
পিএসজিতে থাকা অবস্থায় চোট ছিল নিয়মিত ঘটনা। সেখান থেকে আল হিলালে যোগ দেওয়ার পরই নেইমারের চিত্রটা একই। এক বছর মাঠের বাইরে থাকার পর ফিরেই পড়েছেন আরেক চোটে। সময়ের অন্যতম সেরা খেলোয়াড়দের একজনকে ঘিরে তাই বাতাসে ভাসছে ঠিকানা বদলের গুঞ্জন। তবে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তাদের সভাপতির সাফ কথা, চোটপ্রবণ নেইমারকে সুযোগ পেলেও দলে নেবেন না তারা!
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন, তার চেয়ে বেশি ম্যাচ করেন মিস। আল হিলালে নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান এক বছরের জন্য। সম্প্রতি ফিরে দুই ম্যাচ খেলেই আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার।
আরও পড়ুন
| নেইমারের চুক্তি বাতিলের ‘চিন্তা করছে’ আল হিলাল! |
|
ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কিনা, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা করেননি কোনো রাখঢাক। “নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।”
নেইমার এই দফায় চোট পাওয়ার পর ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে নাকি চিন্তিত আল হিলাল। মেডিকেল টিমের ধারণা, টানা ম্যাচ খেলার মত জায়গায় যেতে আরও সময় লাগবে ব্রাজিল তারকার। সাথে রয়েছে চোটের সম্ভাবনাও। আর এই কারণেই তারা আগামী জানুয়ারিতে তার চুক্তি বাতিলের চিন্তাও করছে।
নেইমারের শৈশবের ক্লাব সান্তোস তাকে বরণ করে নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রকাশ্যেই। তবে পালমেইরাস সভাপতি যেন সান্তোসকেও কটাক্ষ করলেন। “আমি আমাদের এমন একজন খেলোয়াড়কে দলে টানব না, যে কিনা খেলারই যোগ্য নয়।”
আরও পড়ুন
| ১ বছর পর ফিরে আবারও চোটের শিকার, যা বললেন নেইমার |
|
এই মুহুর্তে নেইমার তার পেশির আঘাতের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ডিসেম্বরের শেষের দিকে তিনি ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
No posts available.
১৩ ডিসেম্বর ২০২৫, ৪:১২ পিএম
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম