
চোটে পড়ে লম্বা সময় ধরেই মাঠের বাইরে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। তার জায়গায় সব আলো ছিল ভিনিসিয়ুস জুনিয়রের দিকে। যদিও বরাবরই হলুদ জার্সিতে সমর্থকদের হতাশই করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। চোটে পড়ে এবার ভিনিসিয়ুসও ছিটকে গেছেন, তাতে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও পেরু বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের আক্রমণভাগের মূল ভরসা রদ্রিগো।
অথচ রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের ছায়া হয়েই কাটাতে হয় তাকে। স্বদেশী সতীর্থের জন্য নিজের পছন্দের লেফট উইং পজিশনটাও ছেড়ে দিতে হয়েছে। ব্রাজিলে দলেও সেই একই কাজটাই করতে হয়। তবে পজিশন বদলালেও ব্রাজিল দলে রদ্রিগো ঠিকই সফল। অন্তত পরিসংখ্যান তাই বলে। কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৬ গোল এসেছে রদ্রিগোর কাছ থেকেই।
এই সময়ে ব্রাজিলে বারবার কোচ বদল হলেও সব কোচের কাছেই সমান গুরুত্ব পেয়েছেন রদ্রিগো। যার পেছনের কারণ যে কোনো পজিশন আর পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা। কখনো ফলস নাইনে খেলেছেন, আবার কখনো প্লেমেকারের ভূমিকায়। প্রয়োজনে রাইট উইংয়ের জায়গাটাও সামলিয়েছেন। তাতে কাতার বিশ্বকাপের পর থেকে সবচেয়ে বেশিক্ষণ ব্রাজিলের জার্সিতে খেলার সুযোগটাও মিলেছে তার। সব মিলিয়ে ১৭ ম্যাচে ১৩৯৮ মিনিট মাঠে ছিলেন রদ্রিগো।
তাই বলা চলে চিলি ও পেরু ম্যাচ রদ্রিগোর জন্য বড় সুযোগই। নেই ভিনিসিয়ুস, তাতে ফিরে পাবেন লেফট উইং পজিশনটাও। যা এরই মধ্যে দরিভাল জুনিয়র নিশ্চিত করেছেন। ব্রাজিলের এই বেহাল দশায় রদ্রিগোর সামনে সুযোগ নায়ক হওয়ার। নেইমার-ভিনিসিয়ুসদের ভিড়ে খুঁজে না পাওয়া সেই লাইমলাইটটা নিজের দিকে নিয়ে আসার।
শুক্রবার ভোরে রদ্রিগোর সেই পরীক্ষার ম্যাচ, প্রতিপক্ষ চিলি।
No posts available.
১৪ মার্চ ২০২৬, ১:৪৯ পিএম
এএফসি উইমেন’স এশিয়ান কাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। গতকাল তারা হারায় উত্তর কোরিয়াকে। আজ শেষ আটের আরেক ম্যাচে চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারিয়েছে চীন। শেষ চারে উঠে চীন পেয়েছে অস্ট্রেলিয়াকে।
পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে আজ চীনকে মোকাবিলা করে চাইনিজ তাইপে। ফিফা র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে থাকা চীনের বিপক্ষে শুরু থেকেই ভালোই জবাব দেয় চাইনিজ তাইপের মেয়েরা। নির্ধারিত সময় পর্যন্ত আটকে রাখে তাদের।
নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে শাও জিকিনের গোলে এগিয়ে যায় চীন। বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি চাইনিজ তাইপে। উল্টো ১১৮ মিনিটের মাথায় চেন ইংহুইয়ের আত্মঘাতী গোলে ম্যাচে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে যায় চাইনিজ তাইপে।
প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানকে হারিয়ে শেষ আটে নাম লেখায় চীন। আর ‘সি’ গ্রুপ থেকে জাপানের কাছে হারলেও ভারত ও ভিয়েতনামকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে চাইনিজ তাইপে। যদিও আজ চীনের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো তাদের।
সাফল্যমন্ডিত ক্যারিয়ারে আরেকটি বড় অর্জনের হাতছানি লিওনেল মেসির সামনে। পেশাদার ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার খুব কাছে আর্জেন্টাইন মহাতারকা। আর মাত্র একটি গোল করতে পারলেই স্পর্শ করবেন দারুণ এই কীর্তি।
সেই সুযোগটা রোববার ভোরেই পেয়ে যাচ্ছেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শার্লটের মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচে এক গোল করতে পারলেই ৯০০ গোল পূর্ণ হবে মেসির।
এখন পর্যন্ত ক্লাব-আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ১ হাজার ১৪১ ম্যাচ খেলে ৮৯৯টি গোল করেছেন মেসি। এর মধ্যে জাতীয় দলের হয়ে তার গোল ১৯৬ ম্যাচে ১১৫টি। আর প্রায় ২০ বছরের ক্যারিয়ারে তিন ক্লাবের হয়ে ৯৪৫ ম্যাচে করেছেন ৭৮৪ গোল।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে কেটেছে মেসির ক্যারিয়ারের সিংহভাগ সময়। কাতালান ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ ম্যাচ। এছাড়া পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ ও ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৯২ ম্যাচে তার গোল ৮০টি।
এই ৮৯৯ গোল করার পথে ৬০টি হ্যাটট্রিক করেছেন মেসি। ফ্রি কিক থেকে করেছেন ৭০ গোল। আর পেনাল্টি থেকে পেয়েছেন ১১২টি গোল। ডান পায়ে তার ১১০টি, বাম পায়ে করেছেন ৭৫৫ গোল, হেড থেকে ৩০টি আর শরীরের অন্যান্য অংশ দিয়ে করেছেন ৪টি গোল।
দীর্ঘ এই যাত্রায় নতুন পাতা যুক্ত হবে শার্লটের বিপক্ষে একটি গোল করতে পারলেই। আর তা হলে বিশ্ব ফুটবলে ৯০০ গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার হয়ে যাবেন মেসি। এখন পর্যন্ত ৯৬৫ গোল করে সবার ওপরে ক্রিস্তিয়ানো রোনালদো।

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) এখন পর্যন্ত শীর্ষস্থানে যৌথভাবে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। প্রথম পর্ব শেষেও ছিল একই চিত্র। দ্বিতীয় পর্বে এসে নিজেদের প্রথম খেলায় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়েছে দুই দল। ১০ খেলায় সমান জয়, পরাজয় এবং ড্র নিয়ে ২১ পয়েন্ট শিরোপা রেসে থাকা দুই দলের। আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ একে অপরের। ১১তম রাউন্ডে বেলা পৌনে ৩ টায় লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে ফর্টিস। ম্যাচটি গড়াবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
চলতি মৌসুমের লিগের প্রথম দেখায় ফর্টিসকে ২-১ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। তবে ফেডারেশন কাপের খেলায় গত সেপ্টেম্বরে ১-১ ব্যবধানে ড্র করেছে দুই দল। কিংসের সঙ্গে পাওয়া এক পয়েন্টের সুবাদে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপ থেকে ভালো অবস্থানে ফর্টিস। আছে তালিকার শীর্ষে। ফেডারেশন কাপের দুইবারের চ্যাম্পিয়ন বুসন্ধরা কিংস টেবিলের চারে।
ফুটবল লিগ কয়েক বছর ধরে আধিপত্য বসুন্ধরা কিংসের। গত মৌসুমে কেবল মোহামেডান স্পোর্টিং ক্লাব শিরোপা জিতেছে। আগের পাঁচবারই টানা এই ট্রফি নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস। এবার ট্রফি পুনরুদ্ধারে তাদের সামনে বাধা ফর্টিস। ঘরের মাঠে সেই বাধা টপকে কিংস এগিয়ে যাবে কি না সেটি দেখার অপেক্ষায় সমর্থকেরা।
এদিকে বাংলাদেশের ফুটবলে যাত্রা শুরুর পর এত ভালো অবস্থানে আগে কখনও ছিল না ফর্টিস। প্রথমবারের মতো তারা শিরোপা জেতার স্বপ্ন দেখছে। সেজন্য বেশ উঠেপড়ে লেগেছে দলটি। মধ্যবর্তী দলবদলে তারা এনেছে বিদেশি খেলোয়াড়। শেষ পর্যন্ত সাবেক চ্যাম্পিয়নদের টপকে ফর্টিস এগিয়ে যেতে পারবে কি না সেটি সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক বিরতির আগে বাংলাদেশ ফুটবল লিগে আজ আছে আরও দুটি ম্যাচ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে মোকাবিলা করবে ঢাকা আবাহনী লিমিটেড। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আরামবাগ ক্রীড়া সংঘ। সবগুলো ম্যাচ দেখা যাবে বাফুফের ইউটিউব লাইভে।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না পেদ্রো নেতোর। বল বয়কে ধাক্কা দেওয়ার ঘটনায় ইউয়েফার তদন্তের মুখে থাকা এই তারকা এবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শাস্তি পেলেন।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে তাকে এক ম্যাচ বাড়তি নিষেধাজ্ঞা ও ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৩ লাখ টাকার বেশি) জরিমানা করা হয়েছে।
নতুন শাস্তির ফলে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেতোকে ছাড়াই মাঠে নামতে হবে ব্লুজদের।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে ৭০ মিনিটে মাঠ ছাড়ার সময় নেতো দ্রুত মাঠ ত্যাগ করতে ব্যর্থ হন ও ম্যাচ অফিশিয়ালদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এই ঘটনার জেরে একটি স্বতন্ত্র কমিশন শুনানির মাধ্যমে নেতোর অতিরিক্ত ১ ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ৪ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে লাল কার্ডের নিয়মিত এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন নেতো। নিষেধাজ্ঞা কাটিয়ে এফএ কাপে রেক্সহ্যাম এবং চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন।
পিএসজির বিপক্ষে এনজো ফার্নান্দেসের সমতাসূচক গোলে দারুণ এক অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছিলেন নেতো। তবে সেই ম্যাচেই এক বল বয়কে ধাক্কা দিয়ে নতুন বিতর্কের জন্ম দেন ২৬ বছর বয়সী এই তারকা।
যদিও ম্যাচ শেষে নেতো সেই বল বয়ের কাছে ক্ষমা চেয়েছেন এবং নিজের জার্সি উপহার দিয়ে বিষয়টি মীমাংসা করেছেন, তবুও ইউয়েফা এই ঘটনাটি গুরুত্বের সাথে নিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এখন তার বিরুদ্ধে আলাদাভাবে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে।
নিউক্যাসলের বিপক্ষে শনিবারের ম্যাচটি চেলসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগে সবশেষ ম্যাচে ৫-২ গোলে হারের পর মানসিকভাবে বিপর্যস্ত দলের জন্য নেতোর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে হারানো বড় এক ধাক্কা। কোচ লিয়াম রোসেনিয়রকে এখন আক্রমণভাগে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
বাড়তি নিষেধাজ্ঞা যোগ হওয়ায় নেতোকে এখন কেবল গ্যালারিতে বসেই দলের খেলা দেখতে হবে। এখন দেখার বিষয়, ইউয়েফার তদন্ত শেষে পর্তুগিজ এই তারকার জন্য আরও বড় কোনো শাস্তি অপেক্ষা করছে কি না।

ভারতের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দেশটির তরুণ ডিফেন্ডার রাভিন্দর সিং।
ভারতের ক্লাব নামধারি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার চলতি সপ্তাহে পাঞ্জাবে একটি স্থানীয় লিগ ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পাঞ্জাবের লুধিয়ানা জেলার মাজরি গ্রামের বাসিন্দা রভিন্দর ম্যাচ চলাকালীন বুকব্যথা নিয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে বুধবার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, নিজ গ্রামেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য, বন্ধু এবং সতীর্থ খেলোয়াড়রা শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
রভিন্দরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নামধারি এফসি এবং ইন্ডিয়ান ফুটবল লিগ। সামাজিক মাধ্যমে নামধারি এফসি লিখেছে,
‘আমাদের এক ফুটবলার রাভিন্দর সিংয়ের অকাল মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। এত অল্প বয়সে তার চলে যাওয়া ফুটবল পরিবারের জন্য বড় ক্ষতি। ঈশ্বর যেন তার আত্মাকে চিরশান্তি দেন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের শক্তি ও সাহস জোগান।’
অন্যদিকে ইন্ডিয়ান ফুটবল লিগও শোকবার্তায় জানিয়েছে,
‘নামধারি এফসির রভিন্দর সিংয়ের মৃত্যুর খবর শুনে আইএফএল পরিবার গভীরভাবে শোকাহত। তার আত্মা শান্তিতে থাকুক। তার স্মরণে এবং তার পরিবার, বন্ধু ও ক্লাবের প্রতি সংহতি জানিয়ে ম্যাচউইক–৩–এর প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।’