
২০১৭ সালের কথা। রোমার জার্সিতে বিশ্ব ফুটবলের নজর কাড়া শুরু মোহাম্মেদ সালাহর। আফ্রিকান ফুটবলার, শারীরিক গঠনেও তেমন চোখে লাগার মতো না, উচ্চতা নিয়েও জেগেছিল প্রশ্ন। প্রিমিয়ার লিগের হাই প্রেস আর দ্রুত গতির ফুটবলের সাথে মানিয়ে নিতে পারবেন কিনা, তা নিয়েও ছিল সন্দেহ। তবে এসব ছাপিয়ে সালাহতে বাজি ধরেন একজন, তিনি ইয়ুর্গেন ক্লপ। রোমা থেকে প্রায় ৩৭ মিলিয়ন পাউন্ডে উড়িয়ে আনেন মিশরীয় তারকাকে। পরের গল্প তো সবারই জানা। নিজেকে নিয়ে গেছেন লিভারপুলের সেরাদের কাতারে।
সময়ের সাথে হয়েছেন বিশ্ব ফুটবলের পরিচিত মুখ। সাত বছর এক সাথে কাজ করেছেন লিভারপুলে। পার করেছেন অসংখ্য চড়াই-উতরাই। শেষ দিকে এসে অবশ্য সম্পর্কে ধরেছে কিছুটা ফাটল। তবে সব ভুলে ক্লপের শেষ ম্যাচের আগে গুরুকে বিদায় বার্তায় পুরনো স্মৃতি তাজা করেছেন সালাহ।
আরও পড়ুন: ৯৬ বছরের রেকর্ড স্পর্শ করে লিভারপুল অধ্যায়ের ইতি টানলেন ক্লপ
স্কাই স্পোর্টসের সাথে সালাহর দেওয়া সাক্ষাৎকারটাই তুলে ধরা হলো নিচে-
“দুজনের প্রথম আলোচনাটা এখনও আমার মাথায় আটকে আছে। সে (ক্লপ) আমাকে কল করেছিল এটা বোঝাতে যে লিভারপুলে আমাকে তার দরকার। সে মূলত আমাকে তার পরিকল্পনা বোঝাচ্ছিল। নতুন একটা দল গঠনের চেষ্টা করছিল, যেখানে সাদিও মানে, ফিরমিনহো ছিল সাথে আমাকে যুক্ত করতে চাচ্ছিল ক্লপ।”
“সে আমাকে বললো যে আমি তোমাকে আরও পরিপক্ক ফুটবলার হয়ে উঠতে সাহায্য করবো। এখানে খেলার জন্য পুরো স্বাধীনতা পাবে তুমি। তখন আমি বললাম ঠিক আছে; তাহলে আমি আসবো। আমি আসলাম, এরপরের গল্প তো সবারই জানা।”
“প্রিমিয়ার লিগে আমরা একসাথে সাত ৮টি মৌসুম কাটিয়েছি, অনেক ভালো মূহর্ত তৈরি হয়েছে আমাদের। কিন্তু সেরা মূহর্ত বেছে নিতে হলে লিগ জেতা আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার মূহর্তটাই আমি বেছে নিবো। কারণ এই মূহর্তগুলোতে অনেক বেশি আবেগ জড়িয়ে ছিল।”

“তিনি আমাকে ভালো ফুটবলার হয়ে উঠতে অনেক সাহায্য করেছেন, আমিও তাকে নানা ভাবে সাহয্য করেছি। আমরা দুজনই দুজনকে সাহায্য করেছি। সেই সাথে শিরোপা জিততে আমরা সবসময় চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিতে। আমার মনে এটা বাইরে থেকেও মানুষ বুঝতে পারে।”
“যখনই কোনো কিছু নিয়ে বিপদে পড়েছি, তার সাথে ব্যাপারটা শেয়ার করতে পেরেছি। দুজনের এই যোগাযোগ সারা জীবনের জন্যই চলবে বলে আমার বিশ্বাস। কারণ আমাদের সম্পর্ক শুধুই ফুটবলের মধ্যে আটকে ছিল না, এর বাইরেও নিয়ে গেছি আমরা। তাই সম্পর্কটা সারাজীবনের জন্যই।”
আজ রাত (রবিবার) উলভসের সাথে ম্যাচ দিয়ে মাঠে লিভারপুলের সাথে প্রায় ৯ বছরের সম্পর্কের ইতি টানবেন ক্লপ। এই সময়ে ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এই জার্মান কোচ। তার বিদায়ী মঞ্চে অ্যান্ডফিল্ড সাক্ষী হতে যাচ্ছে ভিন্ন রকম এক সন্ধ্যার।
No posts available.

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সবার জন্য শান্তি ও আনন্দ কামনা করেন।
রোনালাদো লিখেছেন,
'সবাইকে ঈদ মোবারক। আশা করি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দারুণ একটি দিন কাটাবেন। সবার জন্য শান্তি ও সুখ কামনা করছি।'
রোনালদোর এই শুভেচ্ছা বার্তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এর আগে সম্প্রতি বাবা দিবসেও প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছিলেন রোনালদো। তাঁর বাবা হোসে দিনিস আভেইরো ২০০৫ সালে লিভারের জটিলতায় মারা যান, তখন ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন রোনালদো। সেই সময় তাঁর পাশে ছিলেন তৎকালীন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে উরুগুয়ে ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ৩৫ সদস্যের বিশাল দলে বেশ কিছু চমক রেখেছেন ইংলিশ কোচ টমাস টুখেল।
২০২৫ সালের ১ জানুয়ারি টুখেল দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন হ্যারি ম্যাগুইয়ার। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
ম্যাগুইয়ারের সঙ্গে জাতীয় দলে ফিরছেন তার ক্লাব সতীর্থ কোবি মাইনোও। দুজনেই ২০২৪ সালের পর আর ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াননি।
দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী এভারটনের মিডফিল্ডার জেমস গার্নার। এছাড়া দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলে ফিরেছেন লিডস ইউনাইটেড স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লেউইন।
হ্যারি কেনের নেতৃত্বে আক্রমণভাগে আছেন ফিল ফোডেন, বুকায়ো সাকা, কোল পালমার এবং মার্কাস রাশফোর্ডের মতো তারকারা। রিয়াল মাদ্রিদ তারকা জ্যুড বেলিংহাম যথারীতি মাঝমাঠের দখল সামলাবেন।
২৭ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। এর চার দিন পর ৩১ মার্চ একই ভেন্যুতে জাপানের বিপক্ষে লড়বে টুখেলের শিষ্যরা।
জুনের শুরুতে নিউ জিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বমঞ্চের লড়াই। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বাকি দুই প্রতিপক্ষ ঘানা (২৩ জুন) ও পানামা (২৭ জুন)।
ইংল্যান্ড দল:
গোলকিপার: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, অ্যারন র্যামসডেল, জেমস ট্র্যাফোর্ড, জেসন স্টিল।
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুইয়ার, জন স্টোন্স, মার্ক গুয়েহি, এজরি কনসা, লুইস হল, ড্যান বার্ন, টিনো লিভরামেন্টো, ফিকায়ো তোমোরি, জ্যারেল কুয়ানসাহ, নিকো ও'রিলি, জেদ স্পেন্স।
মিডফিল্ডার: জ্যুড বেলিংহাম, ডিক্লান রাইস, কোবি মাইনো, জেমস গার্নার, অ্যাডাম ওয়ারটন, মর্গান রজার্স, এলিয়ট অ্যান্ডারসন, জর্ডান হেন্ডারসন।
ফরোয়ার্ড: হ্যারি কেন, ফিল ফোডেন, বুকায়ো সাকা, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন, জ্যারড বোয়েন, এবেরেচি এজে, ননি মাদুয়েকে, ডমিনিক সোলাঙ্কি, ডমিনিক কালভার্ট-লেউইন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে এসব সিদ্ধান্তে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান—তিন পক্ষই সরাসরি প্রভাবিত হয়েছে।
ফিফা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে। একই সঙ্গে ফিলিস্তিন ফুটবল সংস্থার একটি গুরুত্বপূর্ণ দাবি নাকচ করে দিয়েছে সংস্থাটি। ইরানের ম্যাচসূচি পরিবর্তনের অনুরোধও প্রত্যাখ্যান করে বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ফিফা।
ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি
ফিফার তদন্তে ইসরায়েল ফুটবলের বিরুদ্ধে বৈষম্য ও বর্ণবাদী আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ‘বৈষম্য, বর্ণবাদী আচরণ, আপত্তিকর ব্যবহার এবং ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের' দায়ে এই জরিমানা করা হয়েছে।
বিশেষ করে ইসরায়েলের ক্লাব বেইতার জেরুজালেমের সমর্থকদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফিফা। অভিযোগে বলা হয়েছে, এই ক্লাবের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বর্ণবাদী আচরণের প্রবণতা রয়েছে এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ফুটবল কর্তৃপক্ষ।
পশ্চিম তীরের বসতি এলাকায় ফুটবল অবকাঠামো থেকে ফিলিস্তিনিদের পদ্ধতিগতভাবে বাদ দেওয়া সম্পর্কেও সমালোচনা করা হয়েছে। জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ বৈষম্য প্রতিরোধে সংস্কার, নজরদারি ও শিক্ষামূলক কার্যক্রমে ব্যয় করতে নির্দেশ দিয়েছে ফিফা।
ফিলিস্তিনের দাবি খারিজ
দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ফুটবল সংস্থা অভিযোগ করে আসছে, পশ্চিম তীরের বসতিতে থাকা ক্লাবগুলোকে ইসরায়েলি লিগে খেলতে দিয়ে ফিফার নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে। এ প্রেক্ষিতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল।
তবে ফিফা জানিয়েছে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে পশ্চিম তীরের চূড়ান্ত অবস্থান এখনো ‘জটিল ও অমীমাংসিত’ বিষয়। তাই এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।
ইরানের অনুরোধে ‘না’
মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার কারণে ইরান তাদের বিশ্বকাপের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে সেই অনুরোধও নাকচ করেছে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, 'আমাদের একটি নির্ধারিত সূচি রয়েছে এবং আমরা চাই বিশ্বকাপ সেই সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হোক।'
সূচি অনুযায়ী ইরানের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা—এর মধ্যে দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে।
ইরান সরকার ও ফুটবল কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্বকাপ বয়কট করতে চান না, তবে চলমান সামরিক হামলার কারণে দলকে যুক্তরাষ্ট্রে পাঠানো কঠিন হয়ে পড়ছে।
রাজনৈতিক বাস্তবতায় ফিফার অবস্থান
ফিফা স্বীকার করেছে, বৈশ্বিক রাজনৈতিক সংকট সমাধান করা তাদের পক্ষে সম্ভব নয়। তবে ফুটবলের মাধ্যমে শান্তি ও সংযোগ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাবে সংস্থাটি।
ইনফান্তিনো বলেছেন, :ফিফা ভূরাজনৈতিক সংকট সমাধান করতে পারে না। তবে ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে আমরা সেতুবন্ধন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।'
বিশ্বকাপের মতো বড় আসরকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ফুটবলকেও প্রভাবিত করছে। তবু সবকিছু স্বাভাবিক রেখে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের দিকেই জোর দিচ্ছে ফিফা।

আজ রাতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৬ মার্চ ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে ঢাকায় ক্যাম্প শুরু করেন কোচ হাভিয়ের কাবরেরা। ভিয়েতনাম যাওয়ার আগে ২২ সদস্যের দল নির্বাচন করেছেন তিনি। বাদ পড়েছেন ৬জন।
ইশাক আকন্দ প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ঢুকেছিলেন। কিন্তু বাদ পড়েছেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার। নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক। তিনি কোচের ম্যাচ পরিকল্পনায় ছিলেন। গতকাল অনুশীলনে ব্যথা পাওয়ায় বসুন্ধরা কিংসের মিডফিল্ডার দলের সঙ্গে যেতে পারছেন না।
জাতীয় দলে অনেকদিন পর ফিরেছিলেন মিডফিল্ডার মানিক। কিন্তু তার এই ফেরা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চারদিন পরই আবার বাসায় ফিরতে হচ্ছে। কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে চূড়ান্ত দলে ঠাঁই দেননি।
এক সময় কাবরেরার অন্যতম ভরসার জায়গায় ছিলেন ডিফেন্ডার ইসা ফয়সাল। সাম্প্রতিক সময়ে তিনি দলে ডাক পান না। আবার ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন না ইসা। এবার ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের দলেও জায়গা চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছেন। ইসার পাশাপাশি শাকিল হোসেন ও রফিকও বাদ পড়েছেন স্কোয়াড থেকে।
ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। বিগত অনেক সময় কাবরেরা ২৩ জনের বেশি ফুটবলার নিয়ে বিদেশ সফর করেছেন। এবার তিনি ঢাকা থেকে ২২ জন নিয়ে যাচ্ছেন। হামজা চৌধুরী আগামী রোববার ভিয়েতনামে যোগ দেবেন।

বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ দল ঘোষণা করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের এই দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই তারকা খেলার জন্য শতভাগ ফিট নন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
দল থেকে বাদ পড়া নিয়ে তখন আক্ষেপ করেছিলেন নেইমার। বিশ্বকাপ খেলতে দীর্ঘদিন ধরেই পরিশ্রম করে যাচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ফর্মটাও পক্ষে কথা বলবে তাঁর। তবুও জায়গা হয়নি স্কোয়াডে। কিন্তু নেইমার মনে করেন তিনি বিশ্বকাপে থাকলে সেটি দলের জন্য ভালো হতো। তিনি দলকে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। বলেন,
‘আমি বিশ্বকাপে যেতে চাই। এটা আমাকে উজ্জীবিত করে। আমার মনে হয় আমি ব্রাজিল জাতীয় দলকে সাহায্য করতে পারি। আমি যে কোনোভাবে সাহায্য করতে পারি। আমি আমার কোয়ালিটি জানি এবং জানি যে মাঠে আমার কতটুকু দেওয়ার আছে।’
দলে রাখা না হলেও ৩৪ বছর বয়সী নেইমারের বিশ্বকাপ দলে ফেরার দরজা এখনো বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ,
‘নেইমার পুরোপুরি ফিট নয় বলেই তাঁকে ডাকা হয়নি। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের গল্পটা অন্যরকম হতে পারে।’
২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নেইমারের হাতে সময় আছে দুই মাস। ১৯ মে বিশ্বকাপের দল ঘোষণা করবেন আনচেলত্তি। এই সময়ে সান্তোসের হয়ে অন্তত ১৫-১৬টি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাবেক পিএসজি তারকা। তাঁর জন্য প্রতিটি ম্যাচই হবে জাতীয় দলে ফেরার একেকটি ‘অডিশন’।