেই প্লেয়ার অব দা ম্যাচ হলেন রেইনেক।
এতদিন এই রেকর্ডটি ছিল শুধু চার জনের, যেখানের বাংলাদেশের দুজন- ইলিয়াস সানি ও মোস্তাফিজুর রহমান। টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেকে ম্যাচ সেরা হয়েছিলেন সানি। আর ২০১৫ সালে ওয়ানডের পর টেস্ট অভিষেকে সেরার পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজ।
এছাড়া ইংল্যান্ডের বেন ফোকস ওয়ানডে ও টেস্ট এবং দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজেদের অভিষেকেই ম্যাচ সেরা নির্বাচিত।
ক্রাইস্টচার্চে রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজদের এই রেকর্ডে ভাগ বসান প্রোটিয়া অলরাউন্ডার। তার নৈপুণ্যে ম্যাচের শেষ বলে গিয়ে ২ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল।
দলের শ্বাসরুদ্ধকর জয়ে ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন রেইনেক। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ১৩ রানে ২ উইকেটের পাশাপাশি ১৬ বলে ২৯ রান করে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ২০ বছর বয়সী অলরাউন্ডার। সেদিনও শেষ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি।
এবার রেইনেকের ওয়ানডে অভিষেকের ম্যাচে আগে ব্যাট করে ম্যাডি গ্রিনের ৮৫ রানে ভর করে ২৬৮ রানে অলআউট হয় নিউ জিল্যান্ডের মেয়েরা। জবাবে অ্যানারি ডেরেকসেন ৭২ ও সুন লুস ৫৩ রান করলেও শেষ দিকে গিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা।
তবে একপ্রান্ত ধরে রেখে দলকে জয়ের পথে রাখেন অভিষিক্ত রেইনেক। পরে সুজি বেটসের করা শেষ ওভারে ১৪ রান প্রয়োজন পড়লে তৃতীয় বলে প্রথম ছক্কা মারেন তিনি। কিন্তু পরের দুই বল ডট খেলায় চাপ পড়ে শেষ বলে গিয়ে।
রাউন্ড দা উইকেট থেকে ফুল লেংথে করেন অভিজ্ঞ বেটস। সামনের পা সরিয়ে সজোরে লং অন দিয়ে উড়িয়ে মারেন রেইনেক। সীমানার ওপারে যেতেই উল্লাসে ফেটে পড়েন রেইনেক ও তার সতীর্থ টুমি সেখুখুনে।
নারী ও পুরুষ মিলিয়ে বিশ্বের আর কোনো ক্রিকেটার একাধিক ফরম্যাটে অভিষেক ম্যাচেই শেষ বলে ছক্কা মেরে দলকে জেতাতে পারেননি।
এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন পাকিস্তানের জুলফিকার বাবর। তবে সেদিন জয়ের জন্য বাকি ছিল শুধু ১ রান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত যৌথ সর্বোচ্চ পাঁচবার আইপিএলের ট্রফি জিতেছে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলটি। তবে একটি জায়গায় এক যুগের বেশি সময় ধরে পিছিয়ে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা।
গত ১৩ বছর ধরে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারে না মুম্বাই। ১৪তম বছরে তাদের এবার প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার রাতে কলকাতার মুখোমুখি হবে মুম্বাই। এই ম্যাচে ১৩ বছরের অপেক্ষা ফুরোবে কিনা সেটিই বড় প্রশ্ন।
সবশেষ ২০১২ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল মুম্বাই। এরপর ১৩ বছরে আর প্রথম ম্যাচ জেতা হয়নি তাদের।
২০১৩, ২০২১ ও ২০২৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; ২০১৪ ও ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্স; ২০১৬-১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টস; ২০১৯ ও ২০২২ সালে দিল্লি ক্যাপিটালস; ২০১৮, ২০২০ ও ২০২৫ সালে চেন্নাই সুপার কিংস এবং ২০২৪ সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে মুম্বাই।
অথচ এর আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চার আসরে নিজেদের প্রথম ম্যাচে যথাক্রমে চেন্নাই, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস ও চেন্নাইকে হারিয়েছিল মুম্বাই। কিন্তু ২০১৩ সালে বেঙ্গালুরুর কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পরই যেন মোড়ক লেগেছে তাদের প্রথম ম্যাচে।
এবার ২০২৬ সালে কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মুম্বাই। তাদের বিপক্ষে ২০১৪ ও ২০১৫ সালে প্রথম ম্যাচ হেরেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
তবে অন্য এক পরিসংখ্যান থেকে সাহস পেতে পারে মুম্বাই। এখন পর্যন্ত মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২ ম্যাচ খেলে মোটে ২টি (২০১২ ও ২০২৪) ম্যাচ জিততে পেরেছে কলকাতা। হেরেছে বাকি ১০ ম্যাচে। তাই দুই দলের জন্যই এটি নিজেদের অতীত রেকর্ড বদলানোর ম্যাচ।
কলকাতার সম্ভাব্য একাদশ (ইমপ্যাক্ট প্লেয়ারসহ ১২ জন)
ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে, আংকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, অনুকুল রায়, রমনদ্বীপ সিং, সুনিল নারিন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি, উমরান মালিক/কার্তিক ত্যাগী
মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ (ইমপ্যাক্ট প্লেয়ারসহ ১২ জন)
রোহিত শর্মা, কুইন্টন ডি কক/রায়ান রিকেল্টন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, শেরফান রাদারফোর্ড, দীপক চাহার, এএম গজনফর, জাসপ্রিত বুমরাহ, আশওয়ানি কুমার, ট্রেন্ট বোল্ট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে বিদেশি খেলোয়াড়দের নাম প্রত্যাহারের প্রবণতা বেড়েছে। তাতে ক্ষোভ প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। এই ধরনের আচরণের বিরুদ্ধে বর্তমানে দুই বছরের নিষেধাজ্ঞার নিয়ম রয়েছে। কিন্তু সেটি যথেষ্ট নয় বলে মনে করেন ভারতের কিংবদন্তি এ ক্রিকেটার।
আইপিএলের বর্তমান নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কোনো খেলোয়াড় চোট বা জরুরি মেডিকেল কারণ ছাড়া নাম প্রত্যাহার করলে তাকে পরবর্তী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়। তবে হ্যারি ব্রুক ও বেন ডাকেটের মতো খেলোয়াড়দের সাম্প্রতিক সিদ্ধান্তে এই নিয়মের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘দুই বছরের নিষেধাজ্ঞা স্পষ্টতই কাজ করছে না। এমন কিছু করতে হবে যা খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলবে। যতক্ষণ পর্যন্ত তাদের ক্যারিয়ার বা আইপিএলে ফেরার সুযোগে বড় কোনো ধাক্কা না লাগছে, ততক্ষণ এই প্রবণতা থামবে না।’
এবারের মৌসুমে ডাকেটকে ২ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। মৌসুম শুরুর ঠিক আগে ব্যক্তিগত কারণ ও টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা বলে সরে দাঁড়ান। এই ইংলিশ ব্যাটারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে গাভাস্কার বলেন, ‘ডাকেট হয়ত দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ভালো দাম পাওয়ায় আইপিএলে নাম প্রত্যাহার করতে দ্বিধা করেননি। তিনি হয়ত এখন টেস্ট ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার অজুহাত দিচ্ছেন, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর কী হবে?’
এর আগে গত মৌসুমে হ্যারি ব্রুক ৬.২৫ কোটি রুপিতে দল পাওয়ার পর নাম প্রত্যাহার করে বর্তমানে দুই বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন। ডাকেটের ক্ষেত্রেও এই দুই বছরের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।
গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের ১৯ তম সংস্করণের। একের পর এক বিদেশি খেলোয়াড় নাম সরিয়ে নেওয়ায় বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। বর্তমানে ২৪ জনের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে।

দুর্দান্ত ব্যাটিংয়ে আইপিএলের নতুন আসরের প্রথম ম্যাচ রাঙিয়েছেন বিরাট কোহলি। চমৎকার ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এনে দিয়েছেন দারুণ জয়। শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেছেন ৩৮ বলে ৬৯ রানের ইনিংস।
অথচ এই ম্যাচের আগে গত ৯ মাস কোনো টি-টোয়েন্টি খেলেননি কোহলি। গত আইপিএল ফাইনালের পর এবারই প্রথম কোনো ২০ ওভারের ম্যাচ খেললেন তিনি। আর সেখানেই করলেন বাজিমাত। এর রহস্য হিসেবে কোহলি বললেন, মাঠে নামলে ১২০ শতাংশ প্রস্তুত হয়েই মাঠে নামেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধু আইপিএলেই কুড়ি ওভারের ক্রিকেট খেলেন কোহলি। গত বছরের জুনে বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা জয়ের ম্যাচ দিয়েই এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন তিনি।
এরপর মাঝের ৯ মাসে খুব বেশি ক্রিকেট খেলেননি কোহলি। গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আলো ছড়ান তিনি। পরে আবার দুই মাসের বিরতি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এরকম বিরতিগুলো দারুণ কাজে দিচ্ছে মনে করেন তিনি।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২০২ রান তাড়া করে বেঙ্গালুরুকে জেতানোর পর বিরতি ও বিশ্রামের গুরুত্ব তুলে ধরেন কোহলি।
“গত ১৫ বছর যে ধরনের ব্যস্ত সূচি ও যে পরিমাণে ক্রিকেট আমি খেলেছি, বিষয়টা অপ্রস্তুত থাকার চেয়ে ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকিটা বেশি। তাই এসব বিরতি অনেক কাজে দেয়। আমি সতেজ থাকি, (খেলার জন্য) রোমাঞ্চিত থাকি। যখনই মাঠে ফিরি, ১২০ শতাংশ প্রস্তুত থাকি। আর যদি না ফিরি, তাহলে বুঝে নেবেন আমি অপ্রস্তুত।”
“অতিরিক্ত বিশ্রাম আমাকে মানসিকভাবে সতেজ হতে সাহায্য করে। আপনি যখন শারীরিকভাবে ফিট থাকেন ও মানসিকভাবে উদ্দীপ্ত থাকেন, তখন এই দুটি একসঙ্গে খুব সুন্দরভাবে কাজ করে। আপনি দলের জন্য অবদান রাখতে পারেন, যেটা খেলোয়াড় হিসেবে মূল লক্ষ্য। কখনও শুধু দলে জায়গা ধরে রাখতে চাইবেন না। আপনি পারফর্ম করতে চান, দলের জন্য নিয়মিত পরিশ্রম করে যেতে চান।”
দুইশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় রয়েসয়ে শুরুর পর ৩৩ বলে ফিফটি করেন কোহলি। পরে ১৬তম ওভারে টানা চার বলে ৬, ৪, ৪ ও ৪ মেরে ম্যাচ শেষ করে দেন তিনি। সব মিলিয়ে ৫টি করে চার-ছক্কা মেরে ৩৮ বলে ৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি।
৩৭ বছর বয়স পেরিয়েও ম্যাচ জেতানো এই ইনিংসে নিজের সেরা সময়ের মতোই ফ্লিক, কাভার ড্রাইভ বা অন ড্রাইভ খেলেন কোহলি। ম্যাচ শেষে তিনি বলেন, এসব নিয়ে ফাঁকা সময়ে অনেক ঘাম ঝরিয়েছেন তিনি।
“আমি এমন কোনো শট খেলিনি, যেগুলো আমি সাধারণত খেলি না। আমি জানতাম, যতক্ষণ রিদম ঠিক আছে ও ফিটনেসের দিক থেকে আমি পর্দার আড়ালে যথেষ্ট পরিশ্রম করেছি, সবকিছু ঠিকভাবে মিলেই যাবে। আজকের রাতটা ছিল আরেকটা সুযোগ- ভালোভাবে শুরু করার ও এগিয়ে যাওয়ার।”

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) নাম লেখালেন রবিচন্দ্রন অশ্বিন। টুর্নামেন্টের চতুর্থ সংস্করণে ফ্রান্সিসকো ইউনিকর্নসের জার্সিতে দেখা যাবে ভারতীয় অফ-স্পিনারকে। অশ্বিন সেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন পাকিস্তানের পেসার হারিস রউফকে।
২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট এবং ২০২৫ আইপিএল মৌসুম শেষে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। অবসরের পর এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম কোনো বিদেশি টি-টোয়েন্টি লিগ। গত ডিসেম্বরে হাঁটুর চোটের কারণে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলতে পারেননি অশ্বিন।
মেজর লিগ ক্রিকেটের ছয়টি দলের মধ্যে তিন দলের মালিকানায় রয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো— এমআই নিউ ইয়র্ক (মুম্বাই ইন্ডিয়ান্স), টেক্সাস সুপার কিংস (চেন্নাই সুপার কিংস) এবং এলএ নাইট রাইডার্স (কলকাতা নাইট রাইডার্স)।
এমএলসি ২০২৬ মৌসুম শুরু হবে আগামী ১৮ জুন। টেক্সাস, লস অ্যাঞ্জেলেস এবং ওকল্যান্ডে ম্যাচগুলো হবে। ১৮ জুলাই ওকল্যান্ড কলিসিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল।
সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। ২০২৪ সালে রানার্স-আপ হওয়াই ছিল তাদের সেরা সাফল্য।